রাজনীতি, শিলিগুড়ি

‌তৃণমূলে যোগ দিলে কী দায়িত্ব পেতে পারেন শঙ্কর মালাকার ?‌

জুন 3, 2025

দুরন্ত প্রতিবেদন :‌ ২০২১ সালের পর ফের একই জল্পনা শুরু হয়েছে শিলিগুড়ির রাজনীতিতে। কংগ্রেসের দাপুটে নেতা শঙ্কর মালকার নাকি যোগ দিতে চলেছেন তৃণমূলে। তবে এই জল্পনা স্রেফ জনমহলে নয়। সোমবার দার্জিলিং জেলা তৃণমূলের (‌সমতল)‌ দলীয় কার্যালয়েও দিনভর এই বিষয়েই চর্চা চলেছে। ২০২১ সালেও রব উঠেছিল শঙ্কর মালাকার তৃণমূলে আসছেন এবং তাঁর জন্য এসজেডিএ চেয়ারম্যান ও দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতির পদ বরাদ্দ রাখা হচ্ছে। ঘটনাক্রমে এবার যখন জল্পনা শুরু হয়েছে, তখন সমতলের সভাপতির পদ যথারীতি ফাঁকা। এসজেডিএ’‌র চেয়ারেও কেউ নেই। এমনকি যে মাটিগাড়া-‌নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে শঙ্কর মালাকার দুইবার বিজয়ী হয়েছিলেন, সেই আসনের জন্য তৃণমূল এখনও প্রার্থী

চূড়ান্ত করেনি। ফলে যেটা চর্চা চলছে তাতে, শঙ্কর মালাকার তৃণমূলে এলে জেলা সভাপতি, এসজেডিএ চেয়ারম্যান ও মাটিগাড়া-‌নকশালবাড়ি বিধানসভা আসনের টিকিটের মধ্যে যে কোনও একটি বা একাধিক ভেট পেয়ে যেতে পারেন। শুধু তাই নয়, আরও যে কথাগুলি শিলিগুড়িজুড়ে ছড়িয়ে পড়েছে, তাতে মালাকারের সঙ্গে তাঁর মেয়েও তৃণমূলে যোগ দিতে পারেন। শঙ্কর মালাকারের মেয়ের বিগত শিলিগুড়ি পুরভোটে ২৬ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। ২০২৭ সালে আবারও শিলিগুড়ি পুরনিগমের ভোট। ফলে সেই ভোটে ২৬ নম্বর ওয়ার্ডের জন্য তৃণমূলের টিকিট এখন থেকেই কেটে নিতে পারেন বলেও মনে করা হচ্ছে। এক কথায় শঙ্কর মালাকার তাঁর রাজনৈতিক জীবন নতুন করে গুছিয়ে নেবার পাশাপাশি তাঁর পরবর্তী প্রজন্মকেও রাজনীতির আঙ্গিনায় প্রতিষ্ঠিত করার কৌশল নিচ্ছেন।

শঙ্কর মালাকার তৃণমূলে এলে পেতে পারেন
●‌ দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতির পদ
●‌ এসজেডিএ’‌র চেয়ারম্যানের পদ
●‌ মাটিগাড়া-‌নকশালবাড়ি বিধানসভার টিকিট


দার্জিলিং জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্তকে এই বিষয়েও প্রশ্ন করা হলে তিনি জানান, এসব বিষয়ে আমরা জেলা নেতারা কিছু জানি না। যদি রাজ্য কমিটি দলে আসার ছাড়পত্র দেয় তবে আমরা স্বাগত জানাব। আমাদের আপত্তির কিছু নেই। অন্যদিকে যাকে নিয়ে এই চর্চা, সেই শঙ্কর মালাকার আপাতত কলকাতাতেই রয়েছেন বলে জানা যাচ্ছে। অভিষেক ব্যানার্জি বিদেশ সফর শেষ করে কলকাতায় ফিরলেই যোগদান পর্ব হবার কথা। কিন্তু বিষয়ে মালাকারের কোনওরকম মন্তব্য তো মেলেইনি, এমনকি যোগাযোগ পর্যন্ত করা যাচ্ছে না। উল্লেখ্য,শঙ্কর মালাকারা দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতির পাশাপাশি এআইসিসি সদস্য। রাজ্য কংগ্রেসের সহ সভাপতি।

Leave the first comment