খবরাখবর, শিলিগুড়ি

চাষে নয়া প্রযুক্তি, ‌খোঁজ উদ্যানপালন দপ্তরের

ফেব্রুয়ারি 19, 2025

নকশালবাড়িতে চাষিদের প্রশিক্ষণ শিবিরে সভাধিপতি ও দপ্তরের আধিকারিকরা। ছবি:‌ সাতদিন

দুরন্ত প্রতিবেদন :‌ গ্রামে আজও সনাতনী পদ্ধতিতেই চলে চাষবাস। চেনা ছক থেকে বেরোতে চান না চাষিরা। অথচ বিশেষজ্ঞদের সামান্য পরামর্শ মানলে চাষে অভূতপূর্ব উন্নতি করা সম্ভব। সেই বার্তা দিতে এবং চাষিদের নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা দিয়ে চাষে বিপ্লব আনতে চাইছে শিলিগুড়ি মহকুমা উদ্যানপালন দপ্তর। সেটা মাথায় রেখেই কৃষিদপ্তর, খাদ্যপ্রক্রিয়াকরণ বিভাগ, কেন্দ্রীয় প্ল্যান্টেশন ক্রপ গবেষণা কেন্দ্রে ও কৃষিবিজ্ঞান কেন্দ্রকে সঙ্গে নিয়ে চাষিদের প্রশিক্ষণ দেওয়া শুরু করল। ১৭ ও ১৮ ফেব্রুয়ারিতে প্রায় ২০০ চাষিকে নিয়ে প্রশিক্ষণ শিবির চালানো হল নকশালবাড়ি ব্লকে। নকশালবাড়ি ব্লকের কমিউনিটি হলে খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগের আধিকারিকরাও ছিলেন। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ, জেলা উদ্যানপালন আধিকারিক প্রভাস মন্ডল, মহকুমা উদ্যানপালন আধিকারিক ড.‌ শুভ্রমাল্য দত্ত, ব্লকের সহ কৃষি অধিকর্তা তমালি সরকার, খাদ্য প্রক্রিয়াকরণ উন্নয়ন আধিকারিক অরুণাভ বল প্রমুখ।
শিলিগুড়ি মহকুমা একদিকে যেমন চাষের জমি কমছে, অন্যদিকে বহুমুখী চাষের সম্ভাবনা তৈরি হচ্ছে। কয়েক বছর আগে পর্যন্তও চা, আনারস ও চেনা কিছু সবজি ছাড়া এখানে তেমন কিছু চাষ হতো না। কিন্তু এখন ড্রাগন ফ্রুটস থেকে বাহারি ফুল চাষ করে প্রচুর মানুষ জীবিকা নির্বাহ করছেন। গ্রিন হাউস করে নতুন নতুন পরীক্ষামূলক চাষও চলছে এখানে। ফলে চাষাবাদে চাষিদের বাইরেও উদ্যোগপতিরাও মাথা গলাতে শুরু করেছেন। এমন পরিস্থিতিতে শিলিগুড়ির প্রকৃত চাষিদের নতুন দিশা দেখাতে দফায় দফায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও উদ্যানপালন দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন। শিলিগুড়ির বিধাননগরে কয়েক হাজার হেক্টরে আনারস চাষ হয়। এই আনারস প্রক্রিয়াকরণ করেও বিকল্প কর্মসংস্থান করা যায়। পাশাপাশি সাধারণ চাষের ক্ষেত্রে নতুন নতুন যন্ত্রপাতি ব্যবহারের ফলে ফলন দ্বিগুণ বাড়ানো সম্ভব, সেসব বিষয়েও চাষিদের জানানো হয় এদিন। প্রয়োজনে চাষিদের উন্নত বীজ কিংবা চারা সরবরাহের পাশাপাশি আর্থিক সহযোগিতা করতেও তৈরি উদ্যানপালন দপ্তর।

চাষে নতুন প্রযুক্তির ব্যবহার জানতে উদ্যানপালন দপ্তরের সেমিনারে চাষিরা। ছবি:‌ সাতদিন

Leave the first comment