দুরন্ত প্রতিবেদন : উত্তরবঙ্গের একমাত্র পুরনিগম ‘শিলিগুড়ি’। বিগত বোর্ডে বিজেপির মাত্র ৫টি আসন ছিল। তাই নিয়ে বিরোধী আসনে বসেছিল বিজেপি। বিরোধী দলনেতা ছিলেন অমিত জৈন। এখন রাজ্যের ক্ষমতায় বিজেপি। ফলে শিলিগুড়ি পুরনিগম জিততে মরিয়া বিজেপি। ইতিমধ্যে শিলিগুড়ি দখল করতে রণকৌশল শুরু হয়ে গেছে। আপাতত শিলিগুড়ি শহরে চর্চার কেন্দ্রবিন্দুতে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অরুণ মণ্ডল। তাঁর ভোটকেন্দ্র গ্রামে, কিন্তু শিলিগুড়ি পুরভোটের প্রাক্কালে শহরের ভোটার তালিকায় নাম তোলার উদ্যোগকে ঘিরেই তিনি চর্চার মধ্যে চলে এসেছেন। শোনা যাচ্ছে, তিনি পুরভোটেও লড়বেন। এমনকি মেয়র পদপ্রার্থীও হতে পারেন। এই গোটা বিষয়টিকে অরুণ মণ্ডল একটি প্রবাদ প্রবচন দিয়েই উড়িয়ে দিয়েছেন–‘গাছে কাঠাল, গোঁফে তেল’।

‘শিলিগুড়ি পুরভোটে বিজেপির পুরো টিমকে জেতাতে হবে। তার জন্য সাংগঠনিকভাবে বিস্তর কাজ রয়েছে। প্রয়োজন ওয়ার্ডে ওয়ার্ডে নিবিড় প্রচার। মানুষকে আমাদের নীতি,আদর্শ জানানোর পাশাপাশি লক্ষ্যের কথা জানাতে হবে। ফলে শহরে থেকেই সেই কাজ করতে পারলে সুবিধা হবে। সেখানে প্রার্থী কে হবেন, কে মেয়র হবেন সেসব অনেক দূরের কথা এবং সেই বিষয়ে রাজ্য নেতারাই ঠিক করবেন।’– অরুণ মণ্ডল
তবে তিনি যে শহরে ঘাঁটি গাড়বেন সেই ইঙ্গিত কিন্তু দিয়েছেন। তবে কি সব জল্পনাই সত্যি? অরুণ মণ্ডল জানান, শিলিগুড়ি পুরভোটে বিজেপির পুরো টিমকে জেতাতে হবে। তার জন্য সাংগঠনিকভাবে বিস্তর কাজ রয়েছে। প্রয়োজন ওয়ার্ডে ওয়ার্ডে নিবিড় প্রচার। মানুষকে আমাদের নীতি,আদর্শ জানানোর পাশাপাশি লক্ষ্যের কথা জানাতে হবে। ফলে শহরে থেকেই সেই কাজ করতে পারলে সুবিধা হবে। সেখানে প্রার্থী কে হবেন, কে মেয়র হবেন সেসব অনেক দূরের কথা এবং সেই বিষয়ে রাজ্য নেতারাই ঠিক করবেন। সেখানে আমাদের হাতে কিছু নেই। যদি প্রদেশ থেকে মনে করে কাউকে ভোটের ময়দানে নামতে হবে, তবে তার জন্যও সবাইকে প্রস্তুত থাকতে হবে। এখানে স্বঘোষিত কোনও সিদ্ধান্তের জায়গা নেই।’
অরুণ মণ্ডল যেটা বলতে চাইছেন, তা হল, তিনি প্রার্থী হবেন কিনা সেটা বড় কথা নয়। বরং তিনি তাঁর বিজেপি টিমকে জেতাবেন, এই লক্ষ্য নিয়েই শহরে এবারে সময় বেশি দেবেন। তাঁর কথার যা ইঙ্গিত, তাতে শহরে ভাড়া বাড়িতে নিজে ঘাঁটি গাড়বেন। সেখান থেকেই চলবে প্রচার।
উল্লেখ্য, বিজেপি সভাপতি অরুণ মণ্ডল তাঁর বিধাননগরের বাড়িতে বড় আকারে লক্ষ্মীপুজো করেন। ফলে রবিবার ও সোমবার তিনি পুজো নিয়েই ব্যস্ত থাকবেন। মঙ্গলবার দলের বিভিন্ন স্তরে কিছু আলোচনা সেরে বুধবার অর্থ্যাৎ ২৮ অক্টোবর থেকেই শিলিগুড়ি পুর এলাকায় জনসংযোগ ও সংগঠনের কাজে নামতে পারেন। অন্তত তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি নিজেই। এরই মধ্যে তিনি শিলিগুড়ি শহরের মাঝামাঝি কোনও এলাকায় ভাড়া বাড়িও খুঁজছেন বলে বিশ্বস্থ সূত্রের খবর। সংগঠনের কাজের সুবিধার জন্যই তিনি বাড়ি ভাড়া নেবেন বলে জানা যাচ্ছে। এসবের মধ্যেও ক্রমশ স্পষ্ট হচ্ছে শিলিগুড়ি নিয়ে বিজেপির রণকৌশল।












