অভিশ্রুতি সরকার, শিলিগুড়ি : আশির দশকের শেষভাগ থেকে নব্বইয়ের দশক, এমনকি দু-হাজার সালের শুরুর দিকেও শিলিগুড়ির হংকং মার্কেট প্রায় অর্ধেক ভারতের ক্রেতাদের কাছে এক অবিশ্বাস্য আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। কারণ, উদারীকরণের আগে ভারতে সরাসরি বিদেশি ইলেকট্রনিক্স, প্রসাধনী বা ব্র্যান্ডেড পোশাক আমদানি করা ছিল অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল। নেপাল (কাঁকরভিটা সীমান্ত) এবং ভুটান (জয়গাঁও সীমান্ত) হয়ে শুল্কমুক্ত বা অপ্রচলিত পথে আসা জাপান, চীন, কোরিয়া ও থাইল্যান্ডের পণ্য সবচেয়ে সস্তায় মিলত এই মার্কেটে। আর সেই পণ্য কিনতেই পর্যটকরা পাগলের মতো ছুটে আসতেন। সনি ওয়াকম্যান, ক্যাসেট প্লেয়ার, ভিডিও গেম, ডিজিটাল ঘড়ি, বিদেশি পারফিউম, চকলেট, জুতো এবং শীতের জ্যাকেটের জন্য কলকাতার মানুষের কাছে এই মার্কেট ছিল ‘স্বপ্নের বাজার’।

সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বায়ন, আর্থিক উদারীকরণ, ভারতে বিদেশি ব্র্যান্ডের সরাসরি প্রবেশ, বড় বড় শপিং মল এবং অ্যামাজন, ফ্লিপকার্টের মতো ই-কমার্সের দাপটে বিদেশি পণ্যের একচেটিয়া বাজার হারিয়ে ফেলে হংকং মার্কেট। তারপর থেকেই ফিকে হতে শুরু করে শিলিগুড়ির এই ‘ড্রিম মার্কেট’। হারাতে থাকে ঐতিহ্য। তাই ঐতিহ্যবাহী হংকং মার্কেটের হারানো গরিমা ফিরিয়ে আনতে এবং ফের পর্যটকদের আকর্ষণ বাড়াতে নতুন পরিকল্পনার পথে হাঁটছে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি।
‘ঐতিহ্যবাহী হংকং মার্কেটের হারানো গরিমা ফিরিয়ে আনতে এবং ফের পর্যটকদের আকর্ষণ বাড়াতে নতুন পরিকল্পনার পথে হাঁটছে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি। আগামী দুই মাস ধরে বাজারে আসা পর্যটকদের থেকে মতামত সংগ্রহ ও বিশেষ সমীক্ষা চালানো হবে। সেই সমীক্ষার রিপোর্টের ভিত্তিতেই আগামী দিনে মার্কেটের আধুনিকীকরণ ও ব্যবসায়িক পরিকাঠামো গড়ার চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।’
এই লক্ষ্যে হংকং মার্কেট ব্যবসায়ী সমিতির সঙ্গে এক বিশেষ বৈঠকে বসেন বিজেপির জেলা সভাপতি অরুণ মণ্ডল ও বিভাগীয় কনভেনর রাজু সাহা। সঙ্গে ছিলেন রাজ্যের সহ কোষাধ্যক্ষ প্রবীণ আগরওয়াল। অরুণ মণ্ডল জানান,‘হংকং মার্কেটে পর্যটকদের আবার ফেরাতে হবে। তার মধ্যে দিয়েই এই মার্কেটের হারানো গরিমা ফিরবে। এর জন্য এখানে কী ধরনের সামগ্রী আনতে হবে, পরিকাঠামো কী তৈরি করতে হবে এবং পর্যটকদের চাওয়াকে মর্যাদা দিতে হবে।’ রাজু সাহা জানান,‘সেকারণেই এদিনের আলোচনার পর ঠিক হয়েছে আগামী দুই মাস ধরে বাজারে আসা পর্যটকদের থেকে মতামত সংগ্রহ ও বিশেষ সমীক্ষা চালানো হবে। সেই সমীক্ষার রিপোর্টের ভিত্তিতেই আগামী দিনে মার্কেটের আধুনিকীকরণ ও ব্যবসায়িক পরিকাঠামো গড়ার চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।’

