Opens in a new tab

শিলিগুড়ি

পুরক্ষেত্র :‌ আস্তিকের নির্মল মনোরঞ্জনের পথে বাধা কি দিলীপ ?‌

নভেম্বর 23, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ শিলিগুড়িতে ওয়ার্ডের সংখ্যা ৪৭টি থেকে বেড়ে ৬৩টি হয়েছে। ফলে ৪৭ নম্বর ওয়ার্ড তপশীল উপজাতির জন্য সংরক্ষণের সম্ভাবনা কম। আর এই সুযোগকে হাতছাড়া করতে নারাজ একেবারে পুরনো বিজেপি নেতা থেকে নতুন প্রজন্মের যুব মোর্চার সক্রিয় তরুণ। অনেক কাটছাঁট করলেও শিলিগুড়ি ৪৭ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রতীকে কাউন্সিলরের টিকিট পেতে মরিয়া অন্তত ৪ জন।

২০২২ সালে এই ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নির্মল বাগচী। জিততে পারেননি। এবার রাজ্যে বিজেপির সরকার। তাই আলাদা উন্মাদনায় ভাসছেন তিনি। ধরেই নিয়েছেন, তিনি টিকিট পাবেন এবং পুরনো অভীজ্ঞতাকে কাজে লাগিয়ে অবলীলায় জিতে আসবেন। এই আত্মবিশ্বাসের কারণ, ৪৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের সংগঠনের দফারফা অবস্থা। টিমটিম করছে সিপিআইএম। তাই নির্মল বাগচী খোশমেজাজে আছেন।


কিন্তু নির্মলবাবু তৃণমূল ও সিপিএম নিয়ে হিসেব কষা শেষ করলেও দলের মধ্যেই যে সবচেয়ে বড় বড় সব প্রতিদ্বন্দ্বী রয়েছে, সেটা কতটা হিসেবে রেখেছেন বোঝা মুশকিল। কারণ কাউন্সিলর হবার লাইনে দাঁড়িয়ে ঘুঁটি সাজানো শুরু করেছেন একসময়ের পঞ্চায়েত সদস্য এবং এখনকার শক্তিকেন্দ্রের প্রমুখ দিলীপ দে।
১৯৮৯ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দিলীপ দে যখন পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য ছিলেন, সেই সময় আজকের ৪৭ নম্বর ওয়ার্ডের বেশিরভাগটাই ছিল মাটিগাড়া ব্লকের মধ্যে। গ্রামীণ এলাকায়। সেই সময় দিলীপ দে-‌রামকৃষ্ণ নগর কলোনীর মতো কয়েকটি কলোনী বসিয়েছিলেন। যেখানকার মানুষ আজও কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে দাবি দিলীপবাবুর। সেই সব মানুষই নাকি চাইছেন দিলীপ দে-‌ই কাউন্সিলরের টিকিট নিয়ে লড়াই করুন। মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটের প্রাক্তন কর্মী দিলীপ দে ৪৭ নম্বর ওয়ার্ডের পুরনো বাসিন্দা। তিনি মনে করেন কাউন্সিলর হলে গোটা এলাকার সংগঠন থেকে নাগরিকরা চাঙ্গা হয়ে উঠবে। পাতিকলোনী এলাকায় আলাদা রকমের পরিচিতি রয়েছে বলেই তিনি আত্মবিশ্বাসী।


