দার্জিলিং, শিলিগুড়ি

‌রাজু নাকি শ্রিংলা, দার্জিলিঙে কে বিজেপি প্রার্থী?‌ শিবির ভাগাভাগিতে বিধায়করাও!

জানুয়ারি 13, 2024

কবিতা অধিকারী, শিলিগুড়ি :‌ এসেছিলেন জি-‌২০ এর পর্যটন সম্মেলন সফল করতে। যা অনুষ্ঠিত হয়েছিল শিলিগুড়ির মেফেয়ার হোটেলে এবং কার্শিয়াঙের তাজে। সম্মেলন সমাপ্ত হয়েছে। কিন্তু গোটা আয়োজনের দায়িত্বে থাকা হর্ষবর্ধন শ্রিংলা আর পাকাপাকিভাবে ফেরেননি দিল্লিতে। বরং তিনি দার্জিলিঙের ভূমিপূত্র পরিচয়টিকে বহুল প্রচারের মাধ্যমে দার্জিলিঙেই নিজেকে নতুন করে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে পড়েন। প্রথম প্রথম দার্জিলিঙের সম্ভাবনাগুলিকে তথ্যচিত্রের মতো সাজিয়ে সামাজিক মাধ্যমে থাকা নিজের প্রোফাইলে তুলে ধরতে শুরু করেন। পরে গঠন করেন ‘‌দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটি’‌। এই সংস্থা গঠনের পর ব্যাপকভাবে সামাজিক কাজে ঝাঁপিয়ে পড়েন। পাহাড়ের নানা মহলের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করা শুরু করেন। গোটা জেলাজুড়ে শ্রিংলা সাহেবের হোর্ডিং, প্ল্যাকার্ড, ব্যানারে ছেয়ে যায়। প্রথম প্রথম শিকড়ের টান মনে করলেও পরে অনেকের মনে প্রশ্ন আসে, ভূমিপূত্র হলে এতদিন রাষ্ট্রদূত থাকাকালীন তাঁকে কেউ চিনল না, অথচ আচমকা তিনি নিজেকে এত জনপ্রিয় করতে মরিয়া কেন?‌ তারপরেই জল্পনা শুরু হয় যে, আসছে লোকসভা নির্বাচনে তিনিই দার্জিলিং কেন্দ্রে বিজেপির প্রার্থী হতে পারেন। এবং প্রার্থী হবার আগে নিজেকে তুলে ধরার জন্য এসব তার মহড়া চলছে। অবাক করা বিষয় হল, শুরু থেকেই তিনি নিজেকে ভূমিপুত্র হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে আসছেন। বহুদিন থেকেই নাকি শিলিগুড়ি প্রধাননগরে তার বাড়ি আছে। এতদিন পর কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা আবার বিদ্রোহীর মত জানিয়ে দিয়েছেন,‘‌বিজেপি দল যদি কোনও বহিরাগতকে প্রার্থী করে, সেক্ষেত্রে আমিই ওই প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। কারণ, আর বহিরাগত নয়, এবারে দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভূমিপূত্র প্রার্থী চাই।’‌ বিষ্ণু প্রসাদের এই বক্তব্য শুনে মনে হল তিনি যেন শ্রিংলার মুখকে মাথায় রেখেই এত জোরের সঙ্গে দাবি তুলেছেন। উল্লেখ্য, বিজেপির বর্তমান সাংসদ রাজু বিস্তের সঙ্গে বিষ্ণু প্রসাদের সম্পর্ক অনেকদিন থেকেই ততটা মধুর নয়। মাঝে সাংসদের বিরুদ্ধে অনেক অভিযোগ প্রকাশ্যেই তুলেছেন।


অন্যদিকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ থেকে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অরুণ মণ্ডলদের মুখে প্রশংসার ফুলঝুড়ি ছুটছে বর্তমান বিজেপি সাংসদ রাজু বিস্তকে নিয়ে। শঙ্কর ঘোষ জানান, দার্জিলিং লোকসভার ইতিহাসে এমন সফল সাংসদ আর দুটি নেই। তিনি যেমন এখানকার প্রতিটি বিষয় সংসদে উত্থাপন করে কাজ বের করে নিয়ে এসেছেন, তেমনি পাহাড় থেকে সমতলে তাকে সবসময় দেখা গেছে। শুধু দিল্লিতে পড়ে থাকা সাংসদ তিনি নন।’‌ শিলিগুড়ির বিধায়কের কথায় পরিস্কার এই কেন্দ্রে রাজু বিস্তের চেয়ে ভাল প্রার্থী আর হতে পারে না। ফলে দার্জিলিং কেন্দ্রে যেমন বিজেপির প্রার্থী নিয়ে একটা গোপন যুদ্ধ শুরু হয়েছে, তেমনি প্রার্থী ঘিরে বিজেপি যথারীতি দুটি শিবিরে ভাগ হতে শুরু করেছে। যা রাজ্যের শাসকদলের কাছে আরও একটি ইতিবাচক খবর।

Leave the first comment