Opens in a new tab

শিলিগুড়ি

পুরক্ষেত্র :‌ মুখের ভিড়ে মাথা নষ্ট ২ নম্বরে

নভেম্বর 29, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ আগামী ২০২৭ সালের শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনকে সামনে রেখে ২ নম্বর ওয়ার্ডে বিজেপির অন্দরে সম্ভাব্য প্রার্থী নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বাঘাযতীন কলোনি, প্রধাননগর ও বিবিডি কলোনি—এই তিন ভিন্ন চরিত্রের এলাকা নিয়ে গঠিত ওয়ার্ডটিতে প্রার্থী হতে ইচ্ছুক একাধিক মুখের ভিড়ে সমীকরণ জটিল হয়ে উঠেছে। তার সঙ্গে রয়েছে নেতাদের মধ্যে অন্তর্বিরোধ। সবচেয়ে সক্রিয় এক মহিলা নেত্রী ও পুরুষ নেতার মধ্যেকার খেয়োখেয়ি দলের ভাবমূর্তিতে আঘাত করছে। যাকে বলে সঙ্ঘাত চরমে চলছে দুই নেতা-‌নেত্রীর।

তবে আজকের পর্ব শুরু করার আগে কয়েকটি কথা বলে নেওয়া জরুরী। ভারতের সংবিধানের ১৯(১)(ক) অনুচ্ছেদ অনুযায়ী সংবাদমাধ্যমের বাক ও মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে, তবে তা ১৯(২) অনুচ্ছেদ অনুযায়ী কিছু যুক্তিসঙ্গত বিধিনিষেধ (যেমন—মানহানি, রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা) দ্বারা নিয়ন্ত্রিত। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার নীতিমালা অনুযায়ীও সংবাদ প্রকাশের সীমারেখা আছে। একজন সাধারণ নাগরিকের ব্যক্তিগত জীবন, পরিবার, স্বাস্থ্য বা আর্থিক বিষয় নিয়ে সংবাদমাধ্যম অনুমতি ছাড়া কোনও প্রতিবেদন প্রকাশ করতে পারে না। কিন্তু রাজনৈতিক নেতারা যেহেতু জনগণের ভোটে বা জনগণের প্রতিনিধিত্ব করার দাবিতে ক্ষমতায় থাকেন, তাই তাঁদের ব্যক্তিগত গোপনীয়তার পরিধি সাধারণ নাগরিকের তুলনায় অনেক সংকীর্ণ। নেতাদের আয়, সম্পত্তি, নির্বাচনী হলফনামা, অপরাধমূলক রেকর্ড এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে সংবাদমাধ্যম অবাধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে পারে।
কোনও নেতার ব্যক্তিগত জীবনের এমন কোনও দিক— যা তাঁর সরকারি দায়িত্ব পালন, নৈতিকতা বা জনস্বার্থকে প্রভাবিত করে —তা সংবাদমাধ্যম প্রকাশ করতে পারে। গণতন্ত্রে রাজনৈতিক নেতাদের নীতি ও বক্তব্যের তীব্র সমালোচনা করার পূর্ণ অধিকার সংবাদমাধ্যমের রয়েছে, যতক্ষণ না তা ব্যক্তিগত কুৎসা বা ভিত্তিহীন মানহানিতে রূপ নেয়। ফলে কেউ রাজনীতিতে নাম লিখিয়ে এলাকা দাপিয়ে বেড়াবেন, অথচ তাঁদের নজরদারি করলে প্রশ্ন করবেন, সেটা চলতে পারে না।


