খবরাখবর, শিলিগুড়ি

‌নয়া ‘‌ককরোচ পার্টি’‌ এবার মিষ্টির কারখানায় !‌

আগস্ট 29, 2026

মিষ্টির কারখানায় পুরহানা

দুরন্ত প্রতিবেদন :‌ একেবারে ছোট ছোট ককরোচ। যেন জেন-‌Z‌‌‌ । শিলিগুড়ির একটি প্রসিদ্ধ মিষ্টির কারখানায় পুরনিগম ও খাদ্য সুরক্ষা দপ্তর হানা দিতেই সেই ককরোচদের রমরমা উপস্থিতি টের পেলেন পুর-‌কমিশনার বীর বিক্রম রাই। ঘিয়ের ড্রামের ঢাকনা খুলতেই আরেক কাণ্ড। সেখানে দেখা গেল মরা মাছি পড়ে পড়ে আছে। আর এই পরিবেশেই দিব্যি তৈরি হচ্ছে শহরের নামী দোকানের মিষ্টি থেকে নানান খাদ্যসামগ্রী। এমন সব ঘটনা দেখতেই পুর কমিশনার নির্দেশ দিয়ে দিলেন দ্রুত ওই কারাখানা সিল করে দিতে।

উল্লেখ্য, সেবক রোডের পানিট্যাঙ্কি মোড়ের অদূরে থাকা ওই মিষ্টির কারখানা নিয়ে আশপাশের মানুষের অনেক অভিযোগ। পরিবেশ দূষিত করা থেকে একাধিক অভিযোগ আসতেই পুরনিগম হানা দেয় বলে জানা গেছে। পুরনিগম, খাদ্য সুরক্ষা দপ্তর একসঙ্গে হানা দিতেই ভেতরের ঘিনঘিনে ছবি সামনে আসে। যেখানে দেখা যায় কারখানার মধ্যে দিয়েই নিকাশি নালা তৈরি করা হয়েছে। বিষয়টি নিয়ে কারখানা মালিককে প্রশ্ন করলেও তিনি পরিষ্কার করে কোনও জবাব দেননি। এরপর বিকেলে বর্ধমান রোডের এক নামী বিরিয়ানির দোকানেও হানা দেয় খাদ্য সুরক্ষা দপ্তর। তারপর অভিযান চলে শিলিগুড়ি বিধানরোডে গোষ্ঠ পালের মূর্তির কাছে।

মিষ্টি কারখানার ছবি ভেঙে দিচ্ছে ভরসা। ছবি:‌ প্রতীকী

Leave the first comment