রাজনীতি

‌গৌতমেই আস্থা, বোঝালেন মমতা

এপ্রিল 17, 2024

দুরন্ত প্রতিবেদন :‌

কোচবিহার থেকে কালিয়াচক। তৃণমূল নেতাদের ছড়াছড়ি। তবে এত নেতার মাঝে মুখ্যমন্ত্রীর আস্থাভাজনের সংখ্যাটা খুব বেশি নয়। আর সেই আস্থাভাজনদের মধ্যে যাদের মমতা ব্যানার্জি চোখ বন্ধ করে ভরসা করেন, সেই সংখ্যা আরও ছোট। সেই ছোট্ট তালিকার মধ্যে উত্তরবঙ্গের যার নাম কার্যত ১ নম্বরে রয়েছে, তিনি আর কেউ নন, শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সেই আস্থার কথা বিগত কয়েকটি উত্তরবঙ্গ সফরে এসে ঠারেঠুরে বুঝিয়েও দিয়েছেন মমতা। প্রতিটি সভার শেষে যেভাবে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে ধন্যবাদ জ্ঞাপন থেকে নানান দায়িত্ব সঁপেছেন, তাতে পরিস্কার উত্তরবঙ্গে আপাতত মুখ্যমন্ত্রীর ভরসার লোক তিনিই।


নির্বাচন ঘোষণার পর উত্তরবঙ্গে ঘটে যাওয়া বড় বিপর্যয় অবশ্যই ঘূর্ণিঝড়। এই ঝড়ে যেমন একটা বিস্তীর্ণ এলাকার শয়ে শয়ে মানুষ ঘরবাড়ি ধুলিস্যাৎ হয়েছে, তেমনি উত্তরবঙ্গে বিশেষ করে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের রাজনৈতিক সমীকরণও এলোমেলো হয়ে যায়। এমন দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে নিজেদের ‘‌কাছের লোক’‌ প্রতিপন্ন করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তার মধ্যে দিয়ে রাজনৈতিক সমীকরণকে নিজের মতো সাজাতেও চেয়েছিলেন। ঘটনার দিন তাই সমস্ত অনুষ্ঠান বাতিল করে রাত সাড়ে ১১টায় ঘটনাস্থলে পৌঁছেছিলেন মমতা। দুর্গত এলাকায় তিনি থেকেছেন রাত আড়াইটা পর্যন্ত। কিন্তু তিনি যতক্ষণ পৌঁছননি, সেই সময়েও যাতে এলাকা ফাঁকা না থাকে, তার জন্য উত্তরবঙ্গের যে সব নেতাদের পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাঁদের মধ্যে নেতৃত্বের দায়িত্ব পড়েছিল এই গৌতম দেবের ওপর। আবার তারও কিছুদিন আগে, উত্তরবঙ্গের বস্তিবাসীদের পাট্টা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর সেই পাট্টা কাদের দেওয়া যায়, সে ব্যাপারটা দেখার জন্যও দায়িত্ব দিয়েছিলেন গৌতম দেবকেই। এমন অজস্র দায়িত্ব এখন গৌতম দেবকেই সামলাতে হয়, অথচ তিনি আপাতত একটি পুরসভার মেয়র মাত্র। প্রথম দফার লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর প্রচারের শেষ সভাগুলিতেও বারেবারে গৌতম দেবকে ধন্যবাদ জানিয়েছেন স্বয়ং মমতা।

সিরিয়াস ও সময় বেঁধে করা কাজই মুখ্যমন্ত্রীর কাছে গৌতম দেবকে অনন্য করে তুলেছে

আসলে এই বিশ্বাসী হয়ে ওঠার ক্ষেত্রেও কম পরিশ্রম করতে হয়নি গৌতম দেবকে। তাঁর অক্লান্ত পরিশ্রম ও মানুষের সঙ্গে যোগাযোগের খবর আটকে থাকেনি উত্তরের গন্ডিতে। টক টু মেয়র, মানুষের কাছে চলো, পুরনিগমের কাজ নিয়ে ২৪ ঘন্টা ধরে তদারকি, শহরকে সাজাতে নতুন নতুন পরিকল্পনা করার মতো সমস্ত তথ্যই পৌঁছে গেছে মমতা ব্যানার্জির কাছে। আর এই সিরিয়াস ও সময় বেঁধে করা কাজই মুখ্যমন্ত্রীর কাছে গৌতম দেবকে অনন্য করে তুলেছে।

Leave the first comment