উল্লেখ্য, শিলিগুড়ির অন্যতম পরিচিত এই বাজারে বর্তমানে মোট ৩০০টি স্টল রয়েছে এবং রোজ প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার লেনদেন হয়। ১৯৪৭-এর দেশভাগ এবং পরবর্তীতে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় পূর্ববঙ্গ (বর্তমান বাংলাদেশ) থেকে বহু মানুষ শিলিগুড়িতে চলে আসেন। জীবিকার তাগিদে হিল কার্ট রোড সংলগ্ন রেলওয়ে জমির ধারে বা বাঁশের কাঠামো দিয়ে অস্থায়ী ঝুপড়ি দোকান বসিয়ে তাঁরা ছোটখাটো ব্যবসা শুরু করেন। ৭০ এর দশকে এই বাজারটি মূলত বাঁশ ও টিনের ছাউনি দিয়ে তৈরি ছিল। সত্তরের দশকের শেষের দিকে এবং আশির দশকের শুরুতে পরপর কয়েকবার ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের প্রচুর দোকান পুড়ে ছাই হয়ে যায়। এরপর স্থানীয় প্রশাসন, পুরসভা এবং ব্যবসায়ী সমিতির উদ্যোগে সেটিকে সুরক্ষিত ও সুসংগঠিত স্থায়ী মার্কেটের রূপ দেওয়া হয়। এমন অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে আজকের চেহারা পেয়েছে হংকং মার্কেট।
এর নাম ‘হংকং মার্কেট’ হলো কেন?
সরকারি নথিতে বা পুরসভার খাতায় শুরুতে এর নাম কিন্তু ‘হংকং মার্কেট’ ছিল না; এটি মূলত ‘হকার্স কর্নার’ বা ‘রেলওয়ে মার্কেট’ হিসেবেই পরিচিত ছিল। কিন্তু মুখে মুখে এর নাম ‘হংকং মার্কেট’ হয়ে যাওয়ার পেছনে দুটি প্রধান কারণ রয়েছে: ১) আশির দশকে হংকং ছিল এশিয়ার অন্যতম প্রধান শুল্কমুক্ত (Duty-Free) বাণিজ্য কেন্দ্র। নেপাল ও ভুটান হয়ে শিলিগুড়ির এই বাজারে যেসব বিদেশি ইলেকট্রনিক্স (রেডিও, টেপ রেকর্ডার, ক্যালকুলেটর, ঘড়ি), ছাতা, চশমা বা পোশাক আসত, তার সিংহভাগের গায়েই লেখা থাকত ‘Made in Hong Kong’। মানুষ তাই বাজারটিকে ‘হংকং-এর পণ্য পাওয়ার বাজার’ বা সংক্ষেপে ‘হংকং মার্কেট’ বলে ডাকতে শুরু করে।
২) সরু গলির দুই পাশে ঠাসাঠাসি করে সাজানো দোকান, ঝলমলে বিদেশি পণ্যের পসরা এবং দিনভর ক্রেতা-বিক্রেতাদের তুমুল হাঁকডাক—সব মিলিয়ে বাজারটির পরিবেশ তৎকালীন হংকং-এর বিখ্যাত স্ট্রিট মার্কেটগুলোর (যেমন ‘লেডিস মার্কেট’ বা ‘টেম্পল স্ট্রিট’) কথা মনে করিয়ে দিত। মূলত ক্রেতাদের দেওয়া এই লোকপ্রিয় নামটি এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে, একসময় পুরনো নাম হারিয়ে গিয়ে সরকারি ও বেসরকারি সব ক্ষেত্রেই এটি ‘হংকং মার্কেট’ নামে স্থায়ী পরিচিতি লাভ করে।












