দুরন্ত প্রতিবেদন : লাটাগুড়ির রিসর্ট মানেই পর্যটকের ঢল। তবে বুধবার রাতে রিসর্টে কোনও পর্যটক নয়, বরং ঢুকে পড়ল বুনো হাতি। এরপর দুলকি চালে প্রকাণ্ড দাঁতাল রিসর্ট চত্বরে ঘুরেই বেরালো। তাই দেখে প্রথমে তো পর্যটকের দল আতঙ্কেই আধমরা। পরে অবশ্য হাতির খোশমেজাজ দেখে আতঙ্ক উবে যায় সবার। উল্টে বুনো হাতি দেখতে উত্তেজিত হয়ে ওঠেন সকলে। হাতির চলাফেরা থেকে হাবভাব মুখিয়ে উপভোগ করেন সবাই। হাতিও কারও কোনও ক্ষতি না করে কিছুক্ষণের মধ্যে আপন খেয়ালেই আবারও জঙ্গলে ফিরে যায়। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৮টা নাগাদ। জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া লাটাগুড়ির একটি বেসরকারি রিসর্টে। রিসর্টের পেছনের গেট দিয়ে হাতিটি ভেতরে চলে আসে। রিসর্টের ভেতরে বিরাটাকার হাতিটিকে ঘুরে বেড়াতে দেখে সেখানকার পর্যটকেরা প্রথমে আতঙ্কিত হয়ে পড়লেও, কিছুক্ষণের মধ্যেই আনন্দে উপভোগ করা শুরু করেন। রিসর্ট কর্মীদের অনুরোধে সেখানে থাকা অতিথিরা কেউ ঘর ছেড়ে বাইরে বের হননি।
ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৮টা নাগাদ। জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া লাটাগুড়ির একটি বেসরকারি রিসর্টে। রিসর্টের পেছনের গেট দিয়ে হাতিটি ভেতরে চলে আসে।
উল্লেখ্য, অনেক সময়েই খাবারের গন্ধে বন্য জন্তুরা লজ ও রিসর্টের কাছাকাছি চলে আসে। রান্নাঘরে হানা দেওয়ার ঘটনা লাটাগুড়িতে আগেও কয়েকবার ঘটেছে। তবে এবারে হাতিটি কোনও ক্ষতি করেনি।












