কবিতা অধিকারী
অবশেষে বেঙ্গল সাফারি পার্কে চলে এল জোড়া সিংহ। পুরুষ সিংহের নাম আকবর। স্ত্রী সিংহের নাম সীতা। ত্রিপুরার সিপাহিজালা জুওলজিক্যাল পার্ক থেকে গ্রিন করিডর করে এদিনই নিয়ে আসা হল পশুরাজ-যুগলকে। আপাতত দু’জনকেই বিশেষ পর্যবেক্ষণে রাখা হচ্ছে। ইতিমধ্যে তৈরি করা হয়েছে ৯৬ একরের এনক্লোজার। যেখানে জোড়া সিংহকে ছেড়ে দিয়ে চালু করা হবে ‘লায়ন সাফারি’। তখন একবারের জন্য হলেও আপনাকেও যেতেই হবে বেঙ্গল সাফারিতে। সিংহ আসার পর বেঙ্গল সাফারির যেন ষোলকলা পূর্ণ হল। গুরুত্বপূর্ণ সব প্রাণী ছিল এখানে, অভাব ছিল ‘বনের রাজা’র। এবার সেটাও হল। এখন জেব্রা ও জিরাফ যে কোনও সময় নিয়ে আসা হবে।



রাজ্য জু অথরিটি ও বন দপ্তর সূত্রে জানা গিয়েছে,‘ সিংহ আকবরের জন্ম ২০১৬ সালে। দুষ্মন্ত ও চিন্ময়ী দম্পতি ২০১৬ সালে সিপাহিজালা চিড়িয়াখানাতেই তিন সিংহ শাবকের জন্ম দিয়েছিল। এই তিন শাবকের নাম রাখা হয়েছিল ৭০ দশকের অমিতাভ বচ্চন ও ঋষি কাপুরের বিখ্যাত সিনেমার চরিত্র অমর, আকবর ও অ্যান্টনির নাম অনুসারে। সেই তিন শাবকের মধ্যে আকবরকেই বেঙ্গল সাফারি পার্কের জন্য বেছে নেয় সেন্ট্রাল জু অথরিটি ও রাজ্য জু অথরিটি। এখন আকবরের বয়স ৭ বছর। অন্যদিকে ত্রিপুরার চিড়িয়াখানাতেই ২০১৮ সালে জন্ম হয় সিংহী সীতার। যার বয়স মাত্র ৫ পেরোতে চলেছে। ত্রিপুরায় থাকাকালীনই আকবর-সীতার মধ্যে সখ্যতা তৈরি হয়। ক্রমে একসঙ্গে থাকার অভ্যাসও গড়ে ওঠে। সিংহ প্রজননের কথা মাথায় রেখে বেঙ্গল সাফারির জন্য এই যুগলকেই বেছে নিয়ে আসা হয়েছে। উল্লেখ্য ইতিমধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার প্রজননে নজির স্থাপন করেছে বেঙ্গল সাফারি। তাতে করে সব মহলের আশা সিংহ প্রজননেও সফলতা আসবে।
‘যত্নের সঙ্গে নিরাপদে সিংহযুগল পৌঁছেছে বেঙ্গল সাফারিতে। সকলেই সুস্থ আছে। আপাতত সকলকে নাইট শেল্টার ও আলাদা এনক্লোজারে রাখা হবে।’
— সৌরভ চৌধুরি
(রাজ্য জু অথরিটির সদস্য সচিব)
অন্যদিকে বেঙ্গল সাফারির পরিবেশের সঙ্গে মানিয়ে নিলে এখানে সিংহ সাফারিও শুরু করা হবে। তাতে করে পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে উঠবে বেঙ্গল সাফারি পার্ক। এখানে এখন যথারীতি রয়্যাল বেঙ্গল টাইগার, গন্ডার, হাতির মতো তৃণভোজীদের সাফারি চলে। রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরি বলেন,‘যত্নের সঙ্গে নিরাপদে সিংহযুগল পৌঁছেছে বেঙ্গল সাফারিতে। সকলেই সুস্থ আছে। আপাতত সকলকে নাইট শেল্টার ও আলাদা এনক্লোজারে রাখা হবে।’ এদিকে সিংহ পৌঁছতে শিলিগুড়ির পর্যটক থেকে পর্যটন সংস্থার সঙ্গে জড়িত বিভিন্ন মহল উচ্ছ্বাস প্রকাশ করেছেন।












