দুরন্ত প্রতিবেদন : এসআইআরের জন্য কোটি কোটি মানুষের নাম উঠে গেছে ভোটার তালিকা থেকে। যা নিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে উঠেছে ভুড়ি ভুড়ি অভিযোগ। দেশজুড়ে ক্ষোভের মাত্রাও নেহাত কম নয়। আর এটাকেই ইস্যু করে বিজেপি বিরোধীরা এসআইআর বাতিল ও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি ঘিরে গোটা দেশে আন্দোলন বড় আকারে নিয়ে যেতে পেরেছে। ২০১৪ সালের পরবর্তীতে এমন পরিস্থিতি দেখেনি বিজেপি সরকার। ফলে বিরোধীদের বিরুদ্ধে পাল্টা আন্দোলনের পথে নামতে হয়েছে বিজেপিকেও। শুধু তাই নয়, ইন্ডিয়া জোটের আন্দোলনকে মুখ থুবড়ে ফেলে দিতে দেশজুড়ে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ অভিযান শুরু করেছে বিজেপি। সেই অভিযানেরই অংশ হিসেবে বিশেষ বার্তা দিতে বৃহস্পতিবার শিলিগুড়িতে এলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন এবং জলপথ মন্ত্রকের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শিলিগুড়ি শিবমন্দিরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় লাগোয়া একটি অভিজাত হোটেলে উত্তরবঙ্গ বিজেপি নেতাদেরকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান,‘ইন্ডি জোট দেশের মানুষকে, নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে। এদের বিরুদ্ধে প্রত্যেকের আওয়াজ তোলা জরুরী।’

বিরোধীরা ইতিমধ্যে বলতে শুরু করেছেন,‘দেশের বেশিরভাগ রাজ্যে বিজেপি, কেন্দ্রে বিজেপি, তারপরও তাঁদের গণতন্ত্র বাঁচানোর ডাক দিতে হচ্ছে কেন ? কারণ দেশে আজ গণতন্ত্র নেই। নিজেরাই সেটা প্রমাণ করে দিচ্ছে।’ এই বক্তব্যের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান,‘অরাজকতা কখনই গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য সঠিক নয়। তাই যারা দেশের মধ্যে থেকে ষড়যন্ত্র রচনা করছেন, দেশের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন, জনগণের অধিকার খর্ব করার চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানো উচিৎ। আমরা চাই দেশের পরিবেশ সঠিক থাকুক। দেশের প্রতিটি ব্যক্তির জীবনে শান্তিপূর্ণ পরিবেশ আসুক।’
‘অরাজকতা কখনই গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য সঠিক নয়। তাই যারা দেশের মধ্যে থেকে ষড়যন্ত্র রচনা করছেন, দেশের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন, জনগণের অধিকার খর্ব করার চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানো উচিৎ।’– সর্বানন্দ সোনোয়াল
তিনি আরও বলেন,‘নতুন প্রজন্মকে কর্মসংস্থান দেওয়ার জন্য, নতুন প্রজন্মের জীবনকে গুছিয়ে তোলার জন্য ‘অমৃতকাল ভিশন ২০৪৭’ রাখা হয়েছে। আগামী ২০ বছর আমরা পরিশ্রম করব ভারতকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ তৈরি করার জন্য। যার ফলে নতুন প্রজন্ম কাজ পাবে, নতুন প্রজন্মের জীবন আরও শক্তিশালী হবে। এই ভিশনকে সফল করার জন্য সবাইকে একত্রিত হয়ে দাঁড়াতে হবে এবং নেতিবাচক শক্তির বিরুদ্ধে ইতিবাচক শক্তিকে দাঁড় করাতে হবে।’ এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অরুণ মণ্ডল, দার্জিলিং লোকসভার সাংসদ রাজু বিস্তা, বিজেপির রাজ্য সম্পাদক বিজন গোস্বামী, উত্তরবঙ্গ বিজেপির কনভেনর রাজু সাহা, রাজ্য বিজেপির মিডিয়া কনভেনর অনুপম ঘোষ সহ অনেকেই উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলন শুরু করার আগে কিংবদন্তী বিশ্বশিল্পী ভূপেন হাজারিকার প্রয়াণ দিবস উপলক্ষে শিল্পীর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।












