রাজনীতি

‌বামেরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ৭৫০০ টাকা দেব, প্রচারে বেরিয়ে জানালেন দেবরাজ

মার্চ 30, 2024

দুরন্ত প্রতিবেদন :‌ লক্ষ্মীর ভান্ডারকে শুধুমাত্র ভাতার জায়গায় নয়, বরং এটাকে মা বোনেদের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। তিনি শনিবার শিলিগুড়ি পুরনিগম এলাকায় ভোট প্রচারে এসে জানিয়ে দিলেন,‘‌বামেরা ক্ষমতায় এলে পাঁচশ, হাজার নয়, লক্ষ্মীর ভান্ডারে ৭০০০-‌৭৫০০ টাকা করে দেব। আইন করে এটা করা হবে। যাতে আমরা ক্ষমতায় না থাকলেও মহিলাদের অধিকার খর্ব না হয়।’‌

‘‌বামেরা ক্ষমতায় এলে পাঁচশ, হাজার নয়, লক্ষ্মীর ভান্ডারে ৭০০০-‌৭৫০০ টাকা করে দেব। আইন করে এটা করা হবে। যাতে আমরা ক্ষমতায় না থাকলেও মহিলাদের অধিকার খর্ব না হয়।’‌


মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী সহ নানা প্রকল্প নিয়ে বরাবরই বিরোধিতা করে এসেছেন তৃণমূল বিরোধীরা। বামেরাতো এইসব ভাতা দেওয়াকে নিয়ে কড়া আক্রমণ করেছেন। অথচ সেই বামেদের প্রার্থীর মুখেই এদিন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিশাল পরিকল্পনার কথা শোনা গেল। তাঁরা এই প্রকল্পকে আইনি স্বীকৃতি দিয়ে টাকার অঙ্ক ৭ গুণ বাড়ানোর প্রতিশ্রুতিও দিলেন এদিন। এটা লক্ষ্মীর ভান্ডারের একরকম প্রশংসাই বটে।
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের তরফে এবারে প্রার্থী করা হয়েছে তরুণ দেবরাজ বর্মনকে। দেবরাজ বর্মন জলপাইগুড়ির মহামায়া পাড়ার বাসিন্দা। জেলার যুব সংগঠনের নেতা। জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজের সাধারণ সম্পাদক ছিলেন দেবরাজ। এখন সাহুডাঙ্গি হাইস্কুলের শিক্ষক। যেহেতু জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে শিলিগুড়ি পুরনিগমের ১৪টি ওয়ার্ড রয়েছে। তাই এদিন শিলিগুড়িতে প্রচারে এসেছিলেন। সেই প্রচারের সময় সংবাদমাধ্যমের নানা প্রশ্নে উত্তর দিতে দিতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এমন মন্তব্য করেন।

Leave the first comment