খবরাখবর, শিলিগুড়ি

শিলিগুড়ির ১৫ পঞ্চায়েতে হবে ডাক্তারের চেম্বার

জুন 17, 2025

দুরন্ত প্রতিবেদন :‌ এবার থেকে পঞ্চায়েত অফিসে গেলে ডাক্তারও মিলবে। হ্যাঁ, ঘটনা একেবারে সত্যি। পঞ্চায়েত দপ্তরে ডাক্তার বসানোর জন্য ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে শিলিগুড়ি মহকুমার ৪টি ব্লকে ১৫ জন হোমিওপ্যাথি ডাক্তার নিয়োগ করা হচ্ছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক সেরে এই খবর জানিয়েছেন। বলেছেন,‘‌মহকুমায় মোট ২২টি গ্রাম পঞ্চায়েত ও ৪টি ব্লক আছে। ৪টি ব্লকে ব্লক স্বাস্থ্যকেন্দ্র আছে। এই স্বাস্থ্যকেন্দ্র ঘেঁষা আরও ৩টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই পঞ্চায়েতগুলি বাদে বাকি ১৫টি গ্রাম পঞ্চায়েতে একজন করে হোমিওপ্যাথি ডাক্তার নিয়োগ করা হচ্ছে। যারা পঞ্চায়েত দপ্তরেই কোনও রুমে চেম্বার খুলে বসবেন। ছুটির দিন বাদে প্রায় রোজই তাঁদের পাওয়া যাবে। এতে করে একেবারে দোরে সর্বক্ষণ ডাক্তারি পরিষেবা পাবেন মহকুমার মানুষ।’‌

শিলিগুড়ি মহকুমা পরিষদে স্বাস্থ্য উপসমিতির বৈঠক। ছবি:‌ সাতদিন


জানা গেছে, বিন্নাবাড়ি, ঘোষপুকুর, হেটমুড়ি, চটহাট, বিধাননগর-‌১, মণিরাম, পাথরঘাটা, চম্পাসারি, মাটিগাড়া-‌২, খড়িবাড়ি, জালাস, আপার বাগডোগরা, গোঁসাইপুর ও আঠারোখাইয়ে ডাক্তার নিযুক্ত করা হচ্ছে। ইতিমধ্যে ১৩ জনের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। বাকি দুইজনের পরীক্ষা শেষ হয়েছে। বাকি প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে। মনে করা হচ্ছে পুজোর অনেক আগেই চেম্বার খুলতে পারবেন সকলে। মহকুমা পরিষদ সূত্রে জানা গেছে, পঞ্চায়েত উন্নয়ন দপ্তর থেকেই এই ডাক্তারদের বেতন দেওয়া হবে।

Leave the first comment