দুরন্ত প্রতিবেদন : অমিত জৈন, বিবেক সিং, মঞ্জুশ্রী পাল, পীযুষ আগরওয়াল থেকে নান্টু পাল, বিজেপির যুব নেতা থেকে ছাত্র নেতা, শিলিগুড়ি ওয়ার্ডগুলিতে নিযুক্ত দলীয় কো-অর্ডিনেটর থেকে কাউন্সিলরের স্বপ্ন দেখা উঠতি নেতা সবাইকে দেখা গেল শহর থেকে অন্তত ৪০ কিমি দূরের বিধাননগরে। সবাই লক্ষ্মীপুজোর প্রসাদ নিতে ছুটলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অরুণ মণ্ডলের গ্রামের বাড়িতে। বিধাননগর ২নম্বর গ্রাম পঞ্চায়েতের বাড়িতে অরুণ মণ্ডল মহা ধুমধামের সঙ্গে বিশাল করে লক্ষ্মীপুজো করেছেন। তবে শহরের নেতাদের সবাই কি শুধুই লক্ষ্মীপুজোর প্রসাদ নিতে ছুটলেন? নাকি অন্দরে রাজনীতিরও গল্প কাহিনী রয়েছে? সেটা অবশ্য পরিষ্কার হতে কিছুটা সময় লাগবে।



তবে যেই কারণ হোক না কেন, পুরো শহরের নেতাদের দেখা মিলেছে জেলা সভাপতির গ্রামের বাড়িতে।
উল্লেখ্য, অরুণ মণ্ডল শিলিগুড়ি শহরের ভোটার তালিকায় নাম তোলার আবেদন করার খবর প্রকাশ হবার পর থেকেই জেলা বিজেপির অন্দরে যেমন আলোড়ন পড়েছে, তেমনি ওয়ার্ডে ওয়ার্ডে বিজেপি নেতাদের মধ্যে একটা নতুন আশা তৈরি হচ্ছে পুরভোট জেতার। অন্যদিকে লক্ষ্মীপুজোর পাট চুকিয়েই অরুণ মণ্ডল শিলিগুড়ি পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারে যাবেন বলে জানা যাচ্ছে। ফলে তার আগে স্বাভাবিক কারণেই জেলার নেতারা উৎসাহিত হয়েই তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এই তালিকায় প্রাক্তন জেলা বিজেপি সভাপতিও রয়েছেন।


জানা গেছে, এদিন পুজোর পর্ব শেষ করে মঙ্গলবার জেলা পার্টি অফিসে দলের গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠক রয়েছে। বৈঠকে শহরের ওয়ার্ডগুলির সাংগঠনিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে। সেই সঙ্গে উত্তরবঙ্গের নেতাদের নিয়েও বৈঠক হবে। তারপরই বুধবার থেকে শহরে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করে দেওয়া হতে পারে। যেহেতু শিলিগুড়ি পুর নির্বাচনে অরুণ মণ্ডলের নাম ঘোরাফেরা করছে, তাই নতুন যে ১৬টি ওয়ার্ড হবে, সেখান থেকে কাউন্সিলরের টিকিট পেতে অনেকেই তোড়জোর শুরু করেছেন। সম্ভবত সে কারণে অরুণের বাড়িতে ভিড় কিছুটা বেশি মনে হয়েছে।












