শিলিগুড়ি, সাতরঙ

প্রথম আর্ট ফেয়ারে লাখ টাকার বিকিকিনি

মার্চ 20, 2024

দুরন্ত প্রতিবেদন:‌ শিলিগুড়ি প্রথম আর্ট ফেয়ারে সব মিলিয়ে শিল্পী এসেছিলেন প্রায় ১৫০ জন। স্টল হয়েছিল ২৩টি। প্রতিটি স্টল ছিল রঙিন। দর্শকশূন্য স্টল দেখা যায়নি। প্রতিটি স্টল থেকেই বিক্রি হয়েছে কমবেশি। যা শিল্পীদের প্রত্যাশার মধ্যে ছিল না ‘‌নর্থ বেঙ্গল পেইন্টার্স’এর সভাপতি সঞ্জয় দে জানান,‘‌প্রথম মেলাতেই যে বিক্রিবাট্টা হবে সেটা আশা করিনি। কিন্তু আমাদের সকলকে চমকে দিয়ে প্রথম মেলাতেই ১ লক্ষ টাকার বেশি ছবি বিক্রি হয়েছে। তারচেয়েও বড় কথা হল একটি স্টল থেকেই বিক্রি হয়েছে অন্তত ৫০ হাজার টাকার বেশি। এটাই আমাদের সাফল্য।

শিলিগুড়ি ভুটিয়া মার্কেটে আয়োজিত আর্ট ফেয়ারের স্টলে স্টলে নতুন প্রজন্মের ভিড় যেমন ছিল, তেমনি ছিল তরুণ ও প্রবীণ মানুষের ভিড়। তুলির রঙেও যে অনেক মানুষকে বেঁধে রাখা সম্ভব সেটা প্রমাণ করেছে শিলিগুড়ি আর্ট ফেয়ার। অনেকেই খোঁজ নিয়েছেন এমন সুন্দর আঁকা শিখতে গেলে কোথায় যোগাযোগ করতে হবে। এতে করে নতুনদের আগ্রহ ধরা পড়েছে ভীষণ ভাবে। ছবি:‌ সাতদিন

শিলিগুড়ি আঁকার মেলায় স্রেফ ক্যানভাসে আঁকা চিত্রই পাওয়া যাচ্ছিল না, বরং হস্তশিল্পের যে সব কাজে তুলির কাজ রয়েছে, সেই শিল্পও হাজির করেছেন অনেকে। যেখানে কুমড়োর বীজের কানের অলঙ্কার থেকে পাটের নানান শিল্পকর্ম হাজির করা হয়েছে। পাওয়া গেছে, বড় আকারের ছবি থেকে একেবারে মিনি ছবি। ফলে বিভিন্ন শিল্পের সম্ভারে আর্ট মেলা নতুন মাত্রা পেয়েছিল। ছবি :‌ সাতদিন

রবিবার আর্ট ফেয়ার ক্যাম্পাসেই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রায় ১৫০ জন অংশগ্রহন করেছে। যেখানে ৩-‌ সাড়ে তিন বছরের শিশুরাও অংশ নেয়। তিনটি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতার শেষে সন্ধ্যায় সকলকে শংসাপত্র দেবার পাশাপাশি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। একদম শিশুদের সকলকেই মেডেল ও শংসাপত্র দিয়ে উৎসাহিত করা হয়। ছবি:‌ সাতদিন

আর্ট মেলার শেষদিনে আয়োজকরা স্টল বন্ধ করতে বললেও বারেবারে সময় বাড়িয়েছেন শিল্পীরা। যেন কারও বাড়ি ফেরার ইচ্ছে নেই। শেষ দিন চিত্রশিল্পীদের প্রতিজ্ঞবদ্ধ করল পরবর্তী বছরের জন্য। মেলায় আগত প্রায় সকলেই এক বাক্যে স্বীকার করেছেন, এই মেলার ভীষণ প্রয়োজন ছিল। আগামী মেলা নিয়ে আগাম পরিকল্পনা করতে এদিনই একপ্রস্থ আলোচনা সেরেছেন সুজয় মিত্র, সঞ্জয় দে সহ সমস্ত আয়োজকরা।

Leave the first comment