কিন্তু দিলীপ দে’‌র কার্যত পথের কাঁটা বিজেপির পুরনো দিনের কর্মী এবং ১৯৭৫ সাল থেকে সঙ্ঘ করে আসা প্রবীণ নেতা মনোরঞ্জন মণ্ডল। মনোরঞ্জন মণ্ডল আশির দশকে বালুরঘাট কলেজে পড়াশোনার সময় এবিভিপি করতেন। পরে কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার অন্তর্গত কুচলিবাড়ি এলাকায় যে তিনবিঘা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনেও অংশ নিতে গিয়েছিলেন তিনি। এর জন্য ২ বছর তিনি কোচবিহার জেলাতেই থেকেছেন। লেখাপড়া শেষ করে চাকরি সূত্রে চলে আসেন শিলিগুড়ি। সেই সময় অর্থ্যাৎ নব্বইয়ের দশকে রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৯৪ সালে শিলিগুড়ি পুরনিগম গঠিত হলে পাতিকলোনী এলাকা পুরনিগমের মধ্যে চলে আসে। মনোরঞ্জন মণ্ডল তখন থেকেই টাউন মণ্ডলের সভাপতি। ২০১৪ সালে রথীন্দ্র বোস বিজেপির জেলা সভাপতি থাকাকালীন তিনি জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। পরে পরপর দু’‌বার সহ সভাপতিও ছিলেন। এখনও জেলা কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য তিনি। মনোরঞ্জনবাবু জানান, উদ্বাস্তু এলাকায় থেকে বিজেপি করার জন্য বাম আমলে অনেক অত্যাচার সইতে হয়েছে। তারপরেও বিজেপি ছাড়েননি। সেই অভীজ্ঞতা থেকে এখন তিনি ওয়ার্ড কো-‌অর্ডিনেটর। এই লড়াই সংগ্রামই মনোরঞ্জন বাবুর মূলধন। তিনি মনে করেন, আজ যখন রাজ্যে বিজেপি এসেছে, ফলে তাঁর মতো প্রবীণ নেতা সুযোগ পাবেন।


কিন্তু নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে উঠে আসা বিজেপির শিলিগুড়ি জেলা যুব মোর্চার তরুণ মুখ আস্তিক মণ্ডল মনে করেন, দল তাঁকে যোগ্য মনে করলে তিনি নিজেকে প্রমাণ করে দেবেন। তাঁর বক্তব্য, পুরনিগমে প্রথম বিজেপির পুরবোর্ডে এসে ৪৭ নম্বর ওয়ার্ডে অনেক কিছু করে দেখানোর স্বপ্ন দেখি। তবে দলের সিদ্ধান্তের বাইরে তিনি যাবেন না কখনই। আস্তিক ২০১৮ সাল থেকে সক্রিয় বিজেপি করেন। যুব মোর্চার মণ্ডল সম্পাদক থেকে ধাপে ধাপে উঠে এসে এখন তিনি জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক ও ফাঁসিদেওয়া বিধানসভার ইনচার্জ। ৪৭ নম্বর ওয়ার্ডে কাজ করতে হলে যে তারুণ্য দরকার সেটা দল নিশ্চিত বুঝবে বলেও তাঁর ধারণা। তবে পুরনোরা অনেকেই বলছেন, আস্তিক মালদা থেকে এসে বিগত এক দশকে যেভাবে এখানে পরিচিতি তৈরি করেছে, সেটি বড় ব্যাপার। কাউন্সিলর হবার জন্য এবার কিছু অভীজ্ঞতা অর্জন করতে পারলে ১০০%‌ ফিট হবে।
অর্থ্যাৎ ঠারেঠুরে বোঝানোর চেষ্টা চলছে এবারে অন্তত প্রবীণরাই টিকিট পাক। তবে তরুণরাও হাল ছাড়তে নারাজ।

এই অবস্থায় দল ঠিক কাকে বেছে নেবে ?‌

কাউন্সিলরের টিকিট পেতে এদের কেউ কাউকে ছেড়ে দিতে নারাজ। সবাই চরম আশায় রয়েছেন। তাঁকিয়ে আছে দলের সিদ্ধান্তের দিকে। বিজেপি পুরনো মুখেই আস্থা রাখবে, নাকি নতুন মুখকে সামনে আনবে, সেসব এখনও অধরা।
প্রার্থী হওয়ার ইচ্ছা অনেকেরই আছে, কিন্তু শেষ পর্যন্ত টিকিট দেওয়ার ক্ষমতা দলের হাতেই।

2 comments

  • Dilip dey

  • Sujoy Mandal

    নতুন মুখ হিসাবে আস্তিক মন্ডল। ৪৭ নম্বর ওয়ার্ড মানুষ কাছে পেয়েছে। তাছাড়া সবরকম মিটিং মিছিল থেকে তিনি দলকে এগিয়ে নিয়ে গেছে। ভারত মাতা কি জয়। 🙏🙏🙏

Leave your comment