Opens in a new tab

খবরাখবর, শিলিগুড়ি

সংরক্ষণের গুঁতোয় ভেঙে যাবে কাউন্সিলর হবার স্বপ্ন !‌

নভেম্বর 2, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ রাজ্যের ক্ষমতায় এখন বিজেপি। আগামী বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে শিলিগুড়ি পুরভোট। ওয়ার্ডের বিজেপি নেতারা ধরেই নিয়েছেন বোর্ড তাঁদেরই হবে। ফলে ওয়ার্ডে কাউন্সিলরের টিকিট পেলেই কেল্লাফতে। ইতিমধ্যে ৪৭টি ওয়ার্ডে সংগঠন মজবুত করতে ৪৭ জন কো-‌অর্ডিনেটর নিযুক্ত করেছে বিজেপি। কো-‌অর্ডিনেটরদের অনেকে মনে করছেন যথারীতি কাউন্সিলর তাঁরা হয়েই গেছেন। ভোট হলে শুধু সরকারি স্বীকৃতি মিলবে। কিন্তু সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা ইতিমধ্যে কাউন্সিলর হবার স্বপ্ন দেখেছেন, তাঁদের অনেকেরই স্বপ্নভঙ্গ নিশ্চিত। কারণ অন্তত ১০ জন কো-‌অর্ডিনেটর তো দলীয় ভাবেই পাল্টে দেওয়া হবে। কিন্তু তার চেয়েও বড় সমস্যা তৈরি করবে আসন সংরক্ষণ তালিকা।

উল্লেখ্য, চাইলেই যে কেউ যে কোনও ওয়ার্ড থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। কারণ ওয়ার্ড পুনর্বিন্যাসের পর সংরক্ষণ তালিকা প্রকাশ হয়। এই তালিকা অনুযায়ী ঠিক হয়, কোন্‌ ওয়ার্ড থেকে মহিলা প্রার্থী, কোন্‌ ওয়ার্ড থেকে এসসি মহিলা, কোন্‌ ওয়ার্ড থেকে এসটি মহিলা কিংবা কোন্‌ ওয়ার্ড থেকে সাধারণ ক্যাটেগরিতে প্রার্থী হতে পারবেন। সেই তালিকা এবারে নতুন করে তৈরি হবে। যেহেতু ওয়ার্ড সংখ্যা ৪৭ থেকে বেড়ে ৬৩টি হবে, ফলে ওয়ার্ডের সংরক্ষণ তালিকাও আমূল বদলে যাবে। পুরনিগমে অন্তত একটি আসনে তপশীল উপজাতির প্রার্থী দিতেই হবে। সেই ওয়ার্ড বিগত বছর ৪২ নম্বরে ছিল। এবারে সম্ভাবনা ৪৭ নম্বর এসটি হবে। মহিলা ওয়ার্ড হবে অন্ততপক্ষে ২১টি। যার মধ্যে ৮টি ওয়ার্ড হবে মহিলা (‌এসসি)‌। এরপর পুরুষ (‌এসসি)‌ ও জেনারেল পুরুষ বিভাগে থাকবে কিছু ওয়ার্ড। এই তালিকা করার একটি নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুযায়ী প্রাথমিকভাবে যা বোঝা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে অনেক ওয়ার্ডের ক্যাটেগরি পাল্টে যাবে। ফলে ওই ওয়ার্ডে কাউন্সিলর হবেন বলে যারা বসে আছেন, তাঁরা হয়তো ক্যাটেগরিতেই পড়বেন না। ফলে অনেকেরই স্বপ্নভঙ্গ হবেই।

এখনও পর্যন্ত জানা যাচ্ছে নভেম্বর মাসের মধ্যেই ওয়ার্ড পুনর্বিন্যাসের তালিকা প্রকাশ হয়ে যাবে। আর এই তালিকা তৈরি হলেই বিজেপি বেশ কিছু কো-‌অর্ডিনেটর পরিবর্তন করবে। নতুন যে ১৬টি ওয়ার্ড তৈরি হবে, সেখানে নতুন কো-‌অর্ডিনেটর নিযুক্ত করবে। ফলে এমনিতেই অনেক রদবদল হয়ে যাবে। এরপর ডিসেম্বর মাস নাগাদ সংরক্ষণ তালিকা প্রকাশ হতে পারে। তখনই বোঝা যাবে কোন্‌ ওয়ার্ড মহিলা ও কোন্‌ ওয়ার্ড তপশিল জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণ করা হয়েছে। তারপরেই কাউন্সিলরের টিকিট দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল।

Leave the first comment