Opens in a new tab

খবরাখবর, রাজনীতি

‌শো-‌কজ প্রাপ্ত মণ্ডল সভাপতিদের রেহাই নেই !‌

নভেম্বর 18, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ শুধু শিলিগুড়ি নয়, গোটা রাজ্যেই এবারে উশৃঙ্খল বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে রাজ্য কমিটি। কিন্তু কাদের প্রাথমিকভাবে পদ থেকে সরানো হবে?‌ কীভাবে ঠিক হবে কারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন?‌ এই বিষয়টির খোঁজখবর করতে গিয়ে মারাত্মক তথ্য মিলেছে বিজেপির অন্দর থেকে। জানা যাচ্ছে, বাংলায় সরকার গঠনের পর রাজ্য জুড়ে যে নতুন কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটির নেতাদের অনেকেই বিগত কয়েক মাসের মধ্যে শো-‌কজ লেটার পেয়েছেন। এই তালিকায় পশ্চিমবঙ্গের কয়েকশ মণ্ডল সভাপতিও আছেন। অর্থ্যাৎ এই কিছুদিনেই তাঁদের কর্মপদ্ধতি নিয়ে ক্ষুদ্ধ দল।


জানা যাচ্ছে, বিভিন্ন কারণে বাংলার যে কোনও প্রান্তের মণ্ডল সভাপতিদের মধ্যে যারা যারা শোকজ চিঠি পেয়েছেন, তাঁদের আর রেহাই করবে না দল। তাঁদের সকলকেই সরিয়ে ওই পদে নতুন মুখ নিয়ে আসা হবে। শৃঙ্খলাভঙ্গকারী নেতাদের কড়া বার্তা দিতে এবং বাংলায় বিজেপি দলকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে এমনই সিদ্ধান্ত কার্যকরী করতে চলেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
অনেকে বলছেন, শোকজ পাওয়া এমন নেতাদের সংখ্যা প্রায় ৫০০ জন। তবে বাস্তবে কতজন সেটা পদচ্যুত করার পরই বোঝা যাবে। যদি এই সিদ্ধান্ত কার্যকর করা হয়, তবে শিলিগুড়ি শহর থেকে গ্রামের অনেক মণ্ডল সভাপতিকে পদ ছাড়তে হবে। এই খবর ছড়াতেই রীতিমত শোরগোল পড়ে গেছে দলের মধ্যে। শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির এক নেতাও এই সিদ্ধান্তের কথা স্বীকার করে নিয়েছেন।

উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দলের নিচুতলার একাংশের বিরুদ্ধে ওঠা তোলাবাজি ও বিশৃঙ্খলার অভিযোগ সামাল দিতে বিগত কয়েক দিনে দলীয় নেতা-কর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পানিহাটিতে তোলাবাজি ও মারধরের প্রতিবাদ করায় এক বিজেপি কর্মীর মৃত্যু হয়, সেই ঘটনায় দলেরই যুব মোর্চার এক নেতার নাম জড়ানোয় অস্বস্তিতে পড়ে দল।
গত ১৫ ও ১৬ নভেম্বর নিউ আলিপুরে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী এবং বাগুইআটিতে মহিলা মোর্চার বিজয়া সম্মিলনী—এই দুই মঞ্চ থেকেই শমীক ভট্টাচার্য স্পষ্ট বার্তা দেন যে, লুটেরাদের বিরুদ্ধে মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন এবং মানুষই শেষ কথা। দলের মধ্যে কোনো বিচ্যুতি বা অরাজকতা বরদাস্ত করা হবে না। পাশাপাশি তিনি কর্মীদের সংযত ও নমনীয় হওয়ার পরামর্শ দেন। তিনি স্পষ্ট জানান, কথায় কথায় থানায় না গিয়ে মানুষের কাছে বেশি করে যান। অন্যদিকে দলের পতাকা ব্যবহার করে যাঁরা অরাজকতা ও তোলাবাজি চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে থানায় সরাসরি এফআইআর করার নির্দেশও দিয়েছেন তিনি।
এমনকি প্রথমবার জিতে আসা বেশ কিছু বিধায়ক ও নেতার বেফাঁস মন্তব্য ও আচরণ নিয়ন্ত্রণে রাখতে মুখ্যমন্ত্রী ও রাজ্য সভাপতির নির্দেশে দলীয় স্তরে কড়া গাইডলাইন তৈরি করা হয়েছে।
পঞ্চায়েত, ব্লক ও জেলা স্তরের প্রশাসনিক বৈঠকে স্থানীয় বিজেপি নেতাদের অযাচিত উপস্থিতি ও দাপাদাপি বন্ধ করতে এবং দল ও সরকারকে আলাদা রাখতে রাজ্য নেতৃত্ব কড়া বার্তা দিয়েছে। দলের মণ্ডল সভাপতি ও নিচুতলার নেতৃত্বের উদ্দেশে শমীকবাবু কড়া বার্তা দিয়ে বলেছেন, কোনও কোনও মণ্ডল সভাপতি ভাবছেন তিনিই যা বলবেন পুলিশ তাই শুনবে এবং তিনিই পুলিশমন্ত্রী বা শুভেন্দু অধিকারী হয়ে গিয়েছেন। আবার কিছু জায়গায় পুলিশও নিজেদের বিজেপির মণ্ডল সভাপতি বলে মনে করছে। এই দুটোর কোনোটিই বিজেপিতে গ্রাহ্য হবে না।

Leave the first comment