Opens in a new tab

খবরাখবর, শিলিগুড়ি

কমিশনের গেজেট প্রত্যাহার, বামেদের নিন্দা

নভেম্বর 21, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ হিন্দিতে একটি প্রবাদ আছে—‘খোদা পাহাড়, নিকলা চুহা’। নির্বাচন কমিশনের গেজেট প্রত্যাহার নিয়ে বামেরা যতটা আশা করছেন, মনে হয় সেটা ওই প্রবাদটির মতোই হতে চলেছে।
শিলিগুড়ি পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত একটি গেজেট নোটিফিকেশন প্রকাশ করেছিল রাজ্য নির্বাচন কমিশন। ৩ নভেম্বর। যার বিজ্ঞপ্তি নম্বর ৯৭৩-SEC/1D-৬২/১৯৯৮। সেখানে বলা হয়েছিল ৪৭টি ওয়ার্ডের মধ্যে ১৪টি ওয়ার্ড ভেঙে মোট ৩০টি ওয়ার্ড বানানো হল। ফলে পুরনিগমে সব মিলিয়ে ওয়ার্ড সংখ্যা হল ৬৩টি। জেলা প্রশাসন যেন এই বিষয়টি সম্পর্কে অবগত থাকে, তার জন্য নির্বাচন কমিশন ৫ নভেম্বর সেই গেজেটের একটি কপি জেলাশাসকের কাছেও পাঠায়। যার বিজ্ঞপ্তি নম্বর ৯৮৭-SEC/1D-৬২/১৯৯৮।

এরপর ১৯ নভেম্বর নির্বাচন কমিশন থেকে পুনরায় একটি বিজ্ঞপ্তি পাঠানো হয় জেলাশাসকের কাছে। যার নম্বর ১০১৭-SEC/1D-‌৬২/‌১৯৯৮। এখানে বিগত দুটি বিজ্ঞপ্তির কথা উল্লেখ করে জানানো হয়,‘‌পূর্বে প্রেরিত বিজ্ঞপ্তির প্রতিলিপিতে একটি অনবধানতাবশত ছাপার ভুল (টাইপোগ্রাফিক্যাল ত্রুটি) ছিল এবং তা এতদ্বারা প্রত্যাহার করা হলো।’‌ অর্থ্যাৎ কমিশন একটি গেজেট প্রকাশ করার ১৫ দিন পর বুঝতে পারল গেজেটে ছাপার ভুল আছে। এবং তৎক্ষণাৎ সেটি প্রত্যাহারও করে নিল। নিঃসন্দেহে এটি নির্বাচন কমিশনের ব্যর্থতা। তাড়াহুড়ো করার ফল। এভাবে গেজেট প্রত্যাহার করলে স্বাভাবিকভাবেই সন্দেহের উদ্রেক হবে। হলও তাই।


ওই চিঠিকে ঘিরেই শিলিগুড়ির পুর-‌রাজনীতি উত্তপ্ত হয়ে উঠল। সিপিএমের দার্জিলিং জেলা কমিটির তরফে এই চিঠি হাতে নিয়ে মুন্সি নুরুল ইসলাম, দিলীপ সিং,দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক ও শরদিন্দু চক্রবর্তী শুক্রবার জানান,‘‌এভাবে গেজেট নোটিফিকেশন প্রত্যাহার করার অর্থ আমাদের যুক্তির কাছে কমিশন পিছু হঠতে বাধ্য হয়েছে। আমরা আগেই বলেছিলাম ওয়ার্ড পুনর্বিন্যাস সঠিক নিয়ম মেনে হচ্ছে না। সেই সময় আধিকারিকরা মানলেও বাস্তবায়িত করেনি। কিন্তু এবারে সেই গেজেট প্রত্যাহার করল। এতেই তো ওদের মুখ পুড়ল।’‌

গেজেট প্রত্যাহারে নিন্দা সিপিএমের। ছবি:‌ সাতদিন


প্রসঙ্গত, শিলিগুড়ির ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে বিরোধীদের বিস্তর অভিযোগ আছে। বাস্তবিকই পুনর্বিন্যাস সঠিক নিয়ম মেনে হয়নি। ১৪টি ওয়ার্ড ভাঙলেও ওয়ার্ডগুলির মধ্যে সমতা আসেনি। তাহলে ভাঙাভাঙির অর্থ কী ! শুধুই ভোটের লাভের জন্য তো পুনর্বিন্যাস যুক্তিসঙ্গত নয়, মানুষের কথা তো আগে ভাবতে হবে। সিপিএম এই কথা কমিশনকে বারেবারে বলেছে। কিন্তু কেউ কর্ণপাত করেনি।
কিন্তু এই গেজেট প্রত্যাহারের জন্য বামেরা যতটা উচ্ছ্বসিত, তারও কোনও কারণ নেই বলেই মনে করা হচ্ছে। কারণ, গেজেট প্রত্যাহারের পেছনে যে বড় কোনও উদ্দেশ্য নেই, তারও আভাস‌ মিলছে। শিলিগুড়ি পুরনিগমের বিদায়ী বিরোধী দলনেতা অমিত জৈন জানান,‘‌বিষয়টি বড় কিছু নয় বলেই জানি। টাইপে সামান্য ভুল ছিল। সেটা সংশোধন করে খুব দ্রুত আবার বিজ্ঞপ্তি জারি হবে।’‌ বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল জানান,‘‌বিষয়টি আমার পুরোপুরি জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’‌ পরে তিনি অধিক রাতে জানান,‘‌বুথ সংক্রান্ত কিছু শব্দ লেখার ক্ষেত্রে ছাপার ভুল হয়েছিল। গেজেটে কোনও বদলের সম্ভাবনা নেই।’‌ ফলে আপাতত পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস ঠিক কী অবস্থায় থাকবে, সেটা নতুন করে বিজ্ঞপ্তি জারির পরই স্পষ্ট হবে। তার আগে আকাশকুসুম কল্পনা করা অর্থহীন।তবে নিশ্চিত মনে করা হচ্ছে— ওয়ার্ড সংখ্যা ৬৩টিই থাকছে।

Leave the first comment