দুরন্ত প্রতিবেদন : বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দিলেন দার্জিলিং জেলা তৃণমূলের চেয়ারম্যান গৌতম দেব। শিলিগুড়ি পুরভোট নিয়ে যখন ক্রমশ ব্যস্ততা বাড়তে শুরু করেছে, সেই সময়ে দাঁড়িয়ে গৌতম দেবের এই ডাক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গণতন্ত্র রক্ষা ও মানুষের অধিকারের জন্য যে বিজেপির বিরুদ্ধে সব রাজনৈতিক দলকেই মাঠে নামতে হবে, সেই বক্তব্য দার্জিলিং জেলা সিপিএম থেকে দার্জিলিং কংগ্রেসেরও। তবে সিপিএম নেতা দিলীপ সিং ও জেলা কংগ্রেস সভাপতি সুবীন ভৌমিক সংকীর্ণ ভোটের রাজনীতির প্রেক্ষিতে এই লড়াইয়ের কথা বলতে নারাজ। তাঁদের সাফ কথা, গোটা দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এসআইআর নিয়ে যা কিছু সামনে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের জন্য, দেশের জন্য সবাই পথে নামুন। কিন্তু ভোটের জন্য জোটের বিষয়ে সরাসরি মন্তব্যের পথে হাঁটছেন না কেউই।


বরং সিপিএম নেতা দিলীপ সিং উল্টে প্রশ্ন তুলেছেন। বলেছেন,‘ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে তো লড়াই করতেই হবে। কিন্তু তার আগে গৌতমবাবু জবাব দিন আপনি কোন্ বাধ্যবাধকতার জন্য মেয়রের পদ ছেড়ে পালিয়ে গেলেন? শিলিগুড়ির মানুষ এখনও সেই উত্তর পরিষ্কার ভাবে পাননি। আপনাকে আগে জানাতে হবে মেয়াদ থাকা সত্ত্বেও মেয়রের পদ কেন ছাড়লেন?’
অন্যদিকে সিপিএম নেতা গৌতম ঘোষ তো আরও চড়া সুরে জানিয়ে দিয়েছেন,‘বিজেপি দেশের বিপদ– এটা সত্যি কথা। যেভাবে এবার দুর্গা পুজোয় বুক স্টল ভাঙা হল, তা বেনজির। দেশের পক্ষে অশুভ শক্তি বিজেপি৷ এই সময় আমরা চাইব সমস্ত বিজেপি বিরোধী শক্তিকে একত্রিত করা৷ কিন্তু তৃণমূল যেভাবে শিলিগুড়ি পুরসভায় দুর্নীতি করেছে, অপদার্থতার পরিচয় দিয়েছে, তাতে তৃণমূলের সঙ্গে যাওয়ার প্রশ্নই ওঠে না৷ তৃণমূলের সমর্থকদেরও বলব, আপনারা আমাদের সঙ্গে আসুন৷ ভোটের কালি শুকোতে না শুকোতেই তৃণমূল ভেঙে গিয়েছে৷ ফলে এই দলের কোনও ভবিষ্যৎ নেই৷ তৃণমূল বিজেপি-র সঙ্গে লড়তে পারবে না, একমাত্র বামেরাই বিজেপি-র মোকাবিলা করতে পারবে৷’
‘শিলিগুড়ির যে রাজনৈতিক সংস্কৃতি তার বিরুদ্ধে যাচ্ছে বিজেপি। আমাদের অভিজ্ঞতা একদম ভালো নয়। কিন্তু মানুষকে সংহত করে লড়তে হবে। সবাইকে মিলে নিতে হবে। যারা সত্যিকারের গণতন্ত্র চান এবং মানুষের বলার অধিকার, মানুষের ভোটের অধিকার রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’– গৌতম দেব
সোমবার শিলিগুড়ি তৃণমূলের জেলা কার্যালয়ে গৌতম দেব, জেলা সভাপতি কুন্তল রায়, মিলন দত্ত, ধীমান বোসরা সম্মিলীতভাবে একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে মূলত তাঁরা তুলে ধরেন, কীভাবে ৪ঠা মের পর থেকে তৃণমূল নেতাদের ওপর দমনপীড়ন চলছে। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া, নেতাদের প্রকাশ্যে মারধর, পুলিশের নিস্ক্রীয়তা তুলে ধরে প্রচুর অত্যাচারের তালিকা তুলে ধরেন।
গৌতম দেব জানান, শিলিগুড়ির যে রাজনৈতিক সংস্কৃতি তার বিরুদ্ধে যাচ্ছে বিজেপি। আমাদের অভিজ্ঞতা একদম ভালো নয়। কিন্তু মানুষকে সংহত করে লড়তে হবে। সবাইকে মিলে নিতে হবে। যারা সত্যিকারের গণতন্ত্র চান এবং মানুষের বলার অধিকার, মানুষের ভোটের অধিকার রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। শাসক দলের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত মতের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। যে যার মতো পারে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারের প্রতিবাদ হওয়া উচিত। এক্ষেত্রে সিপিএম কংগ্রেস শুধু নয়, সবাইকে পাশে চাইছি।’
‘ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে তো লড়াই করতেই হবে। কিন্তু তার আগে গৌতমবাবু জবাব দিন আপনি কোন্ বাধ্যবাধকতার জন্য মেয়রের পদ ছেড়ে পালিয়ে গেলেন? শিলিগুড়ির মানুষ এখনও সেই উত্তর পরিষ্কার ভাবে পাননি। আপনাকে আগে জানাতে হবে মেয়াদ থাকা সত্ত্বেও মেয়রের পদ কেন ছাড়লেন?’ – দিলীপ সিং
দার্জিলিং সিপিএমের গুরুত্বপূর্ণ নেতা দিলীপ সিং জানান,‘গৌতমবাবু ঠিকই বলছেন, সবাইকে রাস্তাতে নেমে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করা উচিত। কিন্তু যদি এটা শুধু ইলেক্টরাল অ্যালায়েন্সের জায়গাতে থাকে, তাহলে ইলেক্টরাল অ্যালায়েন্সের জায়গাটা খুব ক্ষুদ্র, খুব সংকীর্ণ। এই লড়াই আরও বিস্তৃত ক্ষেত্রে করা প্রয়োজন।’
জেলা কংগ্রেস সভাপতি সুবীন ভৌমিক জানান,‘বর্তমান গোটা রাজ্য তথা দেশে অস্থির অবস্থা চলছে। এখান থেকে মানুষকে মুক্ত করার আহ্বান আমরাও জানাচ্ছি। এই অরাজক অবস্থার থেকে মুক্তি পেতে হলে নতুন চিন্তাভাবনা করতেই হবে। সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছে আহ্বান রাখছি যে খোলা মন নিয়ে এই অস্থির অবস্থা থেকে
পশ্চিমবঙ্গ তথা শিলিগুড়িকে মুক্ত করতে এগিয়ে আসুন।’ উল্লেখ্য, সুবীন ভৌমিকও পরিষ্কার করে গৌতম দেবের জোটে ডাকে সাড়া দেননি।












