দার্জিলিং, বই-‌কথা, রাজনীতি

অশোকের বই প্রকাশে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী

সেপ্টেম্বর 19, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ আজ শনিবার অর্থ্যাৎ ১৯ সেপ্টেম্বর ‘‌ভারতীয় সংবিধানে স্বশাসন এবং ষষ্ঠ তফসিল’‌ নামে বইটির আনুষ্ঠানিক প্রকাশ করবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। থাকবেন ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া থেকে কার্শিয়াঙের প্রাক্তন বিধায়ক রোহিত শর্মা, সমন পাঠক, জীবেশ সরকার প্রমুখ। শিলিগুড়ির রামকিঙ্কর প্রদর্শনী কক্ষে বইটি প্রকাশ হবে। আগে থেকেই অবশ্য প্রকাশিতব্য বইটি নিয়ে দার্জিলিং জেলায় আলোচনা শুরু হয়ে গেছে।

বামপন্থী নেতা ও লেখক অশোক ভট্টাচার্য এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার


উল্লেখ্য, বিজেপি সরকার বাংলার ক্ষমতায় আসতেই জিটিএ কার্যত অচল হয়ে পড়ে। কদিন আগেই সেখানে প্রশাসক বসিয়ে কাজকর্ম চালু রাখার উদ্যোগ নেওয়া হয়। পাহাড়ে থাকা বিজেপির শরিকদলের নেতারা জিটিএ’‌র বর্তমান কাঠামো নিয়ে সন্তুষ্ট নন। অশোক ভট্টাচার্যও মনে করেন দার্জিলিঙের জন্য ষষ্ঠ তফসিলের আওতায় আরও শক্তিশালী স্বশাসন। এমনকি সংবিধানের ৩৭১ ধারার মতো বিশেষ সাংবিধানিক সুরক্ষা দেওয়ার পক্ষেও তিনি সওয়াল করেছেন এদিন। বলেন,‘‌দার্জিলিঙের মানুষের প্রায় ৩২ শতাংশ উপজাতি, সেইসঙ্গে আরও ১১টি জনজাতিকে উপজাতি করার দাবি রয়েছে।

আমরাও সে দাবিকে সমর্থন করি। সেটা হলে ৫০%-এর উপরে উপজাতি হবে। সেক্ষেত্রে পাহাড়ের পারমানেন্ট পলিটিক্যাল সলিউশন হিসেবে আদর্শ হবে ষষ্ঠ তফসিল। তার সাথে আর্টিকেল ৩৭১ যেটা আছে, যেটা নাগাল্যান্ড বা অন্যান্য জায়গায় দেওয়া হয়েছে, সেটাও দার্জিলিংয়ের জন্য দেওয়া হোক। যাতে অনেক বেশি শক্তিশালী হয়, অনেক পাওয়ারফুল হয়—এরকম একটা স্বশাসন দার্জিলিঙের জন্য দেওয়া হোক। সেটাই বিকল্প।’‌ এই প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে তিনি কোকরাঝাড়, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল, মিজোরাম, মেঘালয়ের মতো প্রায় প্রতিটি জনজাতি ভূক্ত পাহাড়ি এলাকায় ঘুরে সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলে তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে জানান। যেসব এলাকা ইতিমধ্যে ষষ্ঠ তপশিলের আওতায়।


দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অতি সম্প্রতি শিলিগুড়ি এসে নতুন করে একটি কমিটি গঠন করে দিয়ে যান। যে কমিটির কাজ পাহাড় সমস্যার সমাধানে বিকল্প পথ খুঁজে বের করা। কিন্তু তার আগেই শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য মনে করছেন ষষ্ঠ তপশীলের অন্তর্ভূক্তির মধ্যে দিয়ে অধিক স্বায়ত্ত্বশাসন দেওয়াই বিকল্প। সেই বিষয়টি তিনি একেবারে দলিল দস্তাবেজ দিয়ে যুক্তি সাজিয়ে লিখিতভাবে বই আকারে প্রকাশ করতে চলেছেন শনিবার। যেখানে পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান দিতে চলেছেন। আর এই গুরুত্বপূর্ণ বইটি প্রকাশ করবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

Leave the first comment