Opens in a new tab

উন্নয়ন, ক্যাম্পাস, শিলিগুড়ি

রবীন্দ্রভারতীর উত্তরবঙ্গ ক্যাম্পাস, মুখ্যমন্ত্রীকে নোট

নভেম্বর 12, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ এতদিনে শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উত্তরবঙ্গ ক্যাম্পাসে পঠনপাঠন চলতো। কিন্তু সেই ক্যাম্পাস তৈরি নিয়ে আজ পর্যন্ত প্রথম ধাপই পার করেনি বিগত সরকার। শুধুই পরিকল্পনা বলে কদিন আলোচনা চলেছে। জায়গা দেখাও হয়েছে। ব্যস, ওই পর্যন্তই।
রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই তাই শিলিগুড়ি সাংগঠনিক বিজেপি সভাপতি অরুণ মণ্ডল চাইছেন ওই ক্যাম্পাস বাস্তবিকভাবে হোক। অবিলম্বে সরকার জমি চিহ্নিত করে সেই জমি সংরক্ষণ করুক। তারপর ধীরে ধীরে পদক্ষেপ নিক।
প্রায় ১৩-‌১৪ বছর আগে শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস খোলার আলোচনা শুরু হয়েছিল। ফাঁসিদেওয়ার লেম্বুটারী মৌজায় জায়গাও দেখা হয়েছিল। তারপরই সমস্ত চাপা পড়ে যায়। দীর্ঘ সময় ওই বিষয়ে আর আলোচনা পর্যন্ত হয়নি। এতদিন সময় পরে নতুন করে সেই রবীন্দ্রভারতী নিয়ে চর্চা শুরু করালেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অরুণ মণ্ডল। তিনি একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন একটি প্রস্তাবপত্র। সেখানে উল্লেখ করা হয়েছে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন একটি ক্যাম্পাস ফাঁসিদেওয়াতে খোলা হোক। তার জন্য দ্রুত লেম্বুটারী মৌজায় (ফাঁসিদেওয়া) অন্তত ২০০-৩০০ বিঘা খাস জমি চিহ্নিতকরণ করে সেই জমি সুরক্ষিত করে রাখা। এর পরবর্তীতে অর্থ বরাদ্দ করে চারুকলা, দৃশ্যকলা ও শিল্পকলা/ভাস্কর্যের বিশেষ ডিগ্রী পাঠ্যক্রম চালু করার উদ্যোগ নেওয়া হোক।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়


এই বিষয়ে অরুণ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরিষ্কার জানান,‘‌উত্তরবঙ্গের উন্নয়নে আলাদা নজর রয়েছে আমাদের বিজেপি সরকারের। আমাদের মুখ্যমন্ত্রী বারেবারে সেকারণেই ছুটে আসেন। এতদিন উত্তরবঙ্গকে নানাভাবে বঞ্চিত করে রাখা হয়েছে। এক সময় এখানে রবীন্দ্রভারতীর ক্যাম্পাস করা হবে বলে সব ধামাচাপা দিয়ে দেওয়া হয়। আমরা চাই শিলিগুড়ি মহকুমায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উত্তরবঙ্গ ক্যাম্পাস হোক। সেই বিষয়টি জানিয়েছি। যদিও উত্তরবঙ্গের জন্য এই ধরনের প্রতিষ্ঠান ভীষণ প্রয়োজন।’‌


উত্তরবঙ্গের বিশিষ্ট চিত্রশিল্পী দীপায়ন ঘোষ জানান,‘‌উত্তরবঙ্গে যদি রবীন্দ্রভারতীর ক্যাম্পাস তৈরি হয়, তবে অবশ্যই এখানকার সৃজনশীল ছেলেমেয়ের বড় প্রাপ্তি হবে। শুধুই উত্তরবঙ্গ নয়, সিকিম, নেপালের প্রতিভারাও এর সুবিধা নিতে পারবে। ক্রিয়েটিভ সেক্টর, যেমন ভিজ্যুয়াল আর্ট, সঙ্গীত, ভাস্কর্যের মতো বিষয়গুলির জন্য আর এখানকার প্রতিভাদের বাইরে যেতে হবে না। উন্নতমানের ঐতিহ্যবাহী একটা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ঘরের দোর থেকেই পাবে। যা নিশ্চিত কাজে লাগবে। এর পাশাপাশি গবেষণা থেকে আন্তর্জাতিক মানের প্লাটফর্মগুলিতে এখানকার প্রতিভারাও নিজেদের তৈরি শিল্পকলা প্রদর্শন করার সুযোগ পাবে। এই প্রস্তাবকে স্বাগত।’‌

1 comment

  • বিপ্লব পাল

    উত্তর বঙ্গে চারুকলা, দৃশ্যকলা ও শিল্পকলা/ভাস্কর্যের বিষয়ে বিশেষ ডিগ্রী পাঠ্যক্রম চালু করার উদ্যোগ নেওয়া তে এই
    উত্তর বঙ্গ সহ আরো কিছু প্রন্তিক অঞ্চলের প্রতিভা শিল আগ্রহী কিছু ছেলে/মেয়েদের প্রতিভা সকলের কাছে তুলে ধরতে এবং সেই সকল ছেলে/মেয়েদের আগামী জীবনে প্রতিষ্ঠিত হতে অনেক সহতা হবে ।

    চিত্রকলা/ভাস্কর্য বিষয়ে কিছু আভিগতা রয়েছে
    খুদ্র শিল্পী
    ধন্যবাদ
    বিপ্লব পাল

Leave your comment