Opens in a new tab

খবরাখবর, শিলিগুড়ি

সংরক্ষণ আতঙ্ক, ঘুম নেই বিজেপি নেতাদের !‌

নভেম্বর 14, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ শিলিগুড়ি শহরের ভীষণ পরিচিত বিজেপি নেতা — যারা আবার পুরভোটের সম্ভাব্য প্রার্থী — সেই তালিকা তৈরি করলে, প্রথমেই যে নামগুলি উঠে আসবে, তাঁরা হলেন— ২৪ নম্বর ওয়ার্ডের শঙ্কর ঘোষ, ১৫ নম্বর ওয়ার্ডের রাজু সাহা, ৯ নম্বর ওয়ার্ডের অমিত জৈন, ১২ নম্বর ওয়ার্ডের নান্টু পালের মতো নেতারা। কিন্তু জেনে আশ্চর্য হবেন যে, রোস্টার-‌৩ মেনে যদি ২০২৭ সালে শিলিগুড়ি পুরভোট হয়, তাহলে এদের কেউই নিজের নিজের ওয়ার্ড থেকে প্রার্থী হতে পারবেন না। তালিকা কিন্তু এখানেই শেষ নয়, বিগত নির্বাচনের বিজেপি প্রার্থী তথা মণ্ডল সভাপতি ও কো-‌অর্ডিনেটর বিনোদ গুপ্তা তাঁর নিজের ৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হতে পারবেন না। বিগতবারের প্রার্থী ও কো-‌অর্ডিনেটর হওয়া সত্ত্বেও ১৮ নম্বর ওয়ার্ডের দেবকুমার সেনগুপ্ত (‌রাজু)‌ নিজের ওয়ার্ড থেকে প্রার্থী হতে পারবেন না। জেলার সহ সভাপতি তথা বিগতবারের প্রার্থী ও কো-‌অর্ডিনেটর ২১ নম্বর ওয়ার্ডের সুমন সরকারও প্রার্থী হতে পারবেন না। এমন আরও অনেকেই আছেন, যাদের প্রার্থী ধরে নিয়েছিলেন ওয়ার্ডের মানুষ, তাঁরা কিন্তু টিকিট পাবেন না। কারণ ওইসব ওয়ার্ডগুলি সংরক্ষণের আওতায় চলে যাবে। কারও ওয়ার্ড মহিলা, কারও ওয়ার্ড তপশীল জাতি কিংবা উপজাতিদের জন্য সংরক্ষিত থাকবে। ফলে ওই হেভিওয়েট প্রার্থীরা কাউন্সিলর হতে চাইলে নিজের ওয়ার্ড ছেড়ে অন্য কোনও ওয়ার্ডে গিয়ে ভোটে লড়তে হবে।

মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ফেব্রুয়ারিতে শিলিগুড়ি পুরনিগমের ভোট। ইতিমধ্যে ওয়ার্ড পুনর্বিন্যাস হয়ে গেছে। ৪৭টি ওয়ার্ড বেড়ে হয়েছে ৬৩টি। রাজ্যে যেহেতু বিজেপির সরকার, ফলে বিজেপিই পুরবোর্ড দখল করবে বলে শাসকদলের নেতাদের মধ্যে বেশ উচ্ছ্বাস ছিল। কিন্তু সংরক্ষণ তালিকা সব নেতার ঘুম উড়িয়ে দিয়েছে। নিয়মানুসারে আগামী পুরভোট ‘‌তৃতীয় সংরক্ষণ তালিকা’‌ অনুসারে হবে। তাই যদি হয়, তবে শিলিগুড়ি শহরে বিজেপির প্রথম সারির নেতা, যেমন মন্ত্রী শঙ্কর ঘোষ, পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন, উত্তরবঙ্গের ৫ জেলার বিজেপি কনভেনর রাজু সাহা, পুরবোর্ডের সবচেয়ে অভীজ্ঞ বিজেপি নেতা নান্টু পাল সহ অনেকেই নিজের ওয়ার্ডে প্রার্থী হতে পারবেন না। কারণ, রোস্টার-‌৩ ধরলে মন্ত্রী শঙ্কর ঘোষের নিজস্ব ২৪ নম্বর ওয়ার্ড তপশীল জাতির জন্য সংরক্ষিত হয়ে যাবে। বিরোধী দলনেতা পদে থাকা বিজেপির অমিত জৈন জিতেছিলেন ৯ নম্বর ওয়ার্ড থেকে। রোস্টার-‌৩ অনুযায়ী ৯ নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত হবে। একইভাবে নান্টু পালের ১২ নম্বর ওয়ার্ড, রাজু সাহার ১৫ নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত হবে। বিনোদ গুপ্তার ৩ নম্বর ওয়ার্ড, রাজু সেনগুপ্তর ১৮ নম্বর ওয়ার্ড, সুমন সরকারের ২১ নম্বর ওয়ার্ডও মহিলা সংরক্ষিত হয়ে যাবে। এবারে মোট ২১টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। ফলে কেউ যদি প্রার্থী হতে চান এবং দল যদি অনুমতি দেয় তবে নিজের ওয়ার্ড ছেড়ে দিয়ে অন্য কোনও ওয়ার্ডে গিয়ে ভোটে লড়তে হবে।

