Opens in a new tab

খবরাখবর, শিলিগুড়ি

‌১০ বিজেপি কো-‌অর্ডিনেটর বদলের সম্ভাবনা !‌

অক্টোবর 30, 2026

দুরন্ত প্রতিবেদন:‌ শিলিগুড়ি পুরনিগমের ওয়ার্ডে ওয়ার্ডে নিয়োজিত বিজেপির ৪৭ জন কো-‌অর্ডিনেটরের মধ্যে প্রায় ১০ জনকেই বদল করা হতে পারে। বিজেপির বিশ্বস্ত সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে ওয়ার্ডের কোন্‌ কোন্‌ কো-‌অর্ডিনেটরকে বদল করা হবে, তার তালিকা প্রায় তৈরি। কিন্তু এই মুহূর্তে বদল করলে নানা প্রশ্ন উঠতে পারে বলে কিছুটা সময় নেওয়া হচ্ছে। নভেম্বরের শেষ দিকে পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস চূড়ান্ত হতে পারে। সেই সময় ৪৭টি ওয়ার্ড বেড়ে হবে ৬৩টি। ফলে বিজেপিকে এমনিতেই আরও ১৬ জন কো-‌অর্ডিনেটরকে নিয়োজিত করতে হবে। একইসঙ্গে ৯-‌১০ জন বদল হওয়া কো-‌অর্ডিনেটরের জায়গায় নতুনদের নামও ঘোষণা করার পরিকল্পনা চলছে।

২০২২ সালে বিজেপি নেতা ও কো-‌অর্ডিনেটরদের নিয়ে রথীন্দ্র বোসের বৈঠক।


উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার গঠন করতেই শিলিগুড়ির তৃণমূল পুরবোর্ড থেকে ইস্তফা দেন মেয়র গৌতম দেব। ভেঙে যায় নির্বাচিত বোর্ড। শহরের কাজ পরিচালনার জন্য প্রশাসক বোর্ড তৈরি করে সরকার। এই সময় বিজেপির কাছে অনেক ওয়ার্ডেই যোগ্য নেতা ছিল না। কারা হবেন প্রার্থী?‌ কারাই বা ওয়ার্ড দেখভাল করবেন ভোটের আগে পর্যন্ত। এই সময় বিজেপির শিলিগুড়ি সংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল দুর্দান্ত রণকৌশল গ্রহন করেন। তিনি কায়দা করে দলীয়ভাবে ওয়ার্ডগুলি দেখার জন্য একজন করে বিজেপি নেতাকে দায়িত্ব দেন। কিন্তু সেই নেতাদের পদের নাম রাখেন—‘‌কো-‌অর্ডিনেটর’‌।

উল্লেখ্য, করনাকালীন সময়েও পুরসভায় প্রশাসক বোর্ড ছিল। সেই সময় সব ওয়ার্ডের কাউন্সিলরদেরকেও বোর্ডে রাখা হয়েছিল। তাঁদের পদবী ছিল – ‘‌কো-‌অর্ডিনেটর’। ফলে ‘‌কো-‌অর্ডিনেটর’ পদ দিলে মানুষ ওই বিজেপি নেতাদেরই কাউন্সিলর বলে মনে করবেন। ফলে ওয়ার্ডে ওয়ার্ডে এক লহমায় বিজেপির মুখ তৈরি হয়ে যাবে। এতে ভোটের সময় বিজেপির লাভ হবে। এই ঘোষণা হয়েছিল ৩ আগস্ট। কিন্তু যাদের কো-‌অর্ডিনেটর করা হয়েছে, তাদের মধ্যে অনেকেই ওয়ার্ড সামাল দিতে হিমশিম খাচ্ছেন। অনেক ভুলের খবর আসছে জেলা নেতাদের কাছে। ফলে জেলা কমিটিকেও শক্ত সিদ্ধান্ত নিতে হচ্ছে।
এই বিষয়ে শিলিগুড়ি জেলা বিজেপি সভাপতি অরুণ মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি দলের অভ্যন্তরীণ কোনও বিষয়ে কথাই বলবেন না বলে জানিয়ে দিয়েছেন। কিন্তু ইতিমধ্যে বিষয়টি নিয়ে কানাঘুষো শুরু হয়েছে। মহানন্দা সেতুর দুই পাড়েই এমন ওয়ার্ড আছে, যাদের বদল করা হতে পারে। এখন শুধু সময়ের অপেক্ষা। ‌‌

Leave the first comment