খবরাখবর, রাজনীতি, শিলিগুড়ি

ভাড়াটিয়া খুঁজছেন গৌতম

মে 6, 2026

দুরন্ত প্রতিবেদন:‌ বিশাল বাড়ি। অথচ লোকজন নেই। স্ত্রী, পুত্র, কন্যা থাকেন বাইরে। শিলিগুড়ির বাড়িতে একা গৌতম দেব। এতদিন অফিসার মিলিয়ে নিরাপত্তা রক্ষী ছিলেন ৫ জন। একজন গেটকিপার। তাঁরাও ধীরে ধীরে বিদায় হবেন। রয়ে যাবেন ৭০ বছরের একা একজন প্রাক্তন মন্ত্রী তথা মেয়র। ফাঁকা বাড়িতে কীভাবে থাকবেন একা?‌ কে দেখবেন?‌ তাই খুঁজে বেড়াচ্ছেন একজন ভাল কাজের লোক। শুধু তাই নয়, বাড়িঘর ঠিক রাখতে দোতলার একটা অংশ ভাড়ায় দিতে চান তিনি। তার জন্য খুঁজছেন ভাড়াটিয়া।

পরাজয়ের পরের সকালে। গৌতম দেবের বাড়িতে। ছবি:‌ সাতদিন

গৌতম দেব জানালেন, ভোটের প্রচারের জন্য প্রায় ৫০ লক্ষ টাকা ধার করেছেন। চতুর্থবার সরকার এলে এই টাকা অনায়াসে জোগাড় করে নিতেন। কিন্তু এখন এত ঋণ মেটাব কী করে, তাই নিয়ে চিন্তিত। এমনকি ছেলে মেয়ের লেখাপড়া করানো নিয়েও উদ্বেগের মধ্যে তিনি বলে জানান।

পোষ্যের সঙ্গে গৌতম দেব। (‌ফাইল ছবি)‌

বাড়িতে ৪টি কুকুর আছে। সেই কুকুরগুলির ভরনপোষণ কীভাবে চলবে তা নিয়েও উপায় বের করতে পারেননি। কাউকে দিয়ে দিতেও পারছেন না। কী হবে সেই পোষ্যদের ভবিষ্যৎ !‌ সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন। এসব নিয়ে যখন উদ্বিগ্ন, তখন মেয়রের আশপাশে যারা এতদিন ঘুর ঘুর করতেন সকলে শিবির পাল্টাতে শুরু করেছেন। গৌতম দেব বুঝতে পারছেন নির্মম বাস্তব। কীভাবে মানুষ স্বার্থ ফুরোলে কেটে পড়ে।

Leave the first comment