উল্লেখ্য, শিলিগুড়ি পুর আইন অনুসারে তিনটি রোস্টারে ভোট হয়। রোস্টার-‌১, রোস্টার-‌২ ও রোস্টার-‌৩। অর্থ্যাৎ এক বছর প্রথম তালিকা অনুসারে ভোট হলে পরের ভোট দ্বিতীয় তালিকা অনুসারে এবং তার পরের ভোট তৃতীয় তালিকা অনুসারে হবে। চতুর্থ বছরে গিয়ে আবার রোস্টার-‌১ ধরে নির্বাচন করার নিয়ম। বিগত ২০২২ সালে রোস্টার-‌২ অনুযায়ী ভোট হয়েছে। ফলে ২০২৭ সালে রোস্টার-‌৩ অনুসারে ভোট হবে। ২০৩২ সালে আবার রোস্টার-‌১ অনুযায়ী ভোট হবার কথা। বিশেষ কারণ ছাড়া এই নিয়ম পরিবর্তন কঠিন।

বিষয়টি নিয়ে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অরুণ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি। তিনি কলকাতায় চিকিৎসা করানোর কাজে ব্যস্ত বলে জানা যাচ্ছে। বিষয়টি নিয়ে তাই পুরবোর্ডের বিদায়ী বিরোধী দলনেতা অমিত জৈনকে প্রশ্ন করলে তিনি জানান,‘‌রোস্টার তৈরি করে নির্বাচন কমিশন। সেখানে আমাদের হাত নেই। যেভাবে সংরক্ষণ হবে সেভাবেই প্রার্থী দিতে হবে। তবে মজবুত পুরবোর্ড গড়তে হলে অভীজ্ঞ ও ভরসাবান নেতাদের প্রার্থী করতেই হবে। নিশ্চয়ই সেক্ষেত্রে দল বিকল্প পথ অর্থ্যাৎ অন্য ওয়ার্ড থেকে জিতিয়ে আনার চেষ্টা করতে পারে। সবটাই দলীয় বিষয়।’‌

তবে উপায় একটি আছে। যদি রোস্টার পাল্টে দেওয়া যায়, তবে অনেকেই বেঁচে যেতে পারেন। এদিন মহকুমা নির্বাচন দপ্তরে গিয়ে ইলেকশন ওসি বিপ্লব চক্রবর্তীকে জিজ্ঞাসা করলে তিনি জানান,‘‌এখনও রোস্টার চূড়ান্ত হয়নি।’‌ অর্থ্যাৎ রোস্টার ৩ মেনেই যে ভোট হবে, সেই ঘোষণা নির্বাচন কমিশন করেনি। নিয়ম ও অঙ্ক অনুযায়ী আবার এটাই সঠিক।

Leave the first comment