অর্থনীতি, শিলিগুড়ি

উত্তরে লগ্নির পরিবেশ চান শিল্পদ্যোগীরা

মে 22, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ শপথের ১১ দিনের মাথাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছিলেন উত্তরবঙ্গে। ২০ মে। প্রশাসনিক বৈঠক করেছেন উত্তরকন্যায়। তারই ফাঁকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন লঘু উদ্যোগ ভারতী উত্তরবঙ্গ শাখা, নর্থবেঙ্গল ইন্ডাস্ট্রিস অ্যাসোসিয়েশন এবং ইস্টার্ন ইন্ডিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসের প্রতিনিধি দল। লঘু উদ্যোগ ভারতী উত্তরবঙ্গের সভাপতি আদিত্য মিত্রুকা ও রাজ্য সভাপতি বিপিন সিঙ্ঘল, নর্থবেঙ্গল ইন্ডাস্ট্রিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুরজিৎ পাল এবং ইস্টার্ন ইন্ডিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসের গৌরীশঙ্কর গোয়েল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। শুধু তাই নয়, উত্তরবঙ্গে শিল্পের জোয়ার আনতে স্বল্প পরিসরে আলোচনার পাশাপাশি নিজেদের মতো করে তৈরি রোডম্যাপও তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। তাঁদের দাবি নতুন সরকারের হাত ধরেই উত্তরবঙ্গে তৈরি হোক শিল্পবান্ধব পরিবেশ। আসতে শুরু করুক বিপুল বিনিয়োগ। আর এই নতুন পরিস্থিতি তৈরির জন্য দরকার সরকারের প্রত্যক্ষ সহযোগিতা। সেই সহযোগিতা পেতে এবং সরকারের কাছে প্রয়োজনীয় প্রস্তাব তুলে দেওয়া হয়।

শিল্প বিকাশে নিজ নিজ রোডম্যাপ তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রীর হাতে। ছবি:‌ সাতদিন


লঘু উদ্যোগ ভারতী উত্তরবঙ্গের সভাপতি আদিত্য মিত্রুকা এবং রাজ্য সভাপতি বিপিন সিঙ্ঘল জানান,‘‌আমরা মুখ্যমন্ত্রীর কাছে উত্তরবঙ্গে ছোট ও মাঝারি শিল্পের জোয়ার আনতে একটি রোডম্যাপ তৈরি করে তুলে দিয়েছি। সেখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের জন্য ‘এক-জানলা ছাড়পত্র ব্যবস্থা’ চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই এলাকার সড়ক ও পণ্য পরিবহণ পরিকাঠামোর উন্নতিসাধন, পণ্য পরিবহণের ক্ষেত্রে ভাড়ায় ভর্তুকি, লিজ-হোল্ড জমিকে ফ্রি-হোল্ডে রূপান্তরের ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার, চা শিল্পের পুনরুজ্জীবন সহ একাধিক দাবি জানানো হয়েছে।

অন্যদিকে নর্থবেঙ্গল ইন্ডাস্ট্রিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুরজিৎ পালও বেশ কিছু প্রস্তাব রেখেছেন। এসজেডিএ থেকে এলইউসিসি পাবার ক্ষেত্রে যে ফি জমা করতে হয়, সেটি সরলীকরণ করা, শিল্পের ক্ষেত্রে অযাচিত বাধা ও সমস্যাগুলির সমাধান করা, অগ্নিনির্বাপন ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে অযৌক্তিক ফি তুলে দেবার পাশাপাশি প্রক্রিয়া সহজ করা। ইস্টার্ন ইন্ডিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসের তরফে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের কিছু বাস্তব সমস্যা তুলে ধরা হয়েছে। যেমন সরকারি হাসপাতালগুলিতে ময়নাতদন্তের জন্য অর্থের কারবারের মতো যন্ত্রণাদায়ক বিষয়গুলির কথা উল্লেখ করা হয়েছে। শিলিগুড়িতে মেডিক্যাল হাব গড়ে তুলতে গেলে এই ঘৃণ্য প্রবণতা যে বন্ধ করতে হবে, সেটা বলাই যায়। এমন অনেক বিষয় উঠে এসেছে তাঁদের দাবিতে।

Leave the first comment