দুরন্ত প্রতিবেদন : শিলিগুড়ি শহরকে নিয়ে নতুন করে ভাবনার দরজা খুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় শিলিগুড়ি পুরনিগমের সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেন। জানান,‘এই শহরে আর নতুন বাড়ি করার মতো জায়গা নেই। মানে একদম পুরো কংক্রিটে ভরে গেছে। সব মিলিয়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। কলকাতা, হাওড়ার মতো স্রেফ রাজ্যের জন্য নয়, দেশের জন্য। এটা উত্তরপূর্ব ভারতের প্রবেশ দ্বার বলা যেতে পারে।’ এই কথাগুলি দিয়ে শুরু করে শেষে গিয়ে বললেন,‘শিলিগুড়ি পুরনিগম এলাকা বাম আমলে সম্প্রসারিত হয়েছিল। জলপাইগুড়ির দিকে। এখন যদি আবার সম্প্রসারণ করা যায়...। আমি এটা নিয়ে আলোচনা করতে বলছি। যদি শহর ঘেঁষা গ্রামীণ এলাকার মানুষ রাজি থাকে, মানুষের উপর আমরা কিছু চাপাবো না। তারা যদি রাজি থাকে, তাহলেই আমরা করব।’
‘শিলিগুড়ি পুরনিগম এলাকা বাম আমলে সম্প্রসারিত হয়েছিল। এখন যদি আবার সম্প্রসারণ করা যায় এবং শহর ঘেঁষা গ্রামীণ এলাকার মানুষ যদি রাজি থাকে, তাহলেই আমরা করব।’ – মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার, শিলিগুড়ি আর নগর নয়, মুখ্যমন্ত্রী এই শহরকে মহানগর করার কথা ভাবছেন। সিটি নয়, মেগাসিটির প্ল্যান হচ্ছে। সেকারণেই তিনি শহরকে বড় করার প্রস্তাব দিয়ে গেলেন এখানকার মানুষের কাছে। কেন প্রস্তাব দিলেন ? সেটাও জানালেন। শিলিগুড়ি পুর এলাকায় আর জায়গা নেই কিছু করার। ফলে এই শহরকে সম্প্রসারিত করতেই হবে। কিন্তু স্থানীয় মানুষের বিপক্ষে গিয়ে তিনি পরিকল্পনা করতে চান না বলেই বিষয়টি স্থানীয় মানুষের হাতে ছেড়ে দিয়ে গেলেন। কিন্তু তিনি যে পরিকল্পনা করে ফেলেছেন, সেটা পরিষ্কার হয়ে গেছে এদিন। কারণ শিলিগুড়ি লাগোয়া বিস্তীর্ণ এলাকার মানুষ পুরনিগমের মধ্যে আসার জন্য বহুদিন থেকেই অপেক্ষা করছেন। তাই সেখানে কোনও বাধা নেই। এখন সবটাই সরকারের হাতে।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার, শিলিগুড়ি আর নগর নয়, মুখ্যমন্ত্রী এই শহরকে মহানগর করার কথা ভাবছেন। সিটি নয়, মেগাসিটির প্ল্যান হচ্ছে। সেকারণেই তিনি শহরকে বড় করার প্রস্তাব দিয়ে গেলেন এখানকার মানুষের কাছে।

এবার প্রশ্ন, মুখ্যমন্ত্রী শহরটিকে বৃদ্ধি করতে চাইলে কোন্ কোন্ এলাকা ঢুকবে পুরনিগমের মধ্যে? এখানে দুটি জিনিস সহজেই অনুমেয়। এক, নতুন কাজকর্মের জন্য ফাঁকা এলাকা। যেখানে নতুন করে পরিকাঠামো তৈরি করা যাবে। এর জন্য মেডিক্যাল কলেজ হাসপাতাল লাগোয়া কাওয়াখালি এলাকা জুড়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জুড়তে পারে চাঁদমণি চা-বাগান এলাকা। দ্বিতীয়ত, বড় বড় সংস্থা, যেখানে পঞ্চায়েতের পক্ষে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না, সেই এলাকা পুরনিগমের মধ্যে নিয়ে দীর্ঘদিনের সমস্যার নিরসন করা। যেমন – উত্তরায়ণ উপনগরী, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, বাগডোগরা বিমানবন্দর ইত্যাদি। যদিও নতুন সরকার এসে শিবমন্দির পুরসভা ঘোষণা করে দিয়েছে। অশোক ভট্টাচার্য পুরমন্ত্রী থাকাকালীন অবশ্য ওই এলাকাকেই আঠারোখাই পুরসভা হিসেবে গড়ে তোলার কাজ প্রায় শেষ করেছিলেন। বাকি ছিল ঘোষণা। তারপরেই তৃণমূল চলে আসায় ধামাচাপা পড়ে যায়। কিন্তু বিগত ১৫ বছরে শিবমন্দির ও মাটিগাড়া এলাকা এমন রূপ নিয়েছে যে সাধারণ একটি পুরসভার ক্ষেত্রেও পরিষেবা দেওয়া অত্যন্ত কঠিন। মুখ্যমন্ত্রী হয়তো সেসব মাথায় রেখেই একেবারে কলকাতা মহানগরীর ধাঁচে ‘শিলিগুড়ি মহানগরী’র পরিকল্পনা করছেন। তবে বিষয়টি স্পষ্ট হতে আর কিছুদিন সময় লাগবে। খুব দ্রুত তিনি উত্তরকন্যায় এসে শুধুমাত্র শিলিগুড়ি পুরনিগম নিয়ে বৈঠক করতে চেয়েছেন। আশা করা যাচ্ছে, ততদিনে বিষয়টি আরও এগিয়ে যেতে পারে।












