Opens in a new tab

উত্তরবঙ্গ, শিলিগুড়ি

‌শিলিগুড়িতে মেয়রের মুখ কারা ?‌

অক্টোবর 13, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ পুজো পেরনোর অপেক্ষা। তারপরেই দামামা বাজবে ভোটের। বিজেপি যেনতেন প্রকারে শিলিগুড়ি পুরবোর্ড দখল করতে চাইছে। তার জন্য রণকৌশল শুরু হয়ে গেছে বিগত জুন মাস থেকেই। গৌতম দেব পদত্যাগ করতেই শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডে বিজেপি নিযুক্ত করেছে ‘‌কো-‌অর্ডিনেটর’‌। সাংগঠনিকভাবে অনেকটাই পিছিয়ে থাকা বিজেপি ওয়ার্ডে ওয়ার্ডে নিজস্ব মুখ তৈরি করতেই এই কৌশল নেয়। যা করে অনেকটাই সফল বিজেপি। যদিও কো-‌অর্ডিনেটরদের বিরুদ্ধে অনেক অভিযোগ ওঠা শুরু হয়েছিল, সেসব সামাল দিতেও দল নতুন কৌশল নিয়েছে। প্রতিটি ওয়ার্ডের জন্য একাধিক কর্মসূচি তৈরি করে দিয়েছে দল।

ড.‌ শঙ্কর ঘোষ , প্রবীণ আগরওয়াল ও অমিত জৈন

তার সঙ্গে ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েও বিরোধীদের পরিষ্কার বক্তব্য, বিজেপি দলীয় স্বার্থে এই পুনর্বিন্যাস করছে। কেন এই অভিযোগ?‌ কারণ একটি শহরে পরিষেবা সঠিকভাবে দেবার জন্য প্রতিটি ওয়ার্ডের আয়তন ও জনসংখ্যার মধ্যে একটি ভারসাম্য জরুরী। ইদানিং সেই ভারসাম্য নেই। সেটার জন্যই পুনর্বিন্যাসের দাবি অনেকদিনের। বিজেপি ক্ষমতায় এসেই সেই উদ্যোগ নেয়। কিন্তু পুনর্বিন্যাস তালিকায় দেখা যায়, বেছে বেছে মাত্র ১৪টি ওয়ার্ড ভেঙে ১৬টি অতিরিক্ত ওয়ার্ড তৈরি করেছে। এর জন্য ভারসাম্য ফেরেনি। শুধু ওয়ার্ড বেড়েছে। নতুন করে সাজানোর পরও দেখা যাচ্ছে কোনও ওয়ার্ডে ২ হাজার মানুষ, আবার কোনও ওয়ার্ডে ১২ হাজার মানুষ। কোনও ওয়ার্ড ৪টি বুথ নিয়ে তৈরি, তো কোনও ওয়ার্ড ১১টি বুথ নিয়ে তৈরি। ফলে এমন আজব পুনর্বিন্যাসের কারণে অনেকেরই আশঙ্কা এসআইআরের মতো এই পুনর্বিন্যাস আসলে ভোটে জেতার আরেকটি কৌশল।


তবে এত কিছু করলেও এখনও মেয়রের মুখ প্রোজেক্ট করেনি বিজেপি। সরাসরি মেয়রের মুখ নিয়ে বিজেপি মৌন থাকলেও অনেকেই ধরে নিয়েছিলেন বিধায়ক শঙ্কর ঘোষকেই শেষমেশ শিলিগুড়ির মেয়র হিসেবে তুলে ধরে ভোটে লড়বে বিজেপি। তুলনামূলক কম ভোটার থাকা সত্ত্বেও ২৪ নম্বর ওয়ার্ডকে দুই ভাগ করার পর থেকেই এই ধারণা পোক্ত হয়েছে সাধারণের। দ্বিতীয়ত, পুরনিগম নিয়ে সমস্ত মিটিং ও প্রশিক্ষণ শিবিরগুলিতে বিশেষ গুরুত্ব দিয়ে রাখা হচ্ছে রাজ্য বিজেপির সহকারী কোষাধ্যক্ষ তথা শিলিগুড়ির প্রাক্তন জেলা সভাপতি প্রবীণ আগরওয়ালকে। মনে করা হচ্ছে, পুরনো নেতা প্রবীণ আগরওয়ালকে এইবারে মেয়র হিসেবে তুলে ধরা হতে পারে। একইসঙ্গে সাধারণ মানুষের নজরে রয়েছেন অমিত জৈনও। অমিত জৈন বিগত ৫ বছর বিরোধী দলনেতার ভূমিকা সামলেছেন। পুরনিগমের অনেক কাজ এখন অমিত জৈনের হাতের তালুতে। ফলে অভীজ্ঞতার নিরিখে অমিত জৈনকে মেয়রের পদে বসানোর পক্ষে অনেকেই। অমিতের আরেকটি ইতিবাচক দিক হল, তিনি সব মানুষের সঙ্গে সাধারণ হিসেবে মিশে যান। সবার কথা শোনেন। কিন্তু বিজেপি কোন সমীকরণে ভাবনাচিন্তা করছে, সেটা এখনও অধরা। কিন্তু চর্চা অব্যাহত।

Leave the first comment