Opens in a new tab

শিলিগুড়ি

পুরক্ষেত্র :‌‌‌ কার দখলে থাকবে শিলিগুড়ির ‘‌হৃদয়’‌ ?‌

নভেম্বর 27, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ ১১ নম্বর ওয়ার্ড হল শিলিগুড়ির ‘‌হৃদয়’‌। হিলকার্ট রোড, সেবক রোড ও বিধান রোড দিয়ে ঘেরা ত্রিভূজাকৃতি এই ‘‌হৃদয়’ শাসনের ভার ঠিক কার হাতে দিতে পারে ভারতীয় জনতা পার্টি?‌ এই প্রশ্নের উত্তর যতটা কঠিন, ততটাই কঠিন দলের সিদ্ধান্ত গ্রহনের বিষয়টি।
দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডে নান্টু পালের একাধিপত্য। ২০০৪ সালে এই ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত ছিল। ফলে নান্টু পাল সেখানে প্রার্থী করেছিলেন নিজের স্ত্রী মঞ্জুশ্রী পালকে। সে বছর সিপিএমের উমা গোয়েলের কাছে মাত্র ২৩ ভোটে হেরে যান মঞ্জুশ্রী। ২০১৬ সালে আবারও ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হয় এবং মঞ্জুশ্রী পাল পুনরায় প্রার্থী হন। এবং কংগ্রেস প্রার্থী রিঙ্কু ধরকে সাড়ে পাঁচশো ভোটে হারিয়ে কাউন্সিলর নির্বাচিত হন। ২০২২ সালে পুনরায় সরাসরি বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আবারও কাউন্সিলর হন। ২০২৭ সালের পুরভোটের আগে তাই তিনিই সম্ভাব্য প্রার্থী হিসেবেই নিজেকে ভেবে রেখেছেন মঞ্জুশ্রী পাল। যথারীতি তিনি দলীয় সিদ্ধান্তেই ১১ নম্বর ওয়ার্ডের কো-‌অর্ডিনেটর এখন।

এতদিন তিনি প্রভাবশালী নেতা নান্টু পালের স্ত্রী হিসেবেই কার্যত প্রার্থী হয়ে এসেছেন। মানুষও তাঁকে নান্টু পালের স্ত্রী হিসেবেই দেখে এসেছেন। কিন্তু এখন মঞ্জুশ্রী ওই তকমা কাটিয়ে উঠতে চান। তিনিও যে লড়াই করতে করতে পুরোদস্তুর নেত্রী হয়ে উঠেছেন এবং তাঁর সাফল্যের জেরেই যে ১১ নম্বর ওয়ার্ডের টিকিটের দাবিদার সেই কথা বলতে এতটুকু দ্বিধা করেন না। ফলে শিলিগুড়ির মানুষও ধরে নিয়েছেন ১১ নম্বরে বিজেপির প্রার্থী মঞ্জুশ্রী পালই হচ্ছেন।

মঞ্জুশ্রী পাল


কিন্তু যে কোনও কারণেই হোক, একটি খবর ছড়িয়ে গেছে যে, এই ওয়ার্ড থেকে এবারে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমান রাজ্য বিজেপির যুগ্ম কোষাধ্যক্ষ প্রবীণ আগরওয়ালা বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। উল্লেখ্য, প্রবীণ আগরওয়ালা ২০১৫ সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত হলেও একেবারে স্কুল বেলা থেকে সঙ্ঘের সঙ্গে যুক্ত। ফলে সঙ্ঘ পরিবারের প্রতিনিধি হিসেবে তাঁকে তাঁর নিজের ওয়ার্ডে প্রার্থী করা হতে পারে। কারণ এবারে বিজেপির পুরবোর্ড গড়ার সম্ভাবনা প্রবল। ফলে সেই বোর্ড হলে বোর্ড পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ও ওজনদার ব্যক্তিত্ব প্রয়োজন। ফলে ৬ বছর জেলা সভাপতির দায়িত্ব সামলানো প্রবীণ আগরওয়ালাকে বোর্ডে রাখতে মরিয়া দল।

