খবরাখবর, দার্জিলিং, দেশ-‌দুনিয়া

মোদীর জন্মদিনে ১২ লক্ষের প্রদীপ ‘‌দার্জিলিং জেলা’য়‌

সেপ্টেম্বর 17, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ আজ ১৭ সেপ্টেম্বর। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৭তম জন্মদিন। আজ থেকেই দেশজুড়ে শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। এই কর্মসূচি যেমন দলীয় ভাবে হবে, আবার সরকারি স্তরেও চলবে। প্রথমদিনের কর্মসূচির নাম ‘‌আশীর্বাদের প্রদীপ’‌। এদিন শুধুমাত্র দার্জিলিং জেলায় সরকারিভাবে ৩ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন করার কথা। এই ৩ লক্ষ প্রদীপ কিনতে প্রশাসনের লেগেছে ১২ লক্ষ টাকা। সোজা হিসেবে বোঝা যাচ্ছে প্রতিটি প্রদীপ ৪ টাকায় কেনা হয়েছে। সোমবার সেবা সংকল্প অভিযানের প্রস্তুতি বৈঠকে হাজির ছিলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ।

এই বৈঠকে ঠিক হয়, প্রতিটি বিধানসভায় ৫০ হাজার করে প্রদীপ পাঠিয়ে দেওয়া হবে। কেন্দ্রীয়ভাবে জ্বালানো হবে আরও ৫০ হাজার। এদিন যেমন শিলিগুড়ি মহানন্দা ঘাট, বাঘাযতীন পার্ক ও জংশনে বড় করে ‘‌আশীর্বাদের প্রদীপ’‌ কর্মসূচি উদযাপিত হবে। অর্থ্যাৎ সেখানে মোদীর নামে প্রদীপ জ্বলবে। সঙ্গে অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর সঙ্গে বিভিন্ন এলাকায় জমায়েত অনুষ্ঠান, ব্লগার কিংবা কনটেন্ট ক্রিয়েটরদের দিয়ে প্রচার করানোর জন্যও বিপুল খরচ করা হচ্ছে।


এবার প্রশ্ন এই খরচ কেন করা হচ্ছে?‌ মোদীর জন্মদিন পালনের জন্যই কি এতকিছু?‌ বিষয়টি ঠিক সেভাবে বলাও ঠিক নয়। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবায় ২৫ বছর পূর্তি হচ্ছে চলতি বছর। ৭ অক্টোবর ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। আসছে ৭ অক্টোবরে সরকারি দায়িত্বের ২৫ বছর পূর্ণ হবে। তাই মোদীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত একমাস ব্যাপী ‘‌সেবা সংকল্প অভিযান’ চলবে। তার জন্যই এত আয়োজন। সরকারি দায়িত্বে মোদীর ২৫ বছরের যাত্রাকে কেবল আনুষ্ঠানিক উদযাপনে সীমাবদ্ধ না রেখে সামাজিক ‘সেবা’ ও ‘জনকল্যাণ’-এর মধ্য দিয়ে পালন করার উদ্দেশ্যেই এই পরিকল্পনা। মন্ত্রী শঙ্কর ঘোষ সোমবার জানিয়েছিলেন,‘‌মাস ব্যাপী যে কর্মসূচী নেওয়া হয়েছে, তার প্রথম দিনে থাকবে আশীর্বাদের প্রদীপ। প্রত্যেক ভারতবাসী মাননীয় প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করে প্রদীপ জ্বালাবেন। আমরা চাই বেশি বেশি করে মানুষ এই কর্মসূচীতে যোগ দিক।’‌ মহকুমাশাসক বিকাশ রুহেলা জানিয়েছেন, শিলিগুড়িতে কেন্দ্রীয় ভাবে ৩টি স্থানে বড় করে অনুষ্ঠানের আয়োজন হবে। মহানন্দা নদী ঘাট, শিলিগুড়ি জংশন ও বাঘাযতীন পার্ক। সেখানে প্রদীপ জ্বালানোর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।’‌

Leave the first comment