Opens in a new tab

খবরাখবর, শিলিগুড়ি

‌পুজো মিটলেই উচ্ছেদ ?‌ দু’‌ভাগ হবে শিলিগুড়ি !‌

অক্টোবর 28, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ শিলিগুড়িতে রেলের জমিতে বসবাসকারীদের যে আর রক্ষা নাই, সেই আবহ তৈরি হয়েই ছিল। বাড়ি বাড়ি ইতিমধ্যে নোটিশ পৌঁছে গেছে। এই পরিস্থিতি রুখতে আন্দোলন চলেছে বিস্তর। কিন্তু রেল ও সরকার যে নির্বিকার সেটা স্পষ্ট বোঝা গেল মঙ্গলবার। রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারাহ শিলিগুড়ি এসে জানিয়ে দিয়ে গেলেন, ‘‌উচ্ছেদ ও অধিগ্রহণের কাজ হওয়ার পরেই ডাবল লাইনের কাজ শুরু হবে। প্রক্রিয়া শুরু করা হয়েছে। এখন ধীরে ধীরে উচ্ছেদের কাজও হবে। উৎসবের মরসুমের কারণে সবার অনুরোধ ছিল যে আপাতত যেন বড় কোনও উচ্ছেদ না করা হয়, তাই আমরা একটু বিরতি দিয়েছি, উৎসবের পর উচ্ছেদের কাজ শুরু হবে।’‌

শিলিগুড়ি মহাবীরস্থান রেলগেট


ডিআরএমের এই বক্তব্যের পর আলোর উৎসবে কার্যত অন্ধকার নেমে এসেছে। উচ্ছেদ যে একপ্রকার হবেই, সেটা আন্দাজ করা যাচ্ছে। কিন্তু পুনর্বাসনের কোনও সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না।
এরসঙ্গে নতুন আতঙ্ক তৈরি করেছে, মহাবীরস্থানের রেলগেট বন্ধ হওয়ার সম্ভাবনা নিয়ে। ইতিমধ্যে শিলিগুড়ির শিবমন্দির ও ফুলেশ্বরী রেলগেট বন্ধ করে দিয়েছে রেল। এবারে টার্গেট মহাবীরস্থান। কিন্তু এই রেলগেট বন্ধ হলে শিলিগুড়ি শহর কার্যত দুই ভাগ হয়ে যাবে। এবং এক অংশ থেকে অংশে যাবার জন্য শুধুমাত্র দুটি সরু রাস্তা থাকবে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ উড়ালপুল ও ফুলেশ্বরী আন্ডারপাস। ফলে শহরের হাজার হাজার গরিব মানুষ, ছোট ব্যবসায়ীর অবস্থা যে সঙ্গীন হয়ে পড়বে, সেটি বলাই বাহুল্য।
শিলিগুড়ির বিশিষ্ট শিল্পোদ্যোগী তথা লেখক সঞ্জিত সাহা নিজের ফেসবুক পোস্টে লিখেছেন—‘‌গেট চালাতে নাকি মাসে দু’লক্ষ টাকার একটু বেশি খরচ হয়। ব্যস, শহরের হাজার হাজার মানুষের রোজকার জীবনের দাম, সময়, ব্যাস্ততা সব ঠিক হয়ে গেল ওই দু’লক্ষ টাকায়।


শিবমন্দির গেছে। ফুলেশ্বরী গেছে। বাগরা কোট তো অনেক আগেই গেছে, এবার মহাবীরস্থান। আর মন বলছে, মহানন্দাপাড়ার গেটটাও আর বেশিদিন বাঁচবে না। তারপর? এই শহরের মানুষ এপার থেকে ওপারে যেতে চাইলে দুটো রাস্তা পাবেন। হাসমি চকের ফ্লাইওভার, নয়তো ফুলেশ্বরীর আন্ডারপাস। ব্যস, এইটুকুই। একটা আস্ত শহর, লক্ষ লক্ষ মানুষ, আর পারাপারের জন্য দুটো সরু পথ।
চোখ বন্ধ করে একবার ভাবুন তো:
যে ভ্যানচালক ভাইটি সকাল ছ’টা থেকে মাল টেনে সংসার চালান, তিনি কি ওই ভারী ভ্যান নিয়ে ফ্লাইওভারের চড়াই ভাঙবেন? না পারলে তাঁর রুজি যাবে কোথায়? শহরের এত গাড়ি, সব কি একটা উড়াল পুল দিয়ে চলতে পারবে?
গেটের পাশের হকারস করনারে যে ছোট্ট দোকানটা কুড়ি বছর ধরে চলছে, রাস্তা বন্ধ হলে তার খদ্দের আসবে কোন পথে?
যে বৃদ্ধ মানুষটি রোজ ওপারের ডাক্তারখানায় যান, তাঁর দু’মিনিটের রাস্তা যখন আধঘণ্টার হবে, তিনি কি যেতে পারবেন?
আর যে অ্যাম্বুলেন্স কারও বাবা, কারও মা, কারও সন্তানকে নিয়ে ছুটছে, যানজটে আটকে থাকা প্রতিটা মিনিটের দায় কে নেবে?
সবচেয়ে ভয়ের কথাটা বলি। যাঁরা ঘুরপথে যেতে পারবেন না, তাঁরা লাইন টপকাবেন।’‌
তিনি আরও লিখেছেন—‘‌মাননীয় রাজনৈতিক দাদারা, ভোটের সময় আপনারা লাইনের এপারেও আসেন, ওপারেও যান। দু’পারের মানুষই আপনাদের দু’হাত ভরে ভোট দেয়। আজ সেই মানুষগুলোকে আলাদা করে দেওয়া হচ্ছে। এখন চুপ করে থাকলে মানুষ মনে রাখবে। নিজের দলের পতাকাটা আজ একটু পাশে রাখুন, আমাদের শহরটার জন্য একসঙ্গে দাঁড়ান।’‌

Leave the first comment