শিলিগুড়ি ২ নম্বর ওয়ার্ডের বিজেপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করতে গিয়ে এই কথাগুলি বলার পেছনে নিশ্চিত কিছু কারণ রয়েছে। এই ওয়ার্ডে প্রাথমিক সমীক্ষার পর যখন মানুষের মুখ থেকে উঠে আসা নেতাদের সঙ্গে কথা বলতে গিয়েছি, দেখা গেছে অনেকেই জানিয়ে দিয়েছেন, তাঁকে নিয়ে যেন নীরব থাকা হয়। কারণ, চর্চার মধ্যে চলে গেলেই জনতার স্ক্যানিংয়ে পড়ে যাবেন এবং মানুষ সরাসরি র‌্যাঙ্কিং করে বুঝিয়ে দিতে পারেন, কার পক্ষে ওয়ার্ডে প্রার্থী হওয়া সঠিক কিংবা ধৃষ্টতা। তাই কাউন্সিলর হবার তো ইচ্ছে আছে, কিন্তু জনগণের মুখোমুখি হবার ক্ষমতা নেই অনেকেরই।
শিলিগুড়ি ২ নম্বর ওয়ার্ড থেকে কাকে বিজেপির টিকিট দেওয়া হতে পারে ?‌ তাই নিয়ে জেলা নেতৃত্বের যেমন নজর থাকে, তেমনি অনেকে জেলাতে সরাসরি আবেদনও করেন। সেসব নিয়ে চর্চা হয়। এই মুহূর্তে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপিতে ২ নম্বর ওয়ার্ডের মোট ৪ জনকে নিয়ে মূলত বিশ্লেষণ চলছে বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে। তাঁরা হলেন–
বাণী পাল: ইনিই বর্তমানে বিজেপির শিলিগুড়ি ২ নম্বর ওয়ার্ড কো-‌অর্ডিনেটর। ২০২২ সালের পুরভোটে ইনিই বিজেপির প্রার্থী ছিলেন। প্রার্থী ছিলেন ২০০৪ সালেও। ১৯৯৬ সাল থেকে দলীয় কাজকর্মের সঙ্গে যুক্ত বলে তাঁর দাবি। সংগঠনের কাজে গোটা উত্তরবঙ্গ চষে বেড়িয়েছেন একসময়। এখনও চুপচাপ বসে থাকতে পারেন না। ১৯৯৬ সালে বুথ সভাপতির দায়িত্ব দিয়ে শুরু করে ওয়ার্ড সভাপতি, মণ্ডল সম্পাদক, মহিলা মোর্চার জেলা সভাপতি, জেলা বিজেপির সম্পাদক, সহসভাপতি থেকে শুরু করে ওবিসি মোর্চার রাজ্য কমিটির দায়িত্বও তিনি পালন করেছেন। এমনকি কুম্ভকারদের সংগঠিত করার কাজ করতে গিয়ে কেন্দ্রীয় কমিটিতেও জায়গা করে নিয়েছেন।

বাণী পাল

প্রদীপ চৌধুরী: বিজেপির শিলিগুড়ি জেলা সম্পাদক প্রদীপ চৌধুরী ২০১২ সাল থেকে দলীয় কাজকর্মের সঙ্গে যুক্ত। শুরু থেকেই ওয়ার্ডের রাজনীতিতে যুক্ত। বাঘাযতীন কলোনির নদী সংলগ্ন এলাকায় তাঁর সাংগঠনিক প্রভাব আছে বলে জানা যায়। ২০১৫ সালে তাঁর স্ত্রী তাপসী চৌধুরী এই ওয়ার্ড থেকে প্রার্থীও হয়েছিলেন। প্রদীপ চৌধুরীও বুথ সভাপতি থেকে মণ্ডলের সহ সভাপতি, উদ্বাস্তু সেলের কো-‌কনভেনার, এসসি মোর্চার রাজ্য সদস্য হয়ে শিলিগুড়ি জেলা বিজেপির সম্পাদক এখন। দলের সক্রিয় সদস্য। আবার বিতর্কিতও। এমন সব বিতর্কে জড়িয়েছেন যে, দলকে ভাবতে বাধ্য হতে হচ্ছে, তাঁকে কতটা ক্ষমতা দেওয়া যেতে পারে।

প্রদীপ চৌধুরী

ডাঃ বিভা মিশ্র: সাম্প্রতিক সময়ে ডক্টরস সেল ও ওয়ার্ডের বিভিন্ন কর্মসূচিতে তিনি বেশ সক্রিয়। ওয়ার্ডে জনপ্রতিনিধি হিসেবে কাজ করার ইচ্ছে তাঁর ২০১৪ সাল থেকেই। ২০১৫ নির্বাচনে টিকিট দেওয়া হবে বলে চর্চাও হয়েছিল সেই সময়। কিন্তু শেষমেষ হয়নি। ফলে তিনিও ক্রমশ নিস্ক্রীয় হয়ে পড়েন। বিগত ১ বছর ধরে আবারও রাজনীতিতে সক্রিয় হয়েছেন। মাঝের সময়গুলিতে জড়িয়ে ছিলেন বিভিন্ন সমাজসেবামূলক কাজে। কোনওরকম বিতর্কমূলক জায়গা থেকে দূরে থাকতেই নিরাপদ বোধ করেন। ফলে জটিল এই ওয়ার্ডের প্রতিটি এলাকা সম্পর্কে তাঁর ধারণা কতটা গভীরে এবং সব স্তরের মানুষের সঙ্গে সম্পর্ক কতটা নিবিড় সেসব আলোচনা সাপেক্ষ।

ডাঃ বিভা মিশ্র

কাকলি দাস :‌ রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছেন কাকলি দাস। বুথের সাধারণ সম্পাদক দিয়ে ২০১৭ সাল থেকে রাজনীতির ময়দানে পা রাখা। এরপর সহ শক্তি প্রমুখ, মহিলা মোর্চার মণ্ডলের সহ সভানেত্রী, পরে সভানেত্রী। বিগত বিধানসভায় ইনচার্জের দায়িত্বও পালন করেছেন। আপাতত জেলা মহিলা মোর্চার কার্যকরী সদস্য। বাঘাযতীন কলোনির বাসিন্দা হয়েও আরও বড় পরিসরে পরিষেবামূলক কাজ নিয়েই ব্যস্ত থাকেন। এমনিতে গৃহবধূ। কিন্তু মানুষ ডাকলে পাশে দাঁড়ানোর যথাসম্ভব চেষ্টা করেন।

কাকলি দাস

এই নামগুলির বাইরেও ওয়ার্ড থেকে আরও কিছু নাম উঠে এসেছে, যারা প্রার্থী হতে পারেন বলে চর্চা চলছে। সেই তালিকায় রয়েছেন—

সমীর চৌধুরী (‘গান্ধীদা’): প্রায় তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন নেতা। চুটিয়ে করেছেন DYFI ও CPI(M)। ২০২১ সাল নাগাদ শঙ্কর ঘোষ যখন বাম ছেড়ে বিজেপিতে এসে বিধানসভার প্রার্থী হন, সেই সময় শঙ্করের পাশাপাশি বেশকিছু বাম নেতাকর্মী বিজেপিতে পা রেখেছিলেন। তাঁদের মধ্যে অন্যতম সমীর চৌধুরী। ওয়ার্ডে দীর্ঘদিনের পরিচিতি ও বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে পুরনো ঘনিষ্ঠতার কারণে তিনিও চর্চায় আছেন।

সমীর চৌধুরী (‘গান্ধীদা’)

চুমকি সাহা: ২০১৮ সাল থেকে বিজেপিতে। উঠে আসেন সঙ্ঘের হাত ধরে। প্রবীণ আগরওয়ালা জেলা বিজেপির সভাপতি থাকাকালীন তিনি বিজেপিতে যুক্ত হন। এসেই ১ নম্বর মণ্ডলের সহ সভাপতি পদ পান। তারপর সরাসরি জেলা মহিলা মোর্চার সম্পাদক পদ পান। এখন রাজ্য মহিলা মোর্চার সদস্য। সেই সঙ্গে মহিলা মোর্চার জলপাইগুড়ির ইনচার্জ। একই সঙ্গে নিজের ভাল লাগা থেকে সর্বক্ষণ জড়িয়ে রাখেন ওয়ার্ডের কাজে। বাড়িতে বৃদ্ধ শ্বশুড় শাশুড়ি, সংসার সন্তান সামলেও বেশিরভাগ সময় পার্টিকে দেবার চেষ্টা করেন। চুমকি সাহাকে ধূপ কোম্পানি রোডের কিছু বুথে অধিক সক্রিয় দেখা যায়। বিধানসভা নির্বাচনের সময়ও বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে বিভিন্ন এলাকায় সক্রিয় ছিলেন।

চুমকি সাহা

দেবযানি সেনগুপ্ত: রাজ্যস্তরের দায়িত্ব সামলানো এই নেত্রীকে একসময় বিজেপির প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে চোখে পড়তো। রাজ্যে বিজেপি সরকার হবার থেকে মনে হয় অনেকটাই স্বস্তিতে। নিজেকে কিছুটা সীমাবদ্ধ করেছেন। কিন্তু ওয়ার্ডে বুথ স্তরে মানুষের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে তাঁর সক্রিয়তা অব্যাহত। মিশুকে স্বভাবের এই প্রবীণাকে নিয়েও চর্চা আছে ২ নম্বর ওয়ার্ডে।
এই চর্চা মূলত কাকে প্রার্থী করা যায়, সেই বিষয়ে। এই নামগুলির বাইরেও প্রার্থী হবার ইচ্ছে নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন আরও অন্তত ৩ জন। ফলে এই মুহূর্তে শিলিগুড়ি ২নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর পদের জন্য মুখের ছড়াছড়ি। কিন্তু সর্বজনগ্রাহ্য ব্যক্তিত্ব এখনও অধরা বলেই ‘‌সাতদিন’‌-‌এর ছোট্ট সমীক্ষায় উঠে এসেছে।

দেবযানি সেনগুপ্ত

বাঘাযতীন কলোনী, প্রধাননগর ও বিবিডি কলোনী নিয়ে গঠিত শিলিগুড়ি ২নম্বর ওয়ার্ডে গরিব, মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তদের বসবাস। এখানে আজও পাড়া-সংস্কৃতি যেমন আছে, পাশাপাশি আধুনিক ফ্ল্যাট ও বাণিজ্যিক সুবিধার কারণে অদ্ভুত মিশ্র রূপ দৃশ্যমান এখানে। এই এলাকায় যেমন মহানন্দা নদীর পাড় ধরে উদ্বাস্তু কলোনী আছে, তেমনি একটি বড় অংশ বাণিজ্যিক এলাকা। কসমোপলিটান বা বহুমাত্রিক শহর হওয়ায় বাঙালি জনগোষ্ঠীর প্রাধান্যের সঙ্গে সঙ্গে এই ওয়ার্ডে নেপালি, বিহারি, মাড়োয়ারি ও স্থানীয় নানা জনগোষ্ঠীর সহাবস্থান রয়েছে। পাশাপাশি এই ওয়ার্ডের বিশেষত্ব হল, এই এলাকা ব্যবসা-বাণিজ্য, পরিবহন ও লজিস্টিকস, সরকারি-বেসরকারি চাকরি, ক্ষুদ্র উদ্যোগ, হসপিটালিটি এবং ঘরভাড়া/আবাসন সম্পর্কিত অর্থনীতিতে সমৃদ্ধ। শিলিগুড়ি উত্তর-পূর্ব ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ব্যবসা ও যাতায়াতভিত্তিক আয় স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। এমন একটি গুরুত্বপূর্ণ এলাকার কাউন্সিলর হতে তাই অনেকেই তৎপর। কিন্তু প্রাথমিকভাবে যা নজরে এসেছে এবং স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এই ওয়ার্ডে শুধু দলীয় পরিচিতি নয়, বুথে বুথে জনসংযোগ ও গ্রহণযোগ্যতা বড় পরীক্ষা। বিশেষত প্রধাননগরে পরিচিত মুখ বাঘাযতীন কলোনিতে বা বিবিডি কলোনিতে পরিচিত কেউ প্রধাননগরে কতটা প্রভাব ফেলতে পারবেন, তা নিয়েই প্রশ্ন উঠছে।

দীর্ঘদিনের সংগঠন, বর্তমান সক্রিয়তা, পুরনো রাজনৈতিক অভিজ্ঞতা কিংবা নতুন মুখের সম্ভাবনা—সব মিলিয়ে ২ নম্বর ওয়ার্ডে বিজেপির অন্দরে এখন টিকিট পাওয়ার প্রতিযোগিতা স্পষ্ট। তবে শেষ পর্যন্ত দলীয় নেতৃত্বের বিবেচনা, বুথের বাস্তবতা এবং ভোটারদের গ্রহণযোগ্যতার নিরিখে ২০২৭-এর লড়াইয়ে কার হাতে টিকিট ওঠে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave the first comment