Opens in a new tab

রাজনীতি, শিলিগুড়ি

এক কাজলেই কাঁপন বিজেপিতে !‌

নভেম্বর 1, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ বুঝুন কাণ্ড !‌ এক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেওয়ার খবরেই পিলে চমকে যাচ্ছেন শিলিগুড়ির বিজেপি নেতারা। তাও কার্যত ব্লকের দুটি অঞ্চলেই প্রভাব সেই তৃণমূল নেতার। তাতেই বিজেপি নেতারা বুঝি আশঙ্কা করছেন, দলটা হাতের বাইরে চলে গেল। তাই কোনওমতে যেন ওই নেতা বিজেপিতে ঢুকতে না পারেন, তার জন্য বিধাননগরে বিশাল মিছিল থেকে কুশপুতুল দাহ, কী হল না শনিবার !‌ প্রভাবশালী বিজেপি নেতামন্ত্রীরা পর্যন্ত ঢোক গিললেন। বলতেই পারলেন না, ‘‌এমনটা কখনও হবে না।’ আর ওই ঢোক গেলার মধ্যেই বিজেপি নেতাদের দম আঁচ করা গেল।‌


কে সেই তৃণমূল নেতা ?‌ তিনি কাজল ঘোষ। খাতায় কলমে দার্জিলিং জেলা তৃণমূল সমতলের কোর কমিটির সদস্য। ২০১৫ সালে শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা ছিলেন। সেখান থেকেই উত্থান। পরে এসজেডিএ’‌র বোর্ড সদস্য মনোনীত হন। ২০২২ সালের মহকুমা পরিষদ নির্বাচনে তিনিই ছিলেন সভাধিপতির মুখ। কিন্তু ওই নির্বাচনে শোচনীয় পরাজয়ে কাজল ঘোষ আবারও কার্যত বিধাননগরে বন্দি হয়ে পড়েন। জেলায় তেমন গুরুত্বই ছিল না। বিগত ৫ বছর চেষ্টা করেও শিলিগুড়ি মহকুমা পরিষদের মেন্টর পদে বসতে পারেননি। বরং তাঁকে ছাপিয়ে বিপুল জনপ্রিয় অর্জন করেন নকশালবাড়ির অরুণ ঘোষ।
সেই কাজল ঘোষের একটি ছবি দুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। সেখানে দেখা যাচ্ছে সর্বভারতীয় বিজেপি সভাপতি নীতিন নবীনকে তিনি ফুলের তোড়া উপহার দিচ্ছেন। আরও অনেক কেন্দ্রীয় নেতার সঙ্গেও তাঁর ছবি প্রকাশ হয়েছে। ব্যস, তাতেই মাথা খারাপ অবস্থা বিজেপির। যে নেতা তৃণমূলেই কার্যত কোণঠাসা হয়ে পড়েছিলেন। পরে বিজেপি আসতেই গ্রেপ্তার হন। তাঁকে উদ্দেশ্য করে ডিমও ছোঁড়া হয়েছিল। সেই কাজল ঘোষের সঙ্গে বিজেপি নেতাদের ছবি দেখার পর বিধাননগরে বিজেপির বিক্ষোভ মিছিল বের হয়। কাজলের কুশপুতুল দাহ করা হয়। জানানো হয়, কাজল ঘোষকে কখনই বিজেপিতে নেওয়া ঠিক হবে না। ফাঁসিদেওয়ার বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু জানান,‘‌যদি কেউ একক দায়িত্বে এভাবে এমন লোককে দলে ঢুকিয়ে থাকে তবে সেটা গ্রহনযোগ্য হবে না।’‌ কিন্তু কোনও নেতা সাহস করে বলতে পারেননি কাজল ঘোষের মতো নেতাকে বিজেপি নেওয়া হবেই না। পর্যটনমন্ত্রী তথা বিজেপি নেতা শঙ্কর ঘোষকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান,‘‌আপনাদের মতো আমিও ছবিটি দেখেছি। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানি না। দলের নির্দেশ ছাড়া এই বিষয়ে আর কোনও মন্তব্য করব না। কী সম্ভাবনা রয়েছে বা ভবিষ্যতে কী হতে পারে সে বিষয়েও এখনই কিছু বলা সম্ভব নয়।’‌ পরিবহন মন্ত্রী আনন্দময় বর্মন জানান,‘‌সামাজিক মাধ্যমে আমিও দেখেছি। তবে ছবি ফেক কিনা জানি না। তিনি কেন দিল্লি গেলেন, সেখানে তো আর তিনি রাজনীতি করবেন না। সত্যতা জেনে প্রতিক্রিয়া দিতে পারব। তখন দলের সঙ্গেও আলোচনা হবে।’‌ শিলিগুড়ি জেলা বিজেপির সভাপতি অরুণ মণ্ডলও সেভাবে কোনও কড়া মন্তব্যের পথে হাঁটেননি। তবে কী এক তৃণমূলের নেতার যোগদানেই বিজেপি ভয় পেতে শুরু করলেন ?‌

Leave the first comment