দুরন্ত প্রতিবেদন : সাধারণ কর্মী থেকে এক ধাক্কায় মণ্ডল সভাপতি, তারপর পরপর ৪ বার শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক। পরবর্তীতে জেলার সহ সভাপতি। আর এবারে উত্তরবঙ্গের ৫ জেলার ‘কনভেনার’। শিলিগুড়ির বিজেপি নেতা রাজু সাহার রাজনৈতিক গুরুত্ব যখন বাড়ানো হল, শিলিগুড়ি শহরেও রাজু নিজস্ব এক ভুবন তৈরি করে ফেলেছেন। শহরের ঐতিহ্যবাহী বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির অন্যতম স্তম্ভ তিনি। জেলা বিজেপির প্রতিটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যে মানুষটির নিশ্চিত উপস্থিতি থাকেই, তিনি রাজু সাহা। এক কথায় তৃণমূল জমানার কঠিন সময়েও দাপিয়ে বিজেপি করার শক্তি তিনি দেখিয়েছিলেন। অথচ কখনও দলীয় ক্ষমতা ভোগ করার লোভও করেননি। এভাবেই কার্যত অজাতশক্র হিসেবে নিজেকে গড়ে নিয়েছেন রাজু।
‘‘উত্তরবঙ্গে বিজেপির সংগঠন মজবুত করাই আমার লক্ষ্য। শিলিগুড়িকে সময় দিয়েই আমি উত্তরের জেলায় জেলায় সংগঠনের কাজ করব। এই মুহূর্তে দলের একটাই বার্তা– নেতামন্ত্রীর পেছনে ঘুরঘুর না করে নিজের কাজে মন দিন। নইলে দল কিন্তু সঠিক সময়ে ব্যবস্থা নেবে।’’ – রাজু সাহা

শিলিগুড়ির রাজু সাহা এমন একজন রাজনৈতিক নেতা, যাকে সাধারণ প্রমাণ করার জন্য কোনও নাটকের আশ্রয় নিতে হয় না। বরং নিজের সরল ব্যবহার, শত্রু-মিত্রের সঙ্গে অবাধে মিশে যাবার ক্ষমতাই রাজুকে অনন্য করেছে।
বিগত ১৬ বছরে একটিও বিতর্কিত ঘটনায় নাম জড়ায়নি তাঁর। বরং ১৬ বছর ধরে অতি সাধারণ ভাবেই পার্টি করতে করতে একটা নিজস্বতা তৈরি করে ফেলেছেন শিলিগুড়ি হাকিমপাড়ার রাজু সাহা। রাজু সাহা ম্যাজিশিয়ানের মতো কাজটি করেছিলেন ২০১৮ সাল নাগাদ। কংগ্রেসের অভিজিৎ রায় চৌধুরি সহ গুচ্ছ নেতাকে বিজেপিতে টানার অন্যতম কান্ডারী ছিলেন রাজু। তখন সুরিন্দর সিং আলুওয়ালিয়া দাপিয়ে বেড়াচ্ছেন দার্জিলিংময়। অভিজিৎ বিজেপিতে যোগ দিয়েই সভাপতির চেয়ার পেয়ে গেলেন এবং অল্প দিনেই বিজেপিকে সেই সময়ে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কঠিন কাজটি সহজে করে ফেললেন। রাজু সাহা আজও মনে করেন, ‘অভিজিৎ থাকলে শিলিগুড়ি বিজেপির চেহারা আজ আলাদা হতো। নতুন করে প্রমাণ করার প্রয়োজন পড়তো না।’ রাজু সাহাও হয়তো আরও উঁচু কোনও জায়গায় থাকতেন। দল অবশ্য শেষমেষ রাজু সাহাকে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে এবং শিলিগুড়ির গন্ডি থেকে বের করতে এবারে উত্তরবঙ্গের ৫ জেলার কনভেনারের পদে বসিয়েছে। এবারে রাজু সাহার কাজ শুধুই শিলিগুড়ি সংগঠন নয়, বরং অর্ধেক উত্তরবঙ্গের যাবতীয় দলীয় কাজকর্মের সালতামামি নিয়ে রাজ্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখাই তাঁর কাজ। একদিকে উত্তরবঙ্গের সংগঠনে কোথায় কী সমস্যা রয়েছে, তা খুঁজে বের করে যেমন রাজ্যকে ওয়াকিবহাল করানো, পাশাপাশি রাজ্যের নির্দেশ জেলাগুলিতে কার্যকর করানোর দায়িত্বও এখন তাঁর কাঁধে। আগামীতে রাজুকে নিয়ে যে বিজেপি আরও বিস্তর পরীক্ষা নিরীক্ষা করবে, সেটা আন্দাজ করা যাচ্ছে।












