দুরন্ত প্রতিবেদন : দু’দিন আগেই প্রকাশ্যে শিলিগুড়িতে বিজেপি বিরোধী জোটের ডাক দিয়েছিলেন তৃণমূল নেতা গৌতম দেব। সেই সময় বাম ও কংগ্রেস কেউই অতি উৎসাহ প্রকাশ করেনি। কিন্তু তারপরেই আচমকা অনিল বিশ্বাস ভবন থেকে একটি ফোন গেল শিলিগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে। বলা হচ্ছে, এই ফোনটি ছিল কংগ্রেসকে নিয়ে একসঙ্গে আন্দোলন করার জন্য। কিন্তু বাস্তবে ঠিক কী কী কথা হয়েছে, সেসব এখনও গোপনেই আছে। তবে ওই ফোন যে জোটের প্রাথমিক প্রস্তাব সেটা বুঝতে বাকি থাকে না। মনে করা হচ্ছে বিজেপিকে কোণঠাসা করতে সেই জোটে ঘুরিয়ে তৃণমূলও ঢুকে যেতে পারে। যদিও সিপিএমের অনেক নেতাই তৃণমূলের সঙ্গে জোটে যেতে অনিচ্ছুক।
আচমকা অনিল বিশ্বাস ভবন থেকে একটি ফোন গেল শিলিগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে। বলা হচ্ছে, এই ফোনটি ছিল কংগ্রেসকে নিয়ে একসঙ্গে আন্দোলন করার জন্য।
সিপিএম ফোন করে কংগ্রেসকে ঠিক কী বলল, সেই বিষয় দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি সুবীন ভৌমিকে জিজ্ঞেস করলে তিনি ফোনালাপের কথা স্বীকার করলেও জোটের প্রসঙ্গ উড়িয়ে দেন। সময় অনুযায়ী আলোচনা এগোলে তিনি জানাবেন বলেন। অন্যদিকে সিপিএম নেতা জীবেশ সরকার জানিয়েছেন, জোটের প্রস্তাব নয়, বিজেপির বিরুদ্ধে একসঙ্গে ময়দানে নামার বিষয়ে কথা হয়েছে। যদিও এতসব রাখঢাক না রেখে অশোক ভট্টাচার্যের পরিষ্কার বক্তব্য, ‘পার্টি কী ভাবছে বলতে পারব না। কিন্তু এই মুহূর্তে বিজেপিকে পরাস্ত করতে ধর্মনিরপেক্ষ, ফ্যাসিবাদ বিরোধী সবাইকে একসঙ্গে লড়তে হবে।’
এসব আলোচনা থেকে স্পষ্ট, জোট নিয়ে মানসিকভাবে তৈরি সবাই। তবে কখন কোন্ পথে কিংবা কী মডেলে এই জোট হবে সেটাই বাকি। মনে করা হচ্ছে যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে শিলিগুড়ি মডেলের পথেই হয়তো হাঁটতে হবে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে।
‘পার্টি কী ভাবছে বলতে পারব না। কিন্তু এই মুহূর্তে বিজেপিকে পরাস্ত করতে ধর্মনিরপেক্ষ, ফ্যাসিবাদ বিরোধী সবাইকে একসঙ্গে লড়তে হবে।’– অশোক ভট্টাচার্য
উল্লেখ্য, বিজেপি যেভাবে ওয়ার্ডে ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ করে কার্যত কাউন্সিলরের কায়দায় কাজ করা শুরু করেছে, পুনর্বিন্যাসের নামে বিজেপি পছন্দসই ওয়ার্ড ভাগ করছে, অথচ বিরোধীরা আপত্তি তুললেও তার কিছু মানা হচ্ছে না বলে অভিযোগ। এই জায়গায় দাঁড়িয়ে ঐক্যবদ্ধ প্রতিবাদ আন্দোলন ছাড়া আর কোনও পথ নেই বলেই মনে করছেন বাম ও কংগ্রেস নেতারা।












