Opens in a new tab

খবরাখবর, শিলিগুড়ি

দুই বইমেলা, একই সময়ে ‌!‌ নয়া ঝঞ্ঝাট

অক্টোবর 29, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ কলকাতার পরে সবচেয়ে বড় বইমেলা হয় শিলিগুড়িতে। সেই ‘‌উত্তরবঙ্গ বইমেলা’‌র এবার ৪৪তম বছর। গ্রেটার শিলিগুড়ি পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঠিক করেছে মেলা চলবে ৪ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত। আবার রাজ্যের গ্রন্থাগার বিভাগ যে বইমেলা করে, সেটি ‘শিলিগুড়ি মহকুমা বইমেলা’‌ নামে পরিচিত। রাজ্যজুড়ে যে নির্ঘন্ট প্রকাশ হয়েছে, সেই হিসেবে শিলিগুড়ি মহকুমা বইমেলার দিনক্ষণ পড়েছে ৩ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর। অর্থ্যাৎ এই নির্ঘন্টেই যদি অবিচল থাকে তবে সমান্তরাল ভাবে একই সময়ে দুটি মেলা চলবে। এর ফলে দুটি মেলায় মানুষ ভাগ হয়ে যাবে। গমগমে ব্যাপারটি থাকবে না। প্রকাশকরাও ক্ষতিগ্রস্থ হবেন।


অন্যদিকে প্রতি বছর বেসরকারি বইমেলা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে হত। এবারে সেখান থেকেও উৎখাত হয়েছে। কারণ শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বিধানরোডের যানজট উপড়ে ফেলতে সেই মেলার মাঠকেই ‘‌পার্কিং জোন’ বানিয়ে ফেলেছে। তাতে খুব যে কাজের কিছু হয়েছে, তেমনটা এখনও বোঝা যাচ্ছে না, মাঝখান থেকে ধাক্কা শেষমেশ বইয়ের ওপরে এসেই পড়েছে। বাধ্য হয়ে ‘‌৪৪তম উত্তরবঙ্গ বইমেলা’‌কে নিয়ে যেতে হচ্ছে মহানন্দা নদীর চরে। শিলিগুড়ি সূর্যসেন পার্কের পাশে এবারের মেলা করার কথা ঘোষণা করেছেন ‌গ্রেটার শিলিগুড়ি পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্তারা।


এদিকে সরকারি বইমেলা যেটি ‘‌শিলিগুড়ি মহকুমা বইমেলা’‌ নামে পরিচিত সেই মেলা শিলিগুড়ি বাঘাযতীন পার্কে করার জন্য প্রশাসনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এই জায়গাটি নিঃসন্দেহে ভাল কিন্তু একই সময়ে উত্তরবঙ্গ বইমেলা থাকলে সমস্যা হবেই। ফলে শিলিগুড়িতে এবারে বইমেলার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বইপ্রেমীরা। গ্রেটার শিলিগুড়ি পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে মধুসূদন সেন জানিয়েছেন,‘‌বাঘাযতীন পার্ক ছোট হওয়ায় আমরা সেখানে করতে পারছি না। তাই মহানন্দা নদীর পাশেই যেতে হচ্ছে।’‌ অন্যদিকে জেলা গ্রন্থাগার আধিকারিক সোনম ডোমা ভুটিয়া জানিয়েছেন, তাঁরা প্রাথমিক প্রস্তাব দিয়েছেন বাঘাযতীন পার্কে করার জন্য। তবে চূড়ান্ত হয়নি।’‌

Leave the first comment