Opens in a new tab

দেশ-‌দুনিয়া, রাজনীতি

‌যন্তর মন্তরে সমাবেশ নিষিদ্ধ, পাল্টা দিপকে

অক্টোবর 13, 2026

দুরন্ত প্রতিবেদন:‌ প্রতিবাদ কর্মসূচির জন্যই বরাদ্দ ছিল দিল্লির যন্তর মন্তর। বহু আন্দোলনের সাক্ষী এই ঐতিহাসিক জায়গাটি। কিন্তু ককরোচেরা আন্দোলন শুরু করতেই এবারে দিল্লি পুলিশ নির্দেশ জারি করেছে যন্তর মন্তরে আর প্রতিবাদ কর্মসূচি করা যাবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক কমিটির সুপারিশের ভিত্তিতে এই নির্দেশিকা। উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনেই রয়েছে দিল্লি পুলিশ। ফলে উদ্দেশ্য পরিষ্কার বলেই জানাচ্ছেন বিরোধীরা।


অন্যদিকে, যন্তর মন্তরের বদলে রাজধানীর তিনটি জায়গা নির্ধারণ করা হয়েছে এসব আন্দোলনের জন্য— রামলীলা ময়দান, বুরারি মাঠ, পূর্ব দিল্লির সিবিডি। ককরোচ জনতা পার্টি (সিজেপি) যখন সোমবার প্রতিবাদ আন্দোলনের অনুমতি চাইতে থানায় যায়, সেই সময়ই এমন নির্দেশিকার কথা জানা যায়। ক্ষুদ্ধ দিপকে ঘোষণা করেন,‘‌এ বার গোটা দেশকেই যন্তর মন্তর করা হবে।’‌
উল্লেখ্য, নতুন নির্দেশিকায় প্রতিবাদ কর্মসূচি পালনের জন্য যে তিনটি জায়গার কথা বলা হয়েছে, তার মধ্যে রামলীলা ময়দান পুরনো দিল্লিতে রয়েছে। সিবিডি মাঠ আছে পূর্ব দিল্লিতে। বুরারি ময়দান উত্তর দিল্লিতে। মধ্য দিল্লির যন্তর মন্তর থেকে এই তিন মাঠ যথাক্রমে ৩ কিলোমিটার, ১৩.৫ কিলোমিটার এবং ৪৪ কিলোমিটার দূরে অবস্থিত। কোনও রাজনৈতিক দল তিনটি মাঠকে ব্যবহার করতে চাইলে আন্দোলন এমনিতেই বিচ্ছিন্ন হয়ে পড়বে। পাশাপাশি এই মাঠগুলির জন্যও অনুমতি নিতে হলে কী কী শর্ত মানতে হবে তারও নির্দেশিকা (‌এসওপি)‌ দ্রুত প্রকাশ করা হবে বলে জানা গেছে।


দিল্লি পুলিশ কমিশনার অনুরাগ কুমারের নির্দেশিকা স্পষ্ট করে দিচ্ছে দেশের সরকার কোন্‌ পথে চলছে। ফলে দিপকে তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে লেখেন, ‘‌যন্তর মন্তরে ওরা আর প্রতিবাদ করতে দেবে না। এটা এখন আর প্রতিবাদস্থল নয়। ভিতু একনায়কের কারণে তা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। এখন গোটা দেশ যন্তর মন্তর হবে।’‌

কিছুদিন আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে এই যন্তর মন্তরেই অবস্থান শুরু করেছিল সিজেপি। নিট কেলেঙ্কারির বিরুদ্ধে ছিল সেই প্রতিবাদ আন্দোলন। যার জেরে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। এ বার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে একই পথে হাঁটছে সিজেপি। কেন্দ্রের সরকারও তাই কৌশলি পন্থা অবলম্বন করছে বলেই মনে করা হচ্ছে।

Leave the first comment