দার্জিলিং, পর্যটন

১০০ কোটিতে সাজবে মিরিক

জুলাই 6, 2026

পাহাড় থেকে মিরিক লেক। অরুণাভ দাসের তোলা ছবি।

দুরন্ত প্রতিবেদন:‌ পর্যটন মানচিত্রে মিরিক পাহাড় এবারে রঙিন ডানা মেলতে চলেছে। ইতিমধ্যে মিরিককে ঢেলে সাজাতে ১০০ কোটির বরাদ্দ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই খুশির খবর দিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। মন্ত্রী জানিয়েছেন,‘‌কেন্দ্রের পর্যটন দপ্তরে ডিপিআর (‌ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট)‌ তৈরি করে পাঠানো হয়েছে। মিরিককে সাজাতে অন্তত ৩০০ কোটি টাকা প্রয়োজন। ডবল ইঞ্জিন সরকারের জন্য সেই উন্নয়নে কোনও কার্পণ্য থাকবে না। রাজ্যের তরফেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হবে।’‌

মিরিককে সাজাতে হলে সেখানকার লেককে মূলত অধিক গুরুত্ব দিতে হবে বলে পর্যটন ব্যবসায়ীদের মত। লেক কেন্দ্রিক সৌন্দর্যায়ন, ওয়াক-‌ওয়ে, বোটিং ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগ বাড়ানোর প্রস্তাব ইতিমধ্যে দেওয়া হয়েছে। মিরিকের পাশাপাশি কালিম্পংকেও নতুন ভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। তবে এই উন্নয়নের সঙ্গে পরিবেশের ভারসাম্যকে বেশি গুরুত্ব দিতে বলেছেন তিনি। প্রতিটি পর্যটন কেন্দ্রের ধারণ ক্ষমতা সম্পর্কিত সমীক্ষার পরেই কাজ শুরু হবে।

মিরিক পাহাড়ের চোখধাঁধানো দৃশ্য। নেপাল কর্মকারের পেজ থেকে সংগৃহীত ছবি।


একইসঙ্গে হোম-‌স্টে ও হোটেল নিয়ে বিশেষ পরিকল্পনা করছে নতুন সরকার। যেমন হোম-‌স্টে নীতিতে বদল আনা হচ্ছে, একইভাবে হোটেল ব্যবসাকে শিল্পের স্বীকৃতি দেওয়ার বিষয়ে যে এই সরকার প্রতিশ্রুতিবদ্ধ তাও স্পষ্ট করেছেন মন্ত্রী। মূলত পর্যটনমন্ত্রী ‌দার্জিলিংকে ওয়ার্ল্ড ট্যুরিজম ডেস্টিনেশন হিসেবে তৈরি করার কথা এদিনও বলেন। জানান, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন সারা বিশ্বের কাছে আমাদের পর্যটনকে তুলে ধরা হবে।

ছবির মতো মিরিক। ছবি:‌ সাতদিন

Leave the first comment