Opens in a new tab

শিলিগুড়ি

পুরক্ষেত্র :‌ বাম বধে নয়া অস্ত্রে শান চায় ৪৫ নম্বর !‌

নভেম্বর 24, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ মহানন্দা নদীর ওপারে কদিন পর বইমেলা বসবে। শিলিগুড়ির ইতিহাসে প্রথমবার। শহরে হোর্ডিং পড়ে গেছে। এপাড়ে দাঁড়িয়ে ৪৫ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনীর কয়েক হাজার মানুষ অনেক কিছু আন্দাজ করেন। যেভাবে অঙ্ক মেলাতে চান আগামী পুরভোটের। সেই ১৯৯৪ সালে পুরনিগম গঠনের পর থেকে শিলিগুড়ি জংশন এবং চম্পাসারি এলাকার মধ্যবর্তী প্রধাননগরের এই ছিন্নমূল কলোনী লালপতাকা ছাড়া ভাবতে শেখেনি। সিপিএমের বলরাম নাথ আমৃত্যু উদ্বাস্তু কলোনীর বিশ্বাস ও ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। এতটাই ভরসা ছিল যে, বলরাম নাথের মৃত্যুর পর অন্য ওয়ার্ড থেকে মুন্সি নুরুল ইসলাম এসেও এখানে অবলীলায় জিতে গেছেন। আজও তিনিই কাউন্সিলর।
অন্যদিকে বিজেপির বিদ্যুৎ মজুমদার সেই ১৯৯৪ সাল থেকে টানা পরাজিত হয়ে আসছেন। কখনও প্রধাননগরের ২ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন, কখনও ৪৫ নম্বরে শোচনীয় পরাজয় হয়েছে। কখনও নিজে হেরেছেন, কখনও বিদ্যুৎ-‌পত্নী। বিজেপি তাই আশাহত হয়ে ২০২২ সালে বিদ্যুৎ মজুমদারকে সরিয়ে পাশের ওয়ার্ড থেকে দীনেশ সিংকে হায়ার করেছিল। কাজ হয়নি। দীনেশ সিংও ঘটিবাটি খুঁইয়ে ফিরে চলে যান। ২০২৭ সালে আবার পুরভোট। যথারীতি বিদ্যুৎ মজুমদার আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন ৫৯ বছর বয়সেও।


এদিকে শিলিগুড়ি ৪৫ নম্বর ওয়ার্ডের এই উদ্বাস্তু কলোনী আর আগের চেহারায় নেই। সার্বিক নগরায়নের প্রভাবে বাঘাযতীন কলোনিতেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে। জমির মালিকানা সংক্রান্ত আইনি জটিলতা ধীরে ধীরে মিটতে থাকায় বহুতল আবাসন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে, যা এলাকার আর্থ-সামাজিক মানচিত্রকে নতুন রূপ দিচ্ছে। তার সঙ্গে যুক্ত হয়েছে, নতুন প্রজন্ম। নতুন চাহিদা। এমন পরিস্থিতিতে সিপিএমকে হারাতে যে নতুন অস্ত্রে শান দেওয়া জরুরী, সেই বিষয়গুলির কথা অনেকেই বলার চেষ্টা করেন। মানুষের সেই চাওয়াকে মেপে নিয়ে বিগত প্রায় দেড় বছর ধরে নিজেকে একজন তরুণ প্রার্থী হিসেবে যোগ্য করে তোলার আপ্রাণ চেষ্টা করে চলেছেন ৩০ বছর বয়সী দীপঙ্কর কুণ্ডু। ২০২১ সালের ২৩ মার্চ শঙ্কর ঘোষের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগ দিলেও দীপঙ্কর ১২বছর আগেই মিসডকল দিয়ে বিজেপির সদস্য হয়েছিলেন। ২০২২ সালে মণ্ডলে কিছুদিন কাজ করার পর সরাসরি জেলার সোশ্যাল মিডিয়া গ্রুপে কাজ করা শুরু করেন। খুব তাড়াতাড়ি বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার IT ইন-চার্জের দায়িত্ব পান। ব্যাকহাউসে কাজ করলেও মন তাঁর ওয়ার্ডে। সবার বিশ্বস্ত হয়ে উঠতে রোজ অলিগলিতে অজস্র ঠেকে যাওয়াআসা করেন। ছোট ছোট নানা অনুষ্ঠানের আয়োজন করে পরিচিতি বাড়ান। বলেন,‘‌এখানে বামেদের বধ করতে নতুন অস্ত্র অত্যন্ত জরুরী। তবে জেলার নেতারা অনেক অভীজ্ঞ। নিশ্চয়ই তাঁরা সমস্ত কিছু নজর রাখছেন। সঠিক প্রার্থীই দেবেন ৪৫ নম্বর ওয়ার্ড থেকে। আমি চাই যিনিই প্রার্থী হবেন, তিনি যেন বিজেপির প্রথম পুরবোর্ডে কাউন্সিলর হিসেবে থাকেন।’‌


বিদ্যুৎ মজুমদারের মতো লড়াকু বিজেপি নেতার পাশাপাশি যেভাবে দীপঙ্কর কুণ্ডুর মতো নতুন প্রজন্ম লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে ৭০ বছর বয়সী আরেক প্রবীণ বিজেপি নেতা পার্থ পালও প্রার্থী হবার জন্য তৈরি। দলকেও জানিয়ে রেখেছেন। কিন্তু প্রার্থী হবার জন্য তিনি বাগড়া দিতে নারাজ। দলের সিদ্ধান্ত মাথা পেতেই নিতে চান। দলের কাছে যে মুখ আছে, সেটাকে প্রমাণিত করতে মরিয়া আইনজীবী পার্থ পালও।


পার্থবাবুও দীর্ঘদিনের বিজেপি নেতা। ২০০৮ সালে জেলার সহ সভাপতি ছিলেন। ২০১৪ সালে জেলার সাধারণ সম্পাদক হন। সেই ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত বিজেপির লিগ্যাল সেলেরও দায়িত্বে ছিলেন। সম্প্রতি তাঁদের মতো অভীজ্ঞদের সরিয়ে একেবারে আনকোরা আইনজীবীদের পিপি ইনচার্জ পদে নিয়ে আসায় পার্থবাবুর ভীষণ আক্ষেপ। অভিমানও আছে। তারপরেও ৪৫ নম্বর ওয়ার্ড থেকে দীর্ঘ জীবনের অভীজ্ঞতা নিয়ে লড়াইয়ের ময়দানে নামতে চান বলে জানিয়েছেন। যেভাবে বিদ্যুৎ মজুমদার এই বিজেপি জমানায় নিশ্চিন্তে আরেকবার ভোটযুদ্ধে অবতীর্ণ হতে ময়দানে প্রায় নেমেই পড়েছেন।
উল্লেখ্য, ৪৫ নম্বর ওয়ার্ড কো-‌অর্ডিনেটরের দায়িত্বেও বিদ্যুৎ মজুমদারই রয়েছেন।

এবারে তাই ৪৫ নম্বরের মূল আলোচনায় আসছে, বিজেপি পুরনো সৈনিককেই মাঠে নামাবে, নাকি তারুণ্যে ভরসা রাখবে?‌ একেবারে নতুন মুখ ময়দানে নামিয়ে মির‌্যাকল ঘটানোর ধৃষ্টতা দেখাবে।

শেষ পর্যন্ত দল কাকে বেছে নেয়, সেটাই এবারে দেখার.‌.‌.

‌

Leave the first comment