Opens in a new tab

ট্রাভেল, পর্যটন, শিলিগুড়ি

একদিন অন্তর ‘‌পাহাড়িয়া’‌ চায় শিলিগুড়ি বিজেপি

অক্টোবর 2, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ এনজেপি থেকে দীঘার মধ্যে চলাচলকারী পাহাড়িয়া এক্সপ্রেস (ট্রেন নং ১৫৭২২/১৫৭২১) এখন সপ্তাহে একদিন মাত্র চলে। যে কারণে ওই ট্রেনের টিকিট পাওয়া লটারির সমান। সেকারণে পরিষেবা যেন একদিন অন্তর চালু করা যায়, সেই দাবি জানালেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মণ্ডল। দাবি সম্বলিত সেই চিঠি তিনি রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের হাতে তুলে দিয়েছেন। পর্যটনমন্ত্রীকে দেওয়ার উদ্দেশ্য, ওই ট্রেনের সঙ্গে পর্যটন নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে।


উত্তরবঙ্গ একটি প্রধান পর্যটন ও যাতায়াতের কেন্দ্রবিন্দু। দীঘাও পশ্চিমবঙ্গের অন্যতম উপকূলীয় পর্যটনকেন্দ্র। এমন দুটি গন্তব্যের মধ্যে সপ্তাহে মাত্র একদিন অর্থ্যাৎ শুক্রবার ট্রেন যাতায়াত করে। এর জন্য যাত্রীদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অথচ ট্রেনটির চাহিদা বেড়েই চলেছে।


এই চাহিদার কিছু কারণ হল— সীমিত আসন এবং অতিরিক্ত বুকিংয়ের কারণে উত্তরবঙ্গের সপ্তাহান্তের পর্যটক, প্রবীণ নাগরিক এবং পরিবারগুলির পক্ষে কনফার্মড টিকিট পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়ত, ট্রেনটি একদিন অন্তর চললে পাহাড় ও সমুদ্রের মধ্যে পর্যটন আদান-প্রদান বহুলাংশে বৃদ্ধি পাবে, যা শিলিগুড়ি এবং পার্শ্ববর্তী জেলার বাসিন্দাদের জন্য সমুদ্র ভ্রমণের সুযোগ অনেক সহজ করে তুলবে। তৃতীয়ত, উন্নত ও ঘনঘন ট্রেন যোগাযোগ দীঘার স্থানীয় ব্যবসা, হোটেল এবং পর্যটন খাতকে সরাসরি ত্বরান্বিত করবে এবং যাত্রীদের জন্য একটি ঝামেলাহীন যাতায়াতের মাধ্যম গড়ে তুলবে। তাই এই রুটের বিপুল জনপ্রিয়তার কথা বিবেচনা করে অরুণ মণ্ডল পাহাড়িয়া এক্সপ্রেসকে একদিন অন্তর চালু করার দাবি তুলে জানিয়েছেন, এটা করলে অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ হবে।
পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ দাবিপত্র হাতে নিয়ে জানান, জেলা সভাপতি জেলার উন্নয়ন নিয়ে ভাবছেন, এটা তাৎপর্যপূর্ণ। আমি এই দাবি রেলমন্ত্রী পর্যন্ত পাঠানোর ব্যবস্থা করছি।

Leave the first comment