দার্জিলিং

‌স্নো-লেপার্ড সংরক্ষণ ও প্রজননে বিশ্বসেরা দার্জিলিং পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক

জানুয়ারি 7, 2024

দুরন্ত প্রতিবেদন :‌ টানা ৩০ বছরের সাফল্যের স্বীকৃতি পেল দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। স্নো-লেপার্ড সংরক্ষণ ও প্রজনন করিয়ে নজির তৈরি করেছে দার্জিলিঙের এই চিড়িয়াখানা। এই মুহূর্তে এশিয়ার মধ্যে সব থেকে বেশি স্নো-লেপার্ড রয়েছে এখানেই। এমনকি গোটা বিশ্বেও অবিকল্প হতে চলেছে তারা। এই অসামান্য কৃতিত্বের জন্য কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়েছে ‘‌ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জু’স অ্যান্ড অ্যাকোয়ারিয়াম।’‌ উচ্ছ্বসিত রাজ্যের বন দপ্তরও।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অ্যান্ড নেচারের (আইইউসিএন) লাল তালিকার প্রথম দিকে রয়েছে স্নো-লেপার্ড। অর্থাৎ বিলুপ্তপ্রায় প্রজাতির মধ্যে অন্যতম এই স্নো-লেপার্ড। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সেই বিলুপ্তপ্রায় প্রাণীটির একমাত্র প্রজনন কেন্দ্র এখন দার্জিলিং চিড়িয়াখানা। স্নো-লেপার্ডের সংখ্যার দিক দিয়েও দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথম স্থানে রয়েছে এই চিড়িয়াখানা। বলা যায় গোটা বিশ্বের মধ্যেই সেরার জায়গা নিতে চলেছে। জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরি বলেন,‘‌দার্জিলিং চিড়িয়াখানার সাফল্যে আমরা ভীষণ খুশি। স্নো লেপার্ডের সংরক্ষণে বিশ্ব মানচিত্রে দার্জিলিং চিড়িয়াখানা বিশেষ জায়গা করে নিয়েছে। গোটা এশিয়ায় এই চিড়িয়াখানায় এখন সব থেকে বেশি স্নো-লেপার্ড রয়েছে। আগামীতে এই চিড়িয়াখানা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠবে বলে আমরা আশা করছি।’‌ দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন,‘‌আমরা গর্বিত। ধারাবাহিকভাবে পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে চিড়িয়াখানার। সবই ওই প্রাণীদের জন্য৷ আগামীতে আরও ভাল ফল করব বলে আশা করছি।’‌ জু অথরিটি সূত্রে জানা গিয়েছে, বিশ্বে এখন সাড়ে ৪ হাজার থেকে সাড়ে ৭ হাজার স্নো-লেপার্ড রয়েছে। এর মধ্যে দার্জিলিং চিড়িয়াখানায় এখনও পর্যন্ত ৭৭ টি স্নো-লেপার্ডের জন্ম হয়েছে। গত বছর জন্ম হয়েছে ছ’টি শাবকের। যা এখন পর্যন্ত সর্বকালের রেকর্ড। বর্তমানে দার্জিলিং চিড়িয়াখানায় ১৪ টি স্নো-লেপার্ড রয়েছে। যার মধ্যে সাতটি পুরুষ ও সাতটি স্ত্রী।‌

দার্জিলিং চিড়িয়াখানায় স্নো লেপার্ড বা তুষার চিতা। ছবি:‌ চিড়িয়াখানা কর্তৃপক্ষ

জু অথরিটি সূত্রে জানা গিয়েছে, ১৯৮৩ সাল থেকে গ্লোবাল ক্যাপটিভ ব্রিডিং প্রোগ্রামের অধীনে দার্জিলিং চিড়িয়াখানায় বিলুপ্ত ও সংবেদনশীল প্রাণীদের সংরক্ষণ ও প্রজনন কর্মসূচি নেওয়া শুরু হয়। ২০০৭ সালে সেন্ট্রাল জু অথরিটির তরফে দার্জিলিং চিড়িয়াখানাকে কো-অর্ডিনেটিং জু ফর দ্য কনজারভেশন ব্রিডিং অফ স্নো-লেপার্ডের শিরোপা দেওয়া হয়।

Leave the first comment