দুরন্ত প্রতিবেদন : প্রশাসনিক দিক দিয়ে উত্তর দিনাজপুর জেলা হলেও সাংগঠনিকভাবে বিজেপির শিলিগুড়ি জেলার মধ্যে পড়ছে চোপড়া। এই বিধানসভা এলাকায় বিজেপির মোট ৪টি মণ্ডল কমিটি রয়েছে। ১ নম্বর মণ্ডল সভাপতি হলেন সুরেন্দ্র প্রসাদ, ২ নম্বর মণ্ডল সভাপতি হলেন নিত্য পাল, ৩ নম্বর মণ্ডল সভাপতি হলেন প্রদীপ রায় এবং ৪ নম্বর মণ্ডল সভাপতি জীবেশ বাড়ই। দলীয় সূত্রে যা জানা যাচ্ছে, এই ৪ জন সভাপতিকেই সরিয়ে নতুন মুখ নিয়ে আসা হবে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়ে গেছে। তবে চূড়ান্ত পর্যায়ের আলোচনার পর নতুন তালিকা প্রকাশ করা হবে বলেই জানা গেছে। বিষয়টি নিয়ে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অরুণ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করলে তিনি কলকাতা আছেন বলে জানান। পাশাপাশি সাংগঠনিক বিষয় নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না বলেও জানিয়ে দেন।


তবে এটা ঠিক যে শিলিগুড়ির বিজেপি নেতৃত্ব আর এই মণ্ডল সভাপতিদের ওপর আস্থা রাখতে পারছেন না। এদের কেউই প্রায় সবস্তরের কর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠন পরিচালনা করতে ব্যর্থ হচ্ছেন। প্রায় সকলেই সংগঠনে নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। মণ্ডল সভাপতিদের নির্দেশের বিরুদ্ধে গিয়ে যা খুশি তাই করছেন অনেকে। যার প্রভাব পড়ছে সংগঠনে। চোপড়ার ৩ নম্বর মণ্ডল সভাপতি প্রদীপ রায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপির সংগঠন দাঁড় করানোয় বিশেষ গুরুত্ব পেয়েছেন। কিন্তু তাঁর কর্মপদ্ধতি নিয়ে অজস্র অভিযোগ দলের মধ্যেই। জেলাকেও জানানো হয়েছে। তুলনামূলক গুডবুকে রয়েছেন ১ নম্বর মণ্ডল সভাপতি সুরেন্দ্র প্রসাদ। কিন্তু এই মণ্ডলে একটি গোষ্ঠী পুরোপুরি বিরোধিতা করছেন। নিদেজের মতো চলছেন। সুরেন্দ্র প্রসাদ তাঁদের নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। এটাকে দল ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছে না। ফলে দল চাইছে একজন যোগ্য ব্যক্তিকে।

তবে এটাও ঠিক, এক শ্রেণির সমাজবিরোধী নানাভাবে বিজেপি কিংবা দলের শাখা সংগঠনগুলিতে ঢুকে গিয়ে পুরো সিস্টেমকে নষ্ট করার চেষ্টা করছে। এই শক্তির সঙ্গে পেরে উঠছেন না মণ্ডল সভাপতিরা। ফলে তাঁর প্রভাবও পড়ছে। একইভাবে মণ্ডল কমিটিগুলিকে পরিচালনার ক্ষেত্রে অদক্ষতার জন্য পদ যেতে পারে ব্লক স্তরের নেতাদেরও। গোটা বিধানসভা এলাকা দেখার কাজে ভবেশ কর, শঙ্কর অধিকারীরা মতো নেতৃত্বরা রয়েছেন। শঙ্কর অধিকারী চোপড়া বিধানসভার প্রার্থীও ছিলেন।
উল্লেখ্য, গোটা রাজ্যেই বিজেপি সংগঠন নতুন ভাবে সাজাতে চাইছে। এই মুহূর্তে যারা মণ্ডল সভাপতি বা জেলা সভাপতি পদে রয়েছেন, তাঁদের অনেকের বিরুদ্ধেই অদক্ষতার প্রমাণ মিলেছে। সামনে পুরভোট, এরপরেই পঞ্চায়েত ভোটের দামামা শুরু হয়ে যাবে। তার আগে যদি সংগঠন মজবুত না হয়, তবে বিজেপির সমূহ বিপদ। এই জায়গা থেকেই দলকে সুন্দরভাবে গুছিয়ে দিতেই এই পরিকল্পনা বলে জানা গেছে।