প্রবীণ আগরওয়ালা


অন্যদিকে ‘‌বিজেপি রাজ্যের ক্ষমতায় এলেও শিলিগুড়ি পুরনিগমে সেই অর্থে ভাল মুখ নেই’‌– এমন একটা নেতিবাচক প্রচার চলছেই। এই জায়গা থেকে বিজেপি নেতারা বিরোধী দলগুলি তথা শহরের নাগরিকদের দেখিয়ে দিতে চাইছেন, তাঁদের কাছে দুর্দান্ত সব মুখ রয়েছে। সেই মুখ মানুষের সামনে আনা স্রেফ সময়ের অপেক্ষা। আর এই জায়গা থেকেই ১১নম্বর ওয়ার্ডে আরও একটি গুরুত্বপূর্ণ নাম ভেসে আসছে। তিনি হলেন শহরের নামকরা ডাক্তার মেঘবরণ মুখার্জির যোগ্য উত্তরসুরী ডাঃ মৈনাক মুখার্জি। ১১ নম্বর ওয়ার্ডেই তাঁর নিজস্ব নার্সিংহোম রয়েছে। ১৯৮৩ সাল নাগাদ মৈনাক মুখার্জির বাবা নার্সিংহোমের প্রতিষ্ঠা করেন।

শুধু তাই নয়, শিলিগুড়ির রাজনীতিতে মেঘবরণ মুখার্জি ছিলেন গুরুত্বপূর্ণ নাম। ১৯৯৬ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ছিলেন। যদিও মৈনাক মুখার্জি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন, তবে ভাবধারায় আপাদমস্তক বাবার দলেই। ফলে শিলিগুড়ির মতো শহরের পুরবোর্ডে এমন একজন মানুষের থাকাটা নিঃসন্দেহে বিরোধীদের মুখ বন্ধ করার জন্য যথেষ্ট। সেই জায়গা থেকে ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে মৈনাক মুখার্জির কথাও কিন্তু ভাবছে দল। সেক্ষেত্রে প্রাক্তন কাউন্সিলর মঞ্জুশ্রী পালকে অন্য ওয়ার্ড থেকে জিতিয়ে আনার দায়িত্ব বিজেপি নিতে পারে।

ডাঃ মৈনাক মুখার্জি


এই নামগুলি চর্চায় উঠে আসায় প্রত্যেকের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। প্রবীণ আগরওয়াল যেমন গুজব বলে উড়িয়ে দিয়েছেন, মৈনাক মুখার্জি জানিয়েছেন তিনি অরাজনৈতিক মানুষ। কিন্তু দল চাইলে যে তাঁরা পালিয়ে যাবেন না, সেটাও কিন্তু শরীরী ভাষায় ফুঁটে উঠেছে।
তবে ১১ নম্বরের ক্ষেত্রে যে কোনও নাম ঘোষণা করার পক্ষপাতিত্ব নয় বিজেপি। ‌এই ওয়ার্ডটি কেবল একটি সাধারণ পুর-প্রশাসনিক কেন্দ্র নয়; এটি শিলিগুড়ির ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক স্পন্দনের প্রধান সংযোগস্থল। দেশ-‌বিদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুও শিলিগুড়ির এই ওয়ার্ডের দুটি বাজার – হংকং মার্কেট ও বিধান মার্কেট। শিলিগুড়ির নিজস্ব কেনাকাটা তো বটেই, সিকিম, কার্শিয়াং, কালিম্পং, ডুয়ার্স এবং প্রতিবেশী দেশ ভূটান থেকেও রোজ হাজার হাজার ক্রেতা ও ব্যবসায়ী এখানে সমবেত হন। ফলে শহরের রাজস্ব আদায়ের একটি বড় অংশ আসে এই বাজার এলাকা থেকেই। ওয়ার্ডটি ছোট। সর্বোচ্চ ২০০০ ভোটার নিয়ে গঠিত।

কিন্তু সকাল ১০টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে লক্ষ লক্ষ মানুষের আনাগোনা ঘটে। এত মানুষকে সামাল দেওয়া, পার্কিং, নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি শহরের সবচেয়ে প্রাচীন বিধান মার্কেটকে অত্যাধুনিক রূপ দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন একজন দক্ষ অভিভাবকের। বিধান মার্কেট আধুনিকভাবে গড়ে উঠলে শহরের ঘিঞ্জি দশা কাটার পাশাপাশি শিলিগুড়ির ৮০ শতাংশ সমস্যার অবসান হয়ে যাবে। মানুষ অক্সিজেন নেবার নতুন আস্থানা পাবেন। ফলে বিজেপি সেই দিকটিও ভাবনার মধ্যে রেখেছে।
সমস্ত দিক দেখার মধ্যে দিয়ে শেষমেষ কাকে এই গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডে প্রার্থী করে দল, সেটাই এখন দেখার।

Leave the first comment