Opens in a new tab

খবরাখবর, শিলিগুড়ি

ওয়ার্ড বেড়ে সেই ৬৩, তীব্র ক্ষোভ বিরোধীদের

নভেম্বর 7, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ড ও দার্জিলিং জেলা প্রশাসন পুনর্বিন্যাসের খসড়া তালিকায় ৬৩টি ওয়ার্ডের কথা বলা হয়েছিল। ১২ টি ওয়ার্ড ভেঙে আরও নতুন ১২টি ওয়ার্ড এবং ২টি ওয়ার্ড ভেঙে নতুন আরও ৪টি ওয়ার্ড তৈরির প্রস্তাব দিয়েছিল। তার জন্য ১৬টি নতুন ওয়ার্ড তৈরি হচ্ছিল। সব মিলিয়ে সংখ্যা দাঁড়াচ্ছিল ৬৩টি। অদ্ভূত ভাবে রাজ্য নির্বাচন দপ্তর যে পুনর্বিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে, সেখানেও সেই ৬৩টি ওয়ার্ডই রয়েছে। অর্থ্যাৎ ৪৭ থেকে ওয়ার্ড বাড়িয়ে ৬৩টি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি জারি হতেই বিরোধী দলগুলি তীব্র প্রতিবাদ জানিয়েছে।

শিলিগুড়ি পুরনিগম।


খসড়া তালিকা প্রকাশের পর প্রশাসনের ডাকা বৈঠকে বিরোধীরা ওয়ার্ড পুনর্বিন্যাসের পদ্ধতি থেকে নিয়ম বিধি নিয়ে নানা আপত্তি তুলেছিলেন। কোন্‌ কোন্‌ জায়গায় খামতি রয়েছে, সেসব ক্রমিক আকারে জানানোর পরও সরকার বিরোধীদের কোনও কথারই মান্যতা দেয়নি বলে অভিযোগ। সিপিএম নেতা দিলীপ সিং জানান, বিধিবহির্ভূত ভাবে তালিকা তৈরি হয়েছে। যুক্তিসঙ্গত তালিকা হয়নি। খামখেয়ালিভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে। তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি কুন্তল রায় জানান,‘‌পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস একতরফাভাবে করা হয়েছে। বিরোধীদের কথার কোনও মূল্যই দেয়নি।’‌ তবে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল জানান,‘‌সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে কোনও রাজনৈতিক দল তাঁদের নিজস্ব কথাগুলি কিংবা প্রস্তাব জানাতেই পারেন। কিন্তু সেই প্রস্তাব যদি নিয়মের মধ্যে থেকে মান্যতাযোগ্য হয়, তবে মানবেন। আর যদি মান্যতাযোগ্য না হয়, তবে মানবেন না। সরকার যেটাকে চূড়ান্ত বলবে সেটাকেই তো মেনে নিতে হবে।’‌

শিলিগুড়ি পুরনিগমের পুনর্বিন্যাসের চূড়ান্ত বিজ্ঞপ্তি।


উল্লেখ্য, রাজ্যে বিজেপির সরকার গঠন হতেই শিলিগুড়ি পুরবোর্ড থেকে ইস্তফা দেন তৃণমূলের মেয়র গৌতম দেব। রাজ্য সরকার প্রশাসক বসায়। এরপরেই নতুন সরকার সিদ্ধান্ত নেয় শিলিগুড়ির ওয়ার্ডগুলি নতুন ভাবে বিন্যাস করবে। তারপরেই পুনর্বিন্যাসের প্রক্রিয়া শুরু হয়। জেলা প্রশাসন ও পুরনিগম ৪৭টি ওয়ার্ডের মধ্যে ১৪টি ওয়ার্ড ভেঙে নতুন আরও ১৬টি ওয়ার্ড তৈরির প্রস্তাব দেয়। ১২টি ওয়ার্ড দুই ভাগে ও ২টি ওয়ার্ড ৩ ভাগে ভাগ করা হয়। এই পুনর্বিন্যাসের পর বিরোধীরা জানান, যে ১৪টি ওয়ার্ড ভাঙা হয়েছে, একই আয়তনের আরও একাধিক ওয়ার্ড রয়েছে, সেগুলি ভাঙা হয়নি। ফলে আয়তন ও জনসংখ্যায় অসমতা থাকছেই। এরপরেই বিরোধীরা জানান, কেন আরও কিছু ওয়ার্ড বাড়ানো হবে না?‌ বিষয়টি নিয়ে চর্চাও চলে। কিন্তু এদিন দেখা যায় প্রশাসনের প্রস্তাবের বাইরে বিন্যাসে কোনও পরিবর্তন হয়নি। তাই নিয়েই মূলত বিরোধীদের ক্ষোভ।
অর্থ্যাৎ শাসক দল যা চাইবে, তাই হবে। এটা কোনও সিস্টেম হতে পারে না। বিরোধীরা যদি যুক্তি সঙ্গত প্রস্তাব দেন, তবে সেসব মানা প্রয়োজন। কলকাতায় একই ভুল করায় হাইকোর্ট ভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ দিয়েছে। শিলিগুড়িতেও একই ভুল করছে বলে অভিযোগ। তাই এরা জোর করে তালিকা চূড়ান্ত করলেও একসময় ভাবতে বাধ্য হতে হবে বলে বিরোধীদের দাবি।

Leave the first comment