Opens in a new tab

উত্তরবঙ্গ, ক্যাম্পাস

প্রাথমিক শিক্ষা পর্ষদে শিলিগুড়ির অনীশ রায়

অক্টোবর 14, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ বাংলার প্রাথমিক শিক্ষা যখন চ্যালেঞ্জের মুখে, ঠিক তখন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির সদস্য পদে উত্তরবঙ্গ থেকে জায়গা পেলেন মোট ৬ জন। কাটোয়া কলেজের অধ্যাপক রবি রঞ্জন সেনকে সভাপতি করে পর্ষদে মোট ১২ জন সদস্য নিযুক্ত করা হয়েছে। এই ১২ জনের মধ্যে ৬ জনই উত্তরবঙ্গের। শিলিগুড়ি থেকে সদস্য হয়েছেন অনীশ রঞ্জন রায়। শিলিগুড়ি বিধাননগরের কুচিয়াজোত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি। এর বাইরে বাকি ৫ জন হলেন, দক্ষিণ দিনাজপুরের বুধরাই টুডু,

আলিপুরদুয়ারের অসীম কুমার দাস, পার্থ অধিকারী, কোচবিহারের বিদ্যুৎ মজুমদার এবং জলপাইগুড়ির রাকেশ নন্দী। প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া সংখ্যা যখন দিনের পর দিন কমছে, বাড়ছে ইংরেজি মাধ্যম নার্সারি স্কুলের সংখ্যা, সেই সময়ে নতুন সরকারের তত্ত্বাবধানে তৈরি নতুন কমিটির কাছে প্রত্যাশা অনেক। অনীশ রঞ্জন রায় জানান, আমরা সবে মাত্র দায়িত্ব পেয়েছি। এখনও বৈঠক হয়নি। রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলির অবস্থা আমরা জানি। আমাদের প্রথম লক্ষ্যই শিক্ষার পরিবেশ ফেরানো। সেই কাজ করব। ধীরে ধীরে আমাদের পরিকল্পনা তৈরি হবে।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্য পথে নিযুক্ত শিলিগুড়ির অনীশ রঞ্জন রায়।


উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হলে বা কোনও বিশেষ পরিস্থিতিতে নির্বাচিত পর্ষদ না থাকলে একটি সাময়িক বা অন্তর্বর্তীকালীন কমিটি করতে হয়। যেন রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অচল না হয়ে পড়ে। এই কমিটিই প্রাথমিক শিক্ষা পর্ষদের সমস্ত প্রশাসনিক কাজ, বাজেট অনুমোদন ও আইনগত দায়িত্ব সচল রাখে। এমনকি প্রাথমিক বিদ্যালয়গুলির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, শিক্ষক বদলি এবং পদোন্নতি সংক্রান্ত প্রশাসনিক কাজের তদারকিও করে। প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক, মূল্যায়ন পদ্ধতি এবং প্রাথমিক বিদ্যালয়গুলির পরিকাঠামো বা সুযোগ-সুবিধা তদারকি করার দায়িত্বও এই কমিটির হাতেই। ফলে এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটি কমিটিতে উত্তরবঙ্গের এত সদস্য থাকাও বিশেষ তাৎপর্যপূর্ণ।

Leave the first comment