রাজনীতি

‌ভালবাসার দেশে ঘৃণা ছড়ানো হচ্ছে, দেশকে রাস্তা দেখাতে হবে বাংলাকেই :‌ রাহুল গান্ধী

জানুয়ারি 28, 2024

কবিতা অধিকারী, শিলিগুড়ি ‌:‌ ‘‌এই ভালবাসার দেশে ঘৃণা ছড়িয়ে পড়ছে। এর পেছনে কারণও আছে। কোনও যুবাকে তাঁর স্বপ্নের কথা জিজ্ঞেস করলে বলবে– আমি চাকরি করতে চাই, রোজগার চাই, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই। কিন্তু বাস্তব পরিস্থিতি হল এই দেশে সেসব মিলবে না। যুব সম্প্রদায় তাঁদের স্বপ্ন পূরণ করতে পারছে না। এজন্য ওদের মধ্যেও ঘৃণা তৈরি হচ্ছে।’‌ শিলিগুড়ি এয়ারভিউ মোড়ে হুডখোলা জিপের ওপর দাঁড়িয়ে দরদ দিয়ে কথাগুলি বললেন, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এরপর তিনি সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেন, দিল্লির সরকার উদ্যোগপতিদের জন্য কাজ করছে। আদানিদের হাতেই যে দেশের সমস্ত তুলে দেওয়া হচ্ছে সেটাও পরিস্কার ভাষায় জানান। বলেন, বিমানবন্দর, বিদ্যুৎ, পরিকাঠামো থেকে সমস্ত বড় বড় সেক্টর পুঁজিপতিদের হাতে চলে যাচ্ছে। অথচ কোনও মেকানিক যদি গাড়ি বানানোর কোম্পানি খুলতে চান, গরিব পরিবারের কোনও ইঞ্জিনিয়ার নিজের কোম্পানি বানাতে চান, তবে তাদের দরজা বন্ধ। টয়োটার মালিক জাপানে মেকানিক ছিলেন। ধীরে ধীরে টয়োটা কোম্পানি খুলেছেন। আমাদের দেশে এখন মেকানিক এমন স্বপ্ন দেখলে মজা ওড়ানো হবে। এই দেশে যারা কাজ করে তাদের সম্মান নেই, আর যারা দালালি করে তাদের ইজ্জত হয়।’‌ এরপরই তিনি বাংলার প্রশংসায় ভরিয়ে তোলেন ভাষণ। বলেন,‘‌বাংলা যে ভালবাসা দিয়েছে তা হয়তো আর কোনও রাজ্য থেকে পাইনি। এই ভালবাসা কখনও ভুলব না। বাংলায় একটি বিশেষ বিষয় রয়েছে। ইংরেজদের বিরুদ্ধে যখন লড়াই হয়েছিল, তখন নীতি ও আদর্শের যে ভিত সেটা বাংলার মানুষ তৈরি করেছে। বাঙালিরা বুদ্ধিজীবী, মিলেমিশে থাকার লোক। আপনাদেরই তাই দায়িত্ব দেশকে রাস্তা দেখানোর। বিবেকানন্দ, নেতাজি যে পথ দেখিয়েছে, সেই পথ আপনাদেরও দেখাতে হবে। নইলে দেশ ক্ষমা করবে না।’‌‌

শিলিগুড়ি এয়ারভিউ মোড়ে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী। ছবি:‌ সাতদিন


রবিবার শিলিগুড়িতে রাহুল গান্ধীর বক্তব্য ছিল সংযত। গোটা বক্তব্যে শুধুই ভালবাসার কথা। তরুণ সমাজ তাই উদ্বেলিত হয়েছে। ভিড় উপচে পড়েছে রাহুলকে দেখার জন্য, দুটো কথা শোনার জন্য। তিনি কার্যত বাংলার ওপর বিশ্বাস রেখেই বিহারে প্রবেশ করেছেন। বাংলাই যে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে পারে, সেটা বারেবারে বুঝিয়ে দিয়েছেন। দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকার জানান,‘‌রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা শিলিগুড়ির কংগ্রেসে প্রাণ জুগিয়েছে। বুঝিয়ে দিয়েছে দেশকে বাঁচাতে কংগ্রেসের বিকল্প নেই।’‌

Leave the first comment