দুরন্ত প্রতিবেদন : নতুন বছরে নতুন খব দিল দার্জিলিং চিড়িয়াখানা। পর্যটকদের জন্য সেটা নিতান্তই সুখবর। সাইবেরিয়ান টাইগারের পর এই চিড়িয়াখানায় এবারে আসছে বিদেশি রেড পান্ডা। সুদূর নেদারল্যান্ডস থেকে সেই জোড়া রেড পান্ডা আসছে দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে। দুই দেশের চিড়িয়াখানা কর্তৃপক্ষের মধ্যে চূড়ান্ত আলোচনাও শেষ। দার্জিলিং চিড়িয়াখানায় নেদারল্যান্ডসের জোড়া রেড পান্ডা আনতে সমস্তরকম প্রক্রিয়া শুরু হয়েছে। যে কাজের জন্য সবুজ সঙ্কেত মিলেছে ‘সেন্ট্রাল জ়ু অথরিটি’র কাছ থেকেও। আরও জানা যাচ্ছে নেদারল্যান্ডস থেকে দুটি পুরুষ রেড পান্ডা নিয়ে আসা হবে।
পান্ডাকে ৷
প্রাথমিকভাবে জানা গিয়েছে, নেদারল্যান্ডসের আমার্সফুর্ট জু এবং রটারডাম জু থেকে পুরুষ রেড পান্ডাগুলিকে আনা হবে। এই রেড পান্ডাগুলির জন্ম হয়েছিল ২০২১ সালে। আপাতত তাদের শারীরিক পরীক্ষা চলছে। দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি জানান, সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই দু’টি রেড পান্ডাকে চিড়িয়াখানায় নিয়ে আসা হবে। নিয়ে আসার পর নিয়মানুযায়ী মাস তিনেক কোয়ারিন্টেনে রাখা হবে। হিমালয়ের পরিবেশ এবং আবহাওয়ার সঙ্গে এক বার মানিয়ে নিতে শিখলেই তাদের প্রকাশ্যে আনা হবে। পাশাপাশি, তিনি আরও জানান, আন্তর্জাতিক রেড পান্ডা প্রজনন ও সংরক্ষণ কর্মসূচির অধীনে দার্জিলিং চিড়িয়াখানা থেকে বেশ কয়েকটি রেড পান্ডাকে সিঙ্গালিলা জাতীয় উদ্যানে ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন মিললে সেই প্রক্রিয়াও শুরু করা হবে।

জানা গেছে, এই মুহূর্তে সিঙ্গালিলা জাতীয় উদ্যানে প্রজননের ফলে রেড পান্ডার সংখ্যা বেড়ে দশটি হয়েছে। যার মধ্যে ১টি পুরুষ, পাঁচটি স্ত্রী রেড পান্ডা ও ৪টি শাবক। গত বছর গত বছর তিস্তা সহ তিনটি স্ত্রী রেডপান্ডাকে সিঙ্গালিলার জঙ্গলে ছাড়া হয়েছিল। এরাই পরে ৪টি শাবকের জন্ম দেয়। এদিকে, দার্জিলিং চিড়িয়াখানায় এখন ২২টি রেড পান্ডা রয়েছে।












