দুরন্ত প্রতিবেদন: বিগত ২ নভেম্বর শিলিগুড়ি ভারতনগরে থাকা ‘দেবাশীষ কলোনী’ দত্তক নিয়েছেন বিধায়ক তথা মন্ত্রী শঙ্কর ঘোষ। একজন বিধায়ক নিজের এলাকায় পাড়া দত্তক নিয়ে মানুষের পাশে দাঁড়াবেন, এই প্রচেষ্টা নিঃসন্দেহে তারিফ করার মতো। তা নিয়ে জয় জয়কারও হয়েছে। কিন্তু এখন অনেকে এই দত্তক নেবার পেছনে অনেক রহস্য খুঁজে বের করতে শুরু করেছেন। এটাও বলা হচ্ছে, ওই ওয়ার্ডে নিজের রাশ শক্ত করতেই মন্ত্রী এমন স্ট্র্যাটেজি নিয়েছেন। যদি দলের নির্দেশে আগামী পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, তাহলে শঙ্কর ঘোষ কোন্ ওয়ার্ড বেছে নেবেন? যদিও শঙ্কর ঘোষ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তেমন সম্ভাবনা নেই। তিনি এসব নিয়ে ভাবছেন না। তাঁর ফোকাস পশ্চিমবঙ্গের উন্নয়নে। বাকিটা দল দেখছে।
শঙ্কর ঘোষ যে ‘দেবাশীষ কলোনী’ দত্তক নিয়েছেন, তার পেছনে কি কোনও বিশেষ রহস্য আছে? এটা মন্ত্রীর কোনও রাজনৈতিক স্ট্র্যাটেজি ! যদি দলের নির্দেশে আগামী পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, তাহলে শঙ্কর ঘোষ কোন্ ওয়ার্ড বেছে নেবেন?
কিন্তু নির্দিষ্টভাবে ‘দেবাশীষ কলোনী’ দত্তক নেওয়াতেই অনেক রহস্য বেরিয়ে আসতে শুরু করেছে। ‘দেবাশীষ কলোনী’ এযাবৎকাল শিলিগুড়ি ২৪ নম্বর ওয়ার্ডের মধ্যেই ছিল। এই ওয়ার্ড থেকেই পুরভোটে দুইবার প্রার্থী হয়েছিলেন শঙ্কর ঘোষ। প্রথমবার জিতে পুরনিগমের মেয়র পারিষদ হয়েছিলেন। কিন্তু তার পরের ভোটে হেরে যান। যদিও তখন তৃণমূলের রমরমা বাজার। এবারে শিলিগুড়ি পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাসের সময় একই ক্যাটেগরির অনেক ওয়ার্ড বাদ রেখে যখন ২৪ নম্বর ওয়ার্ড দুই টুকরো করা হয়, তখনই অনেকে বলতে শুরু করেছিলেন, শঙ্কর ঘোষ আবার পুরভোটে দাঁড়াতে পারেন। কারণ এবারে ভোটে জিততে পারলে তিনিই শহরের মেয়র হবেন। যেভাবে অশোক ভট্টাচার্য ও গৌতম দেব মেয়র হয়েছিলেন বিগত সময়ে। কিন্তু এসব জল্পনাকে উড়িয়ে দিয়েছেন শঙ্কর ঘোষ। তিনি সাফ জানিয়েছেন, তিনি কখনই এসব বিষয়ে মাথা ঘামান না। কারণ এই কাজ দলের।

তাহলে ২২ বা ৩৫ নম্বর ওয়ার্ডের মতো এলাকা বাদ দিয়ে ২৪ নম্বর ওয়ার্ড কেন ভাগ করালেন? বিরোধীরা যুক্তি তুলে আপত্তি জানালেও কেন সেসব মানা হল না? এরপরের বিষয়টি আরও রহস্যের। ২৪ নম্বর ওয়ার্ড ভেঙে যে দুটি ওয়ার্ড হচ্ছে, তার একটি ২৪ নম্বর থাকছে, অন্যটি হচ্ছে ৫৩ নম্বর। এই ৫৩ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে ‘দেবাশীষ কলোনী’। কিন্তু শঙ্কর ঘোষের বাড়ি কিন্তু ২৪ নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ছে। এখানেই অনেকে বুঝে উঠতে পারছেন না, শঙ্কর ঘোষ ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভূক্ত কোনও পাড়াকে দত্তক না নিয়ে সদ্য গঠিত ৫৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভূক্ত কলোনীকে দত্তক নিলেন কেন? এর উত্তর মিলছিল না।
যে কারণে টনক নড়ছে—
● ২২ নম্বর, ৩৫ নম্বরের মতো অনেক বড় ওয়ার্ড বাদ দিয়ে ২৪ নম্বর ওয়ার্ডকেই কেন ভাঙতে হল ? শঙ্কর ঘোষের জন্য নিরাপদ আসন তৈরি করে রাখতেই কি এমন সিদ্ধান্ত ?
● ২৪ নম্বর ওয়ার্ড ভেঙে ২৪ ও ৫৩ নম্বর ওয়ার্ড তৈরি হয়েছে। মন্ত্রীর বাড়ি ২৪ নম্বরেই পড়ছে। কিন্তু কলোনী দত্তক নেবার সময় তিনি ৫৩ নম্বরেই কেন চলে গেলেন?
কিন্তু পুরভোটের রোষ্টার নিয়ে নাড়াচাড়া শুরু হতেই চক্ষু ছানাবড়া অনেকের। যদি নতুন কোনও বদল না হয়, তবে এবারে রোষ্টার-৩ অনুসারে পুরনির্বাচন হবে। আর রোষ্টার-৩ অনুসারে ২৪ নম্বর ওয়ার্ড তপশীল জাতি বা মহিলা কিংবা তপশীল মহিলা ওয়ার্ড হবার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এই ওয়ার্ড ভেঙে যে ৫৩ নম্বর ওয়ার্ডটি হয়েছে, সেটি জেনারেল ওয়ার্ড হিসেবেই থাকছে। যদি পুরভোটে লড়াইয়ের ছাড়পত্র মেলে তবে চাইলেও শঙ্কর ঘোষ ২৪ নম্বর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তার জন্যই কি ৫৩ নম্বর ওয়ার্ডে গিয়ে কলোনী দত্তক নিয়েছেন? যদি এটা সত্যি হয়, তাহলে মন্ত্রী নিশ্চিত হিসেব কষে ধরে ফেলেছেন, কোন্ ওয়ার্ড কাদের জন্য সংরক্ষিত হতে পারে।

এই বিষয়টি উঠে আসতেই ব্যাপক চাঞ্চল্য শুরু হয়ে গেছে শিলিগুড়ি বিজেপির অন্দরে।
যদিও এই বিষয়ে জেলার শীর্ষনেতাদের সঙ্গে কথা বলতে গেলে কেউ সরাসরি মুখ খুলতে চাননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়ে একটা কথাই বলেছেন,‘‘গাছে কাঁঠাল গোঁফে তেল’। নির্বাচন কমিশন রোষ্টার প্রকাশই করল না, তার আগে এত ঘাম ঝরানোর প্রয়োজন নেই সাংবাদিকদের।’’
এতে কিন্তু রহস্যের নিরসন হল না, বরং রহস্য বাড়ল। তবে কী পুরভোট নিয়ে ভেতরে ভেতরে বড় খেলা শুরু হয়ে গেছে?












