Opens in a new tab

উত্তরবঙ্গ, খবরাখবর, শিলিগুড়ি

‌মুখ্যমন্ত্রীর সফরে ৪ নাম নিয়ে চর্চা

নভেম্বর 3, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ উত্তরবঙ্গে প্রথম কোনও রাজনৈতিক মিছিলে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী আজ হাঁটবেন শিলিগুড়ির রাজপথে। তার আগে অবশ্য উত্তরকন্যায় গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। উত্তরকন্যার বৈঠকের মধ্যেও রাজনৈতিক তাৎপর্য আছে। বৈঠকের পর শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে মহামিছিল। কিন্তু সেই মিছিল ও সভা শেষ করে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির ৪ জন বিশিষ্ট ব্যক্তিত্বের বাড়িতে গিয়ে বিজয়ার শুভেচ্ছা জানাতে পারেন বলে জানা যাচ্ছে।
সোমবার যখন গোটা শহরের নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছিল, সেই সময় এই মানুষগুলির বাড়ির পথগুলিও খতিয়ে দেখা হয়েছে। তাতেই পরিষ্কার প্রশাসন সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রাখছেন।
যে ৪ জনের বাড়িতে মুখ্যমন্ত্রীর যাবার সম্ভাবনা রয়েছে, তাঁরা হলেন ভারতীয় মহিলা ক্রিকেটার রিচা ঘোষ, পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়, ডাঃ পি ডি ভুটিয়া ও প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকার।

মাখনলাল সরকার, রিচা ঘোষ, ডাঃ পি ডি ভুটিয়া ও নগেন্দ্রনাথ রায়

ক্রিকেটে বিশ্বজয় করে আসার পর রিচার ঘোষের বাড়িতে সেই সময় শুভেন্দু অধিকারী এসেছিলেন। তখন তিনি ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এখন মুখ্যমন্ত্রী। ফলে রিচার বাড়িতে আসা নিয়ে আলাদা করে জল্পনার কিছু নেই। একইরকম প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারের বাড়িতে যাওয়াটাও কোনও বিশেষ তাৎপর্যবহনকারী কিছু নয়। যে নেতার পা ছুঁয়ে প্রণাম করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার বাড়িতে যাওয়া এবং তাঁদের খবর রাখা মুখ্যমন্ত্রীর কর্তব্যের মধ্যেই পড়ে। একইভাবে পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়ের বাড়ি যাওয়াটার মধ্যে বিশেষ বার্তা আছে। উত্তরবঙ্গে এই মুহূর্তে রাজবংশীদের সংঘবদ্ধ করতে যেভাবে বিজেপি এগোচ্ছে, এমনকি এদিন উত্তরকন্যাতেও ওই রাজবংশী সমাজের বিশিষ্টদের নিয়েই একটি বৈঠকও আছে, সেই সময় রাজবংশী সমাজের নমস্য ব্যক্তি তথা রাজবংশী ভাষায় রামায়ণের অনুবাদক পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়ের বাড়িতে যাওয়ার একটি বিশেষ তাৎপর্য আছে বৈকি। অর্থ্যাৎ রাজবংশী ও কামতাপুরীদের প্রায় দেড় ডজন সংগঠনকে এক ছাদের তলায় নিয়ে আসার প্রক্রিয়া যখন চলছে, তখন এই সম্প্রদায়ের অভিভাবকদের কাছে যাওয়াও একটি বার্তা।
এর পাশাপাশি চিকিৎসক পি ডি ভুটিয়ার সঙ্গে দেখা করার কথা আছে। বঙ্গরত্ন পি ডি ভুটিয়ার সঙ্গে আলাদা ভাবে দেখা করার পিছনে কী কারণ থাকতে পারে, তা নিয়ে জল্পনা চলছে। ডাক্তার হিসেবে পি ডি ভুটিয়ার সামাজিক অনেক কর্মকাণ্ড আছে। পাহাড় থেকে তরাইয়ে সমানভাবে পরিচিত তিনি। তাঁকে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়ার পেছনে নিশ্চয়ই বিশেষ কারণ থাকতেই পারে। তবে আদৌ মুখ্যমন্ত্রী এদিন কী করেন, তার ওপর ভিত্তি করেই পরে স্পষ্ট হবে সমস্ত বিষয়।

Leave the first comment