Opens in a new tab

রাজনীতি, শিলিগুড়ি

মন্ত্রী শঙ্করের খাসতালুকে অরুণ, জল্পনা তুঙ্গে

নভেম্বর 20, 2026

দুরন্ত প্রতিবেদন:‌ শিলিগুড়ি পুরনিগমে নির্বাচিত বোর্ড নেই। ফলে শহরের প্রশাসনিক প্রধান এখন বিধায়ক তথা মন্ত্রী শঙ্কর ঘোষ। গোটা শহরে তিনিই সর্বময় কর্তা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুরনিগমে এসে মূলত শঙ্করের হাতে শহর দেখার দায়িত্ব অর্পণ করে গেছেন। যদিও শহর দেখভালের জন্য জনতা পার্টিও নজর রাখবে বলে বার্তা দিয়েছেন। কিন্তু শহরের মানুষ জানেন শঙ্করই শহরের শেষ কথা।
সেই শঙ্কর ঘোষের খাসতালুকে আচমকা অরুণ মণ্ডলের ঢুকে পড়া নিয়ে গোটা শহরে জল্পনার শেষ নেই। উল্লেখ্য, শঙ্কর ঘোষ যদি পুরনিগমে লড়াই করার টিকিট পান, তবে তিনি যে ৫৩ নম্বর ওয়ার্ড থেকেই লড়বেন, সেটা অনেকটা স্পষ্ট হয়ে গেছে। অন্যদিকে প্রোজেক্টেড মেয়র হিসেবে উঠে আসছে জেলা বিজেপি সভাপতি অরুণ মণ্ডলের নামও। স্বাভাবিকভাবেই এখন বিজেপি দলের মধ্যে এই বিষয়টি আলোচনার হট টপিক। শঙ্কর ও অরুণের মধ্যে কার কপালে শিঁকে ছিঁড়ে তাই নিয়েও আলোচনার শেষ নেই। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে (‌১৯ নভেম্বর)‌ অরুণ মণ্ডল আচমকা চলে আসেন ৫৩ নম্বর ওয়ার্ডে। সেখানে ওয়ার্ড কমিটির সদস্য থেকে দলের দায়িত্বে থাকা সকলের সঙ্গে নিবিড় আলোচনা করেন তিনি। বোঝার চেষ্টা করেন ওয়ার্ডের অবস্থা কোন্‌ জায়গায় আছে। আর কী কী খতিয়ে দেখেন, সেসব অবশ্য গোপনেই রেখেছেন তিনি। যদিও তিনি বলার চেষ্টা করেছেন,‘‌এটি পুরনিগম এলাকায় সংগঠন শক্ত করার একটি রুটিন কাজ মাত্র। এই কাজ আজ কিংবা কাল থেকে করতেই হতো। সেটাই করছি। জেলা সভাপতি হিসেবে সব ওয়ার্ডে যেতেই হবে। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরসভা এটি। ফলে এই পুরসভায় জয় আনতে গেলে কঠোর পরিশ্রম প্রয়োজন। আমরা সেই কাজটিই করছি।’‌


কিন্তু সাধারণ মানুষ থেকে বিজেপিরও অনেকে এই পরিদর্শনকে কিন্তু নেহাত ঘুরতে আসা বলে মানতে নারাজ। ৫৩ নম্বর ওয়ার্ডের দেবাশীষ কলোনীকে তো মন্ত্রী নিজে দত্তক নিয়েছেন। অর্থ্যাৎ তিনি মজবুত করেই ধরে রেখেছেন। তারপরেও সেই ওয়ার্ডে অরুণ মণ্ডলের ভিজিট নিয়ে অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে।

শঙ্কর ঘোষের ওয়ার্ডে আচমকা অরুণ মণ্ডল।


তবে একটা বিষয় পরিষ্কার, অরুণ মণ্ডল যেভাবে শিলিগুড়িতে ঘর ভাড়া নিয়ে স্থিতু হয়েছেন। শোনা যাচ্ছে তিনি প্রার্থীও হতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে বলাই যায়, অরুণ স্রেফ সভাপতির ভূমিকা পালন করছেন না। বরং শহরে নিজেকে প্রমাণ করতে মরিয়া চেষ্টা শুরু করেছেন। তবে ইতিবাচকদিক হল, ইতিমধ্যে তিনি যে যে জায়গায় গিয়েছেন, ভাবনা ও আন্তরিকতায় সবার মন জয় করেছেন। বৃহস্পতিবার দুপুরে হংকং মার্কেটে গিয়ে যে পরিকল্পনা শুনিয়েছেন, তা শুনে রীতিমত আনন্দে গদগদ হংকং মার্কেট ব্যবসায়ী সমিতি। শুধু তাই নয়, শহরের বিজেপি নেতাদের একটি বড় অংশ ক্রমশ অরুণকে শিলিগুড়ির হাল ধরার জন্য আবদার করা শুরু করে দিয়েছেন। ফলে শিলিগুড়ি শহরের রাজনীতি যে আরও উপভোগ্য হয়ে উঠতে চলেছে, সে বিষয়ে সন্দেহ নেই।

Leave the first comment