খবরাখবর, দেশ-‌দুনিয়া

‌ফতোয়া !‌‌

মে 21, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ বাংলায় বিজেপি সরকারের বয়স ১১ দিন শেষ না হতেই মারাত্মক ফরমান জারি হল। বুধবার পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক ও কর্মিবিনিয়োগ দপ্তরের তরফে এক কড়া নির্দেশিকা জারি করে বলা হয়েছে, সরকারি আধিকারিক থেকে সরকার পোষিত সংস্থার কর্মীরা আর সংবাদমাধ্যমে মন্তব্য করতে পারবে না। এমনকি পূর্ব অনুমতি ছাড়া কোনও সরকারি কর্মী সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। বিরূপ মন্তব্যের তো প্রশ্নই নেই।
মুখ্যসচিব মনোজ আগরওয়ালের নির্দেশিকাটি রাজ্যের সমস্ত দপ্তর, কমিশনার, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, এই সার্কুলার কঠোর ভাবে কার্যকর করতে হবে। নতুন নির্দেশিকা অনুযায়ী, আইএএস, ডব্লিউবিসিএস, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস (ডব্লিউবিপিএস)-এর আধিকারিকদের পাশাপাশি রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারী, জেল কর্মী, সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ড, পুরসভা, পুরনিগম ও স্বশাসিত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। এমনকি বেসরকারি ভাবে তৈরি বা স্পনসরড অনুষ্ঠানেও যোগদানের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।

সরকারের অনুমতি ছাড়া কোনও কর্মচারী সংবাদপত্র বা সাময়িকীতে লেখা লিখতে পারবেন না, কোনও পত্রিকা সম্পাদনা বা পরিচালনার সঙ্গেও যুক্ত থাকতে পারবেন না। রেডিও বা অন্য সম্প্রচার মাধ্যমেও বক্তব্য পেশের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সরকারি কর্মচারীদের কেন্দ্র বা রাজ্য সরকারের নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনা করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। আর কোনও বক্তব্য বা প্রকাশনা যদি কেন্দ্র-রাজ্য সম্পর্ক কিংবা বিদেশি রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে, তবে তো কথাই নেই, সেটাকে শাস্তিযোগ্য বলে বিবেচিত হবে।


এই নির্দেশিকা জারি হতে তুমুল সোরগোল পড়ে গেছে। সকলেই বলছেন, এত মত প্রকাশের ক্ষেত্র সীমাবদ্ধ হল। অনেক শিক্ষক সার্ভিস রুলের প্রসঙ্গে তুলে বলতে শুরু করেছেন, সাম্প্রদায়িক উস্কানি বা সরকারি গোপন নথি প্রকাশ করা নিশ্চিতভাবে অপরাধ, তাই বলে নিজস্ব মতামতটুকুও থাকবে না?‌ নতুন সরকার যেভাবে মতপ্রকাশে হস্তক্ষেপ করতে চাইছে, সেটা সংবিধান সম্মত নয়। এতে করে তথ্য জানার অধিকার আইন বা মত প্রকাশের অধিকার খর্ব হয়ে পড়ছে। অনেকে এই নির্দেশকে এক কথায় ফতোয়া বলেই অভিহিত করতে চাইছে।

Leave the first comment