খবরাখবর, শিলিগুড়ি

সম্মেলনের খবর বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে কমরেডরা, দেওয়াল লিখেই প্রচারে আঁচ

জানুয়ারি 9, 2025

দুরন্ত প্রতিবেদন :‌ ফেসবুক, হোয়াটসঅ্যাপ আছে। তবে বামেরা এখনও সেই মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগেই বিশ্বাসী। তাই দার্জিলিং জেলা সিপিএমের সম্মেলনের খবর দিতে বাড়ি বাড়িতেই যাচ্ছেন শিলিগুড়ির সিপিএম নেতা-‌কর্মীরা। ঘরে ঘরে গিয়ে প্রচারপত্র তুলে দিচ্ছেন। তারপর দাবিদাওয়া নিয়ে কথা বলছেন মানুষের সঙ্গে। এরপর পাঠ্যবইয়ের মতো মানুষ যেন সেই কথাগুলি রোজ চোখের সামনে দেখে মনে রাখতে পারেন, তাই পাড়ার অলিগলিতে দেয়াল লিখন করছেন। এভাবেই জেলা সম্মেলন নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা তৈরি করার চেষ্টা করছেন কমরেডরা।


উল্লেখ্য, আগামী ২৪ ও ২৫ জানুয়ারি দার্জিলিং জেলা সিপিএমের ২৪তম সম্মেলন অনুষ্ঠিত হবে শিলিগুড়ির মিত্র সম্মিলনী হলঘরে। সেখানে জেলার প্রায় ৩৫০ ইউনিটের নেতৃত্বরা যোগ দেবেন। জানাবেন, সংগঠন, সমস্যা ও চারপাশের পরিস্থিতি। রাজনৈতিক অবস্থা নিয়ে বিচার বিশ্লেষণের পর তৈরি হবে আগামী দিনের পথচলার কর্মসূচি। কিন্তু একটা রাজনৈতিক দলের সম্মেলন মানে শুধু কর্মীদের নয়। আমজনতারও জানার অধিকার আছে। সেই অধিকারকে সম্মান দিতেই দলের নেতাকর্মীরা রোজ যাচ্ছেন মানুষের বাড়ি বাড়ি। যেভাবে ভোটের আগে সমস্ত রাজনৈতিক দল প্রচারে ঝড় তোলেন, এখানে সম্মেলন ঘিরেও একই তৎপরতা দেখাচ্ছেন বাম নেতাকর্মীরা।
শিলিগুড়ি ২ নম্বর এরিয়া কমিটির সম্পাদক সৌরভ সরকার জানান,‘‌আমরা আমাদের এলাকায় বুধবার দিনভর দেওয়াল লিখন চালিয়েছি। সেই সঙ্গে গেছি বাড়ি বাড়ি। মানুষকে দাবিদাওয়া সম্বলিত প্রচারপত্র তুলে দিয়েছি। প্রতিটি এরিয়া কমিটিতে এই প্রচার চলছে। মানুষকে সম্মেলনের বিষয়ে বিস্তারিত জানাতে ছোট ছোট সভাও করছি পাড়াগুলিতে।’ উল্লেখ্য, দার্জিলিং জেলায় তিনটি ভাষায় প্রচার‌পত্র তৈরি করা হয়েছে। বাংলা, হিন্দি ও নেপালি। হাজার হাজার প্রচারপত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে। দাবির মধ্যে সম্প্রীতি, সংহতি, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, মহিলা নিরাপত্তা, চা-‌শ্রমিকদের ন্যুনতম মজুরি, পাহাড়ে উচ্চক্ষমতা সম্পন্ন স্বশাসন প্রতিষ্ঠা সহ আরও নানা বিষয় রয়েছে।

শিলিগুড়ি ৪ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন। ছবি:‌ সাতদিন

Leave